বিশ্বকাপের ১০ প্রশ্ন
শিরোপা জিতবে কোন দল, কে জিতবেন গোল্ডেন বল, গোল্ডেন বুটই বা মিলবে কার...কত জিজ্ঞাসা। ১১ জুলাই মিলে যাবে সব উত্তর। এবারের বিশ্বকাপ উত্তর দিয়ে দেবে আরও কিছু প্রশ্নের। এমন দশটি প্রশ্ন নিয়ে এই ফিচারমেসি পারবেন? এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারটির নাম নিয়ে কারও মধ্যে কোনো দ্বিমত নেই। ম্যারাডোনাও মানছেন, তাঁকে ছাড়িয়ে যাওয়ার যোগ্যতা ভালোমতোই আছে লিওনেল মেসির। কিন্তু মেসি সেই আস্থার প্রতিদান কি আদৌ দিতে পারবেন? বার্সেলোনার আগুন ঝরানো ফর্ম জাতীয় দলে এলেই কেমন যেন নিভে যায়। কেউ বলছেন, ১২ বছর বয়সে দেশ ছেড়ে যাওয়ায় নিজেকে শতভাগ আর্জেন্টাইন ভাবতে পারেন না মেসি। তাই এই দশা। কেউ বলছেন, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তার মতো বার্সা সতীর্থ জাতীয় দলে থাকলে মেসিও জ্বলে উঠতে পারতেন। আবার ম্যারাডোনার ঘাড়েও দোষ চাপাচ্ছেন কেউ কেউ। কারণ যেটাই হোক, এবারের বিশ্বকাপ মেসির জন্য অগ্নিপরীক্ষার অন্য নাম।দক্ষিণ আফ্রিকা কতদূর?স্বাগতিকদের প্রতি বিশ্বকাপের একটা অন্য রকম দরদ আছে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি কোনো স্বাগতিকই। এবার যে লজ্জার রেকর্ডটা দক্ষিণ আফ্রিকা করে ফেলতে পারে বলে আশঙ্কা। ব্রাজিলের অভিজ্ঞ কোচ পাহেইরা কি পারবেন এই লজ্জা এড়াতে?নতুন চ্যাম্পিয়ন?ব্রাজিল ৫ বার, ইতালি ৪, জার্মানি ৩, উরুগুয়ে আর আর্জেন্টিনা ২ বার; একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড আর ফ্রান্স। এই সাত দেশের বাইরে নতুন কোনো চ্যাম্পিয়নের দেখা কি পাওয়া যাবে এবার? স্পেনের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। সম্ভাবনা আছে হল্যান্ডেরও। পর্তুগালকে চ্যাম্পিয়ন বানাতে হলে অতিমানবীয় কিছু করে ফেলতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে।মন জিতবে দুঙ্গার দল?কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ জিতেছে। দাপটের সঙ্গে খেলেছে বাছাইপর্বে...ব্রাজিল হয়তো এবার শিরোপাও জিতবে। কিন্তু ‘জোগো বনিতো’র ধারক-বাহকেরা মানুষের মন জিতবে কি? তারকা নয়, পরিশ্রমী খেলোয়াড় দিয়ে দুঙ্গা দল সাজিয়েছেন হেক্সা জয়ের মিশনে। কিন্তু দলটার নাম ব্রাজিল, হলুদ জার্সি পরে কাকা-রবিনহোরা কি আর অসুন্দর ফুটবল খেলতে পারেন!জেগে উঠবে আফ্রিকা?নতুন শতাব্দীর আগেই বিশ্বকাপ জিতবে আফ্রিকার কোনো দেশ—পেলের এই মন্তব্যের সম্মান রাখতে পারেনি আইভরিকোস্ট-ঘানা-ক্যামেরুনের মতো সম্ভাবনাময় দলগুলো। আফ্রিকার প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে ছয় আফ্রিকান দেশ। নাইজেরিয়ার দলটা অনভিজ্ঞ। স্যামুয়েল ইতো, দিদিয়ের দ্রগবারা আছেন, কিন্তু ক্যামেরুন-আইভরিকোস্ট চ্যাম্পিয়ন হয়ে যাবে—এমন মন্তব্য করাটা দুঃসাহসিক। আলজেরিয়াও অংশ নিতে পেরেই খুশি। মাইকেল এসিয়েনকে ছাড়া কতটা সুবিধা করতে পারবে ঘানা? স্বাগতিক, কিন্তু দ্বিতীয় রাউন্ডে যাওয়াটাই হবে দক্ষিণ আফ্রিকার প্রাথমিক লক্ষ্য। আফ্রিকান চ্যাম্পিয়ন এবারও পাওয়ার সম্ভাবনা কমই। বিজ্ঞানের জয়জয়কার?ফুটবলে এখন প্রযুক্তির ব্যাপক ব্যবহার, নিজ দল কিংবা প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বিশ্লেষক সফটওয়্যার। ভিডিও ফুটেজের ব্যবহার তো হচ্ছে হরদমই। ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো থেকে শুরু করে সুইজারল্যান্ডের ওটমার হিজফেল্ড—সবার আশ্রয় এখন প্রযুক্তি। শেষ পর্যন্ত প্রযুক্তি কতটা কাজে দেয়, সেটির উত্তর পাওয়া যাবে এবার।গোল স্কোরার পাবে জার্মানি?গত আসরের গোল্ডেন বল জেতা মিরোস্লাভ ক্লোসা এবার বিবর্ণ। দলের বাকি স্ট্রাইকারদের ফর্মও খুব একটা সুবিধার নয়। ক্লোসা বায়ার্ন মিউনিখের বেঞ্চে বসেই কাটিয়েছেন গত মৌসুমের বেশির ভাগ সময়। মারিও গোমেজ গত দুই বছরে মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন। লুকাস পোডলস্কিও তথৈবচ। বুন্দেসলিগায় এবার গোল করেছেন মাত্র দুটি। জার্মানি তাই উন্মুখ হয়ে আছে একজন গোল স্কোরারের সন্ধানে।নতুন তারকা কে?এবার কে হবেন বিশ্বকাপের নতুন তারকা? প্যারাগুয়ের আর্জেন্টাইন বংশোদ্ভূত খেলোয়াড় লুকাস ব্যারিয়স, উরুগুয়ের লুইস সুয়ারেজ ও নিকোলাস লোডেইরো, ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন, ঘানার কাওডো আসামোহ ও স্যামুয়েল ইনকুম, চিলির অ্যালেক্সিস সানচেজ, দক্ষিণ কোরিয়ার লি চুং-ইয়ং, সার্বিয়ার মিলোস ক্রাসিচ, স্লোভাকিয়ার মারেক হামসিক—এঁদের মধ্য থেকেই কি বেরিয়ে আসবে আগামীর কোনো মহা তারকা?পার্থক্য গড়ে দেবে অ্যাটাকিং ফুলব্যাকরা?১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের লিলিয়াম থুরাম, ২০০৬-এর বিশ্বকাপে ইতালির ফ্যাবিও গ্রসোর মতো ফুলব্যাকরা এগিয়ে দিয়েছেন দলকে। এবারও কি কোনো ফুলব্যাক পার্থক্য গড়ে দেবেন বিশ্বকাপের মঞ্চে? ম্যারাডোনার রক্ষণভাগের খেলোয়াড়েরা পুরোদস্তুর ডিফেন্ডার। তবে ব্রাজিল, ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন—সবাই ফুলব্যাকদের আক্রমণেও ব্যবহার করছে। বাস্তোস, গ্লেন জনসন, প্যাট্রিক ইভরা, সার্জিও রামোস—নিজেদের রক্ষণ সামলে হামেশাই হামলে পড়েন প্রতিপক্ষের দুর্গেও।পোজ্জো হতে পারবেন লিপ্পি?ইতালির কোচের দায়িত্বে ছিলেন ১৯৩৪ ও ১৯৩৮-এর বিশ্বকাপে। দুবারই পেয়েছেন বিশ্বকাপের স্বাদ। সেই থেকে টানা দুবার বিশ্বকাপ জেতা একমাত্র কোচ হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন ভিত্তোরিও পোজ্জো। মার্সেলো লিপ্পির সামনে এবার পোজ্জো হওয়ার সুবর্ণ সুযোগ। জার্মানি বিশ্বকাপের স্মৃতি কি ইতালি কোচ ফিরিয়ে আনতে পারবেন দক্ষিণ আফ্রিকায়? লিপ্পির বন্ধু, ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর সামনেও আছে ইতিহাসের হাতছানি। এর আগে বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ জেতেনি কোনো দল।