বিশ্বকাপের হ্যাটট্রিক

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৪৮ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্টডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকবে। আজ থাকবে ‘৪৮’ সংখ্যাটি নিয়ে—
বিশ্বকাপের ১৮টি আসরে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে ৪৮টি। এক আসরে সবচেয়ে বেশি আটটি হ্যাটট্রিক হয়েছে ১৯৫৪ সালের বিশ্বকাপে। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ ছিল হ্যাটট্রিক-বঞ্চিত। এ ছাড়া বাকি ১৭টি আসরেই অন্তত একটি করে হ্যাটট্রিক দেখেছে ফুটবল বিশ্বকাপ।
বিশ্বকাপে দুটি করে হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব দেখিয়েছেন মাত্র চারজন ফুটবলার। হাঙ্গেরির সান্দোর কোসিস (১৯৫৪), ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮), জার্মানির জার্ড মুলার (১৯৭০) ও আর্জেন্টিনার গাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টাইন এই গোলমেশিন একদিক দিয়ে পেছনে ফেলেছেন সবাইকেই। তিনি দুটি হ্যাটট্রিক করেছেন দুটি ভিন্ন আসরে—১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে।
বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক হয়েছে মাত্র একবার। ১৯৬৬ সালে জিওফ হার্স্টের সেই হ্যাটট্রিকে ভর করেই একমাত্র শিরোপাটি জিতেছিল ইংল্যান্ড।
বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডটি আছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ সালে বিশ্বকাপের সেমিফাইনালে সেই হ্যাটট্রিকটি করার সময় পেলের বয়স ছিল ১৭ বছর ২৪৪ দিন।
রাশিয়ার স্ট্রাইকার ওলেগ সালেনকো ১৯৯৪ সালে ক্যামেরুনের বিপক্ষে এক ম্যাচেই করেছিলেন পাঁচটি গোল। বিশ্বকাপে এমন ঘটনা এই একবারই ঘটেছে।
বিশ্বকাপে ‘৪৮’ সংখ্যাটি আর্জেন্টিনার নামের সঙ্গেও জড়িয়ে আছে। ১৯৩০ সালে আয়োজিত প্রথম বিশ্বকাপের ফাইনালেই খেলেছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয় ফাইনালটি খেলতে তাদের ৪৮ বছর অপেক্ষা করতে হয়। ১৯৭৮ বিশ্বকাপে আবার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এটাই সবচেয়ে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড।