বিশ্বকাপের সেরা একাদশ
সালাউদ্দিনের দলগোলকিপারইকার ক্যাসিয়াস [স্পেন]: পোস্টের নিচে ইকার ক্যাসিয়াস সেরা পছন্দ। ওর প্রথম আন্তর্জাতিক ম্যাচটা আমি দেখেছি। এর পর থেকে প্রতিদিনই উন্নতি করছে স্প্যানিশ গোলরক্ষক। দারুণ সব সেভ করেছে এই বিশ্বকাপে। ক্যাসিয়াস মানেই নির্ভরতা। আমি তাকে দলে রেখে নির্ভারই থাকতে চাই। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন এই বিশ্বকাপটা মাত্র ৪৫ মিনিট খেলেছে। সেই হতে পারত ক্যাসিয়াসের মূল প্রতিদ্বন্দ্বী। বদলি হিসেবে রাখব হল্যান্ডের গোলকিপার স্টেকেলেনবার্গকে। ডিফেন্ডারলুসিও [ব্রাজিল]: একই সঙ্গে রক্ষণ আর আক্রমণ—এই দুটি বৈশিষ্ট্য ব্রাজিল স্টপারকে আলাদা করে চেনাচ্ছে। ওর সবচেয়ে বড় গুণ, আক্রমণে ওঠার পর দ্রুতই জায়গায় ফিরে যায়। ব্রাজিলের মতো দলের অধিনায়ক হওয়া এমনিতেই ভীষণ চাপের। কিন্তু ওর খেলায় সেই চাপের ছাপ দেখিনি। এটাই তো একজন ডিফেন্ডারের অন্যতম গুণ। কখনো কখনো মিডফিল্ডারের কাজও করে।কার্লোস পুয়োল [স্পেন]: প্রতিপক্ষ ফরোয়ার্ডদের আটকানোর কাজটা পুয়োলোর চেয়ে আর কে ভালো পারে! একজন পরিপূর্ণ ডিফেন্ডারের সব গুণই নির্ভরতার প্রতীক করে তুলেছে এই স্প্যানিয়ার্ডকে। লুসিওর সঙ্গে ওর জুটিটা রক্ষণ জমাট রাখবে। তা ছাড়া বার্সেলোনার মতো ক্লাবের অধিনায়ক হিসেবে অনেক দিন ধরে খেলছে। এটাও ওর বাড়তি গুণ। স্পেনের অধিনায়ক হয়তো সে নয়, কিন্তু আর্মব্যান্ড না থাকলেও নিজে থেকে দায়িত্ব নিয়ে সতীর্থদের উজ্জীবিত রাখার কাজটি করে সব সময়। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দেখিয়ে দিয়েছে, দলের জন্য সে কতটা নিবেদিত। ফিলিপ লাম [জার্মানি]: স্পেনের সার্জিও রামোসও আমার খুব পছন্দের। এই বিশ্বকাপে খেলছেও দারুণ। কিন্তু শেষ পর্যন্ত অঙ্ক কষে আমি বেছে নিলাম জার্মানির অধিনায়ক ফিলিপ লামকেই। ডিফেন্ডারের মূল দায়িত্ব গোল বাঁচানো, সেটি সে প্রতিটি ম্যাচেই করেছে। আক্রমণেও উঠেছে। রামোসও আক্রমণে ওঠে সারাক্ষণ, কিন্তু রক্ষণকাজে রামোসের তুলনায় লামই এগিয়ে। লাম ওঠানামা করবে, গোলও বাঁচাবে। রামোস থাকছে লামের বিকল্প।জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট [হল্যান্ড]: লেফটব্যাক কাকে নেব? তেমন কাউকে দেখছিই না। তার পরও একজনকে নিতেই হবে এবং সেই একজন হল্যান্ড অধিনায়ক জিওভানি ব্রঙ্কহর্স্ট। ১০৫টা আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেও এখনো বল দখলের লড়াইয়ে তাকে হারানো কঠিন। রক্ষণের গভীরতা বাড়াবে তার উপস্থিতি। প্রয়োজনে ওপরেও যাবে। সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ৩৫ গজ দূর থেকে করা ব্রঙ্কহর্স্টের গোলটা ভোলার নয়।মিডফিল্ডারআন্দ্রেস ইনিয়েস্তা [স্পেন]: আন্দ্রেস ইনিয়েস্তা থাকলে অন্য কারও কথা ভাবারই দরকার নেই। আজকের দিনে সবচেয়ে সেরা এবং নিখুঁত পাস দেওয়ার ক্ষমতা এই স্প্যানিয়ার্ডেরই বেশি। স্পেনের মাঝমাঠ বিশ্বসেরা বলা হচ্ছে তো ইনিয়েস্তার মতো একজন আছে বলেই। সব পজিশনেই খেলতে পারে ইনিয়েস্তা। তবে আমি তাকে লেফট উইংয়ে রাখব, বক্সে নিখুঁত সব ক্রস তোলার জন্য।ওয়েসলি স্নাইডার [হল্যান্ড]: মাঝমাঠ যদি একটা দলের মেরুদণ্ড হয়, তাহলে সেটির অবিচ্ছেদ্য অংশ স্নাইডার। বল নিয়ন্ত্রণ, বল ছাড়া, সবই দারুণ । প্রতিপক্ষ ডিফেন্ডারদের তটস্থ রাখে। গোল করার সহজাত ক্ষমতা আছে। তবে আমার দলের চারজনই অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে যাওয়ায় স্নাইডারকে রাখব রাইট উইংয়ে। বিকল্প থাকবে স্পেনের জাবি আলোনসো। লিওনেল মেসি [আর্জেন্টিনা]: মেসি তো থাকবেই। ওর তুলনা ও নিজেই। ফুটবল দলগত খেলা হলেও ব্যক্তিগত নৈপুণ্যও দরকার। সেই নৈপুণ্য দিয়ে মেসি দলকে জেতাবে। গোল করবে, গোল করাবে। সুনির্দিষ্ট দায়িত্ব দেব না মেসিকে। প্রতিভার ঝলক দেখাতে ওর চাই নিজের মতো করে খেলার স্বাধীনতা।কাকা [ব্রাজিল]: কাকাকে সেরা একাদশে নিতে চাইবেন না অনেকেই। প্রত্যাশামতো জ্বলে উঠতে না পারাই এর কারণ। কিন্তু কাকা আসল কাজটা তো করে দিয়েছে। ব্রাজিলের ষাট ভাগ গোলই ওর তৈরি করা। খেলাটা চোখে পড়বে না, কিন্তু ডিফেন্স-চেরা একটা-দুটো পাস থাকবেই—একজন মিডফিল্ডার এটুকু করলেই তো হয়ে যায়। ওটাই চাইব বলে কাকাকে নিচ্ছি। স্ট্রাইকারডিয়েগো ফোরলান [উরুগুয়ে]: দূরপাল্লার শটে গোল করে মুগ্ধ করেছে বলেই শুধু নয়, ডিয়েগো ফোরলানের গোলের চোখটা খুবই তীক্ষ। যেকোনো জায়গা থেকে গোলে শট নেওয়ার অসাধারণ ক্ষমতা রাখে। স্ট্রাইকারদের এই গুণটা থাকতেই হয়। মেসিকে একটু পেছনে রাখলে তাই কোনো সমস্যা হবে না আমার দলে। আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব ভালো ফোরলানের।ডেভিড ভিয়া [স্পেন]: স্পেনের ডেভিড ভিয়াকে নিয়ে বিশ্বকাপের আগে থেকেই বলে আসছি। পরিপূর্ণ স্ট্রাইকার। যার প্রমাণ দলের প্রয়োজনে উইংয়ে খেলেও গোল পেয়েছে। স্পেন যে ফাইনালে এসেছে সেটার পেছনে ভিয়ার অবদান অনেক। স্পেনের ৭ গোলের ৫টি তো করেছেই, সেই গোলগুলোও এমন সময়, যখন দলের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিলি গোলরক্ষককে সামনে এগিয়ে আসতে দেখে বলটা যেভাবে চিপ করে পাঠিয়ে দিল জালে, এখনো চোখে লেগে আছে আমার। এই মুহূর্তে ভিয়াই সবচেয়ে ধারাবাহিক।টিপুর দলগোলকিপারইকার ক্যাসিয়াস [স্পেন]: পজিশন-জ্ঞান এবং রিফ্লেক্সে এখনো অনন্য। স্পেন-অধিনায়কের সবচেয়ে বড় গুণ ধারাবাহিকতা। প্রথম ম্যাচে ভুল করে সমালোচিত হয়েছে ক্যাসিয়াস, কিন্তু সেটি ব্যতিক্রমই। খুব আত্মবিশ্বাসী, ভুলও খুব কম। ক্যাসিয়াসের কাছাকাছি অনেকেই আছে, কিন্তু আমার দলে প্রথম পছন্দ ক্যাসিয়াসই। জার্মানির ম্যানুয়েল নয়্যার থাকবে রিজার্ভ গোলরক্ষক হিসেবে। এই তরুণও বেশ আত্মবিশ্বাসী। একটু অপরিণত, তবে চোখে পড়ার মতো ভুল করেনি। করেছে অসাধারণ সব সেভ। ডিফেন্ডারলুসিও [ব্রাজিল]: আস্থার সঙ্গে রক্ষণ সামলায়। প্রয়োজনে লিবেরো হয়ে ওপরে ওঠে। সময়মতো চলে আসে রক্ষণে। বোঝাই যায় না, রক্ষণে জায়গা খালি করে ওপরে গিয়েছে। উচ্চতা, সাহস, বল নিয়ন্ত্রণে দক্ষতা—এক কথায় লুসিও অপ্রতিদ্বন্দ্বী। কার্লোস পুয়োল [স্পেন]: সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে পুয়োলের ওপর দায়িত্ব দিয়ে নির্ভার থাকা যায়। ওঠানামা করে। আর কথা বলে সতীর্থদের পুরোটা সময় উদ্দীপ্ত রাখে। ক্যামেরা ধরলেই দেখা যায় পুয়োল কিছু না কিছু বলছে সতীর্থদের। পুয়োলের বদলি হিসেবে স্পেন দলেই তার সতীর্থ জেরার্ড পিকেকে রাখব।ফিলিপ লাম [জার্মানি]: জার্মানির অধিনায়ক ফিলিপ লাম সেরা পছন্দ। স্পেনের সার্জিও রামোস ও ব্রাজিলের মাইকনকে বাদ দিয়ে তাকে নিলাম, কারণ ওই দুজনের মতো তারকাখ্যাতি না থাকলেও লাম রক্ষণকাজে খুব দৃঢ়। রামোস-মাইকনরা গোলে শট নিলেও লাম খুব একটা নেয় না। কোচেরই হয়তো নির্দেশনা আছে। উত্তর কোরিয়ার বিপক্ষে ব্রাজিল যে গোলটা খেল, মাইকন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এই ভুলগুলো লামের ছিল না। রামোসের সমস্যা সে অ্যাটাকিং থার্ডে ঢুকে প্রচুর ভুল পাস দিয়েছে। জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট [হল্যান্ড]: হল্যান্ড অধিনায়ক ব্রঙ্কহর্স্টকে রাখছি। সেমিফাইনালে দূরপাল্লার শটে অসাধারণ গোল করেছে। দারুণ এক ডিফেন্ডার সে। অনেকটা লামের মতো, বোঝা যায় না মাঠে কী করছে! নাম-ডাক নেই তো, তাই...। আসলে নাম তো বেশি আলোচিত মিডফিল্ডার-ফরোয়ার্ডদের। ব্রঙ্কহর্স্টরা যে কী করছে সেটা চোখে কমই আসে। বদলি হিসেবে রাখব চিলির লেফট ব্যাক ভিদালকে। মিডফিল্ডারলিওনেল মেসি [আর্জেন্টিনা]: চার মিডফিল্ডারের প্রথম জন অবশ্যই মেসি। আর্জেন্টাইন তারকা আমার দলের প্লে-মেকার। নির্দিষ্ট কাজ তাকে দেব না। মেসি খেলবে মুক্ত হয়ে। তার কাছ থেকে চাইব বুদ্ধিদীপ্ত পাস। ডিফেন্স-চেরা পাস বা সেটপিচগুলোতে অবদান রাখবে মেসি। যখন আক্রমণে যাবে, তখন যে-ই তার সঙ্গে যোগ দিক, টাইমিং মিলিয়ে পাস দেওয়ার ব্যাপারে মেসি অসাধারণ। মেসি এই কাজগুলো ঠিকঠাক করলে জয়ের ব্যাপারে চিন্তাই নেই।আন্দ্রেস ইনিয়েস্তা [স্পেন]: কঠোর পরিশ্রম করাই ইনিয়েস্তার বড় গুণ নয়, সুন্দর পাসও দলের জন্য খুব কার্যকর। আছে গোল করার ক্ষমতাও। সবচেয়ে বড় যেটি, বল পায়ে হঠাৎ টার্ন নিতে পারে ইনিয়েস্তা। যা পুরো খেলাই বদলে দেয়। একজন মিডফিল্ডারের কাছে এটাই তো চাওয়া। বাস্তিয়ান শোয়েনস্টাইগার [জার্মানি]: শক্তি, গতি, পরিশ্রম—তিনটির মিশেলে শোয়েনস্টাইগার দারুণ এক খেলোয়াড়। মাঝমাঠে একজন শিল্পী, একজন শ্রমিক, একজন হার্ড ট্যাকলার দরকার। মেসি-ইনিয়েস্তারা শিল্পী হলে শ্রমিক শোয়েনস্টাইগার। মাটিতে যা ইচ্ছে তা করতে পারলেও বাতাসে মেসি-জাভিরা হয়তো খুব ভালো নয়। তবে উচ্চতা বা শারীরিক সামর্থ্য বাতাসে বল দখলের লড়াইয়ে শোয়েনস্টাইগারকে এগিয়েই রাখে সব সময়।জাভি হার্নান্দেজ [স্পেন]: বুদ্ধিদীপ্ত পাস আর বল স্ন্যাচ করার অসাধারণ ক্ষমতা জাভির। যেটা একজন মিডফিল্ডারের অন্যতম গুণ হওয়া দরকার। ড্রিবলিং ক্ষমতাও দারুণ। এটা তার বাড়তি যোগ্যতা। জাভিকে ছাড়া আজকের দিনে কোনো সেরা একাদশ গড়া প্রায় অসম্ভবই। স্ট্রাইকারলুইস সুয়ারেজ [উরুগুয়ে]: গোলক্ষুধা আছে, জায়গামতো নিজেকে নিতে পারে। যেটা একজন স্ট্রাইকারের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত। এই ক্ষমতাটা খুব ভালো সুয়ারেজের। এ কারণেই উরুগুয়ের স্ট্রাইকারকে সেরা একাদশে নিচ্ছি। জায়গা বদল করে ডিফেন্ডারদের বিভ্রান্তও করতে পারে সুয়ারেজ। যা খুব দরকার।ডেভিড ভিয়া [স্পেন]: ভিয়ার মূল পরিচয় স্ট্রাইকার। কিন্তু বেশির ভাগ সময়ে খেলছে উইংয়ে। ফাইনালের আগে স্পেনের ৭ গোলের ৫টিই ভিয়ার। তাকে দলে নেওয়ার ব্যাখ্যা কি আর দরকার আছে! স্ট্রাইকিংয়ে বদলি হিসেবে উরুগুয়ের ডিয়েগো ফোরলানকে রাখছি।ছক: প্রতিপক্ষ কে সেটার ওপর নির্ভর করে ছক। তা ছাড়া পরিস্থিতিও সব সময় এক থাকে না। ফুটবলে এখন অনেক রকম ছকই আছে। আজকাল তো এক স্ট্রাইকারও রাখা হয়, ডিফেন্সিভ পর্দা থাকে, অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্ব দেওয়া হয় একজনকে। এবার দেখলাম অনেকে ৪-২-৩-১ ফর্মেশনে খেলাচ্ছে। তবে শেষ পর্যন্ত ৪-৪-২ ছকটাই আসলে মূল। আমিও এটাই বেছে নিচ্ছি। তবে ম্যাচের পরিস্থিতি পাল্টালে ছকও যে পাল্টাবে সেটা বোধ হয় না বলে দিলেও চলছে।অধিনায়কঅধিনায়কত্ব দিচ্ছি ক্যাসিয়াসকে। ও খুব ভালো নেতা হয়ে উঠেছে। পোস্টের নিচে দাঁড়িয়ে গোটা দলটাকে খেলাচ্ছে। এই মুহূর্তে ক্যাসিয়াসই বিশ্ব ফুটবলে সেরা অধিনায়ক। কোচপ্রথমে কার্লোস দুঙ্গার কথা ভাবলেও শেষ পর্যন্ত ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনা দলে থাকা মানে খেলোয়াড়েরা বাড়তি প্রেরণা পাবে। নিজের বা দলের জন্য যতটা খেলবে, তার চেয়ে বেশি খেলবে ম্যারাডোনার জন্য। ম্যারাডোনার ট্যাকটিকস-জ্ঞান নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। সেটা জার্মানি ম্যাচের কারণে। এ বছর এর আগের নয়টি ম্যাচই কিন্তু জিতেছে আর্জেন্টিনা। বাছাইপর্বের তুলনায় ম্যারাডোনা দলটাকে গুছিয়ে এনেছিলেন অনেকটাই। ছক: ৪-৪-২ ছকেই দল সাজাব। সব কোচই এখন আসলে ৪-৪-২ মাথায় রেখে দল গড়েন। এর মধ্যেই ইম্প্রোভাইজেশন হয়। আলাদা করে ডিফেন্সিভ মিডফিল্ডার বা অ্যাটকিং মিডফিল্ডার হিসেবে কাউকে দায়িত্ব দিইনি এ জন্যই। সেটি দিতে হলে ডিফেন্সিভ মিডফিল্ডার শোয়েনস্টাইগার, মেসি অ্যাটাকিং মিডফিল্ডার। তবে যত যাই হোক, পরিকল্পনাটা প্রতিপক্ষ ও পরিস্থিতি দেখে করতে হবে। বড় জয় দরকার হলে আক্রমণে অবশ্যই তেভেজকে নেব। ড্র চাইলে একাদশ অন্য রকম হয়ে যাবে।কোচভিসেন্তে দেল বস্ক। পিতৃসুলভ একটা ব্যাপার আছে তাঁর। ছেলেমানুষি নেই, হা-হুতাশও কম। আমার তো ধারণা, এই দল নিয়ে খুবই ভালো করবেন বস্ক। বিবেচনায় নিয়েছিলাম তরুণ দল নিয়েও এবার বিশ্বকাপে সাড়া ফেলা জার্মানির জোয়াকিম লোকে, কিন্তু আমার একাদশে স্প্যানিয়ার্ড খেলোয়াড় বেশি হওয়ায় কোচ হিসেবে স্পেনের কোচকেই বেছে নিচ্ছি।অধিনায়কমাঠে সতীর্থদের সঙ্গে যোগাযোগটা বেশি রাখে পুয়োল। এ কারণে তাকেই অধিনায়কত্ব দেব। এই একাদশে ৫ জনই স্প্যানিয়ার্ড। পুয়োলকে অধিনায়কত্ব দেওয়ার এটাও একটা কারণ। লুসিওকেও বিবেচনায় রাখব।