বিশ্বকাপের ৭২ দিন আগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত বড় ড্রেসিংরুম! মাশরাফি বিন মুর্তজা তো প্রথম দেখায়ই মুগ্ধ, ‘লর্ডসের ডাবল হবে এখানকার ড্রেসিংরুম। বিশ্বের সবচেয়ে বড় ড্রেসিংরুম এখন এটাই...ফুটবল খেলা যাবে!’প্রাণ থাকলে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জন্য মাশরাফির প্রশংসাবাক্য সান্ত্বনা হতে পারত। নইলে স্টেডিয়ামটিতে এসে অন্তত এ মুহূর্তে কারও মন ভরার কথা নয় বরং মন খারাপই হবে। যেখানেই দাঁড়াবেন, মনে হবে বিধ্বস্ত কোনো জনপদে বুঝি এসে গেলেন!স্টেডিয়ামের এই এলোমেলো অবস্থা আসলে তুমুল নির্মাণযজ্ঞেরই পার্শ্বপ্রতিক্রিয়া। ২০১১ বিশ্বকাপের দুটি ম্যাচ এই স্টেডিয়ামে। স্টেডিয়ামে চলছে পরিবর্তন-পরিবর্ধনের কাজ। কিন্তু কবে তা শেষ হবে, শেষ হলেও কতটা সন্তোষজনক হচ্ছে কাজের মান—এসব প্রশ্ন স্টেডিয়ামের উইকেট-আউটফিল্ড বা ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ড থেকে মূল ফটক দিয়ে বেরিয়ে সাগরিকা রোড হয়ে চলে গেছে অলঙ্কার মোড় পর্যন্ত।অলঙ্কার মোড় থেকে স্টেডিয়ামের দিকে যাওয়ার রাস্তা সম্প্রসারণের কাজ সবে শুরু হয়েছে। ধুলো ওড়া পথে নাকমুখ চেপে ঢুকতে হয় স্টেডিয়ামে। নতুন ফেলা মাটি এখনো বসেনি বলে এবড়োখেবড়ো হয়ে আছে স্টেডিয়ামের বাইরের অংশের খোলা চত্বর। সেন্টারিংয়ের বাঁশ দিয়ে ঠেস দেওয়া পূর্ব দিকের দ্বিতল করা গ্যালারি। কিছু অংশ এখনো ঢালাইয়ের অপেক্ষায়।গ্র্যান্ডস্ট্যান্ডের অবিন্যস্ত প্রবেশদ্বার পেরিয়ে মাঠে ঢোকার সময় কিছুক্ষণ মসৃণ টাইলসের ওপর দিয়ে হাঁটার সুখ পাবেন। যদিও সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে এরপরই, মাঠে ঢুকে। নবনির্মিত পশ্চিম গ্যালারিতে নানা বর্ণের চেয়ার বসে গেলেও পূর্ব দিকটা দাঁড়িয়ে কঙ্কালসার চেহারা নিয়ে। লজ্জা ঢাকতে এই সিরিজে সেই ‘কঙ্কাল’ কাপড় দিয়ে ঢেকে দেওয়ার বুদ্ধি করেছে বোর্ড। গ্যালারির আয়তন বাড়লেও চেয়ার বসানোয় ধারণক্ষমতা খুব বেশি বাড়ছে না। আগে ছিল ১৪-১৫ হাজার, এখন সেটি ১৮ হাজারের মতো হবে বলে জানালেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তবে কাজ শেষ না হওয়ায় জিম্বাবুয়ে সিরিজে গ্যালারিতে বসতে পারবে সাড়ে ৫ হাজারের মতো দর্শক। সিরিজ আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী আশরাফ হোসেন এ জন্য চট্টগ্রামের দর্শকের কাছে দুঃখ প্রকাশও করলেন।তবে একটা সুখবর, ঢাকায় ফ্লাডলাইট নিয়ে কেলেঙ্কারি হলেও এই মাঠের ফ্লাডলাইট ম্যাচ আলোকিত করতে প্রস্তুত। বিসিবি শেষ পর্যন্ত চিন্তাটা বাদ দিয়েছে, নইলে জিম্বাবুয়ের আগ্রহের কারণে একপর্যায়ে সিরিজের শেষ ওয়ানডেটি ফ্লাডলাইটে খেলানোর চিন্তাভাবনা ছিল। মাঠে দাঁড়িয়ে প্রেসবক্স আর গ্র্যান্ডস্ট্যান্ডের নান্দনিক রূপ দেখেও ক্ষণিকের জন্য ভালো লাগবে যে কারও।কিন্তু যখন জানবেন গ্র্যান্ডস্ট্যান্ডের ওপরের ঢেউতোলা চাতাল মূল নকশা মেনে হয়নি, ভিআইপি গ্যালারির ওপর ১৫ ফুটের মতো চাতাল থাকার কথা থাকলেও ‘ভুলক্রমে’ সেটি এখন শুধু ছাদের ওপরটাই আচ্ছাদিত করছে—মনটা আবার খারাপ হবে। তার ওপর কাল কে একজন এসে বিরক্তি প্রকাশ করলেন, ‘লিফট কোথায় লাগিয়েছে দেখেছেন? ওখানে কেউ লিফট লাগায়!’ হসপিটালিটি বক্স আর প্রেসবক্সের সামনের কাচ নিয়েও আছে প্রশ্ন। কাচের পুরুত্ব মাত্র ৩ মিলিমিটার। স্টেডিয়ামটা সমুদ্রের খুব কাছে বলে একটু ঝোড়ো হাওয়াতেই কাচ চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা।শেষ মুহূর্তের ঝাড়া-মোছা এখনো চললেও ড্রেসিংরুম, প্রেসবক্স, হসপিটালিটি বক্স, ম্যাচ রেফারির রুম সজ্জার কাজ শেষ। বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশাবাদী, ১১ ডিসেম্বর বিশ্বকাপ ভেন্যু পর্যবেক্ষণে এসে আইসিসি প্রতিনিধিদল কাজের অগ্রগতিতে অসন্তুষ্ট হবে না, ‘গ্যালারির কাজ আগামী ১৫ জানুয়ারির মধ্যে বুঝিয়ে দেওয়ার কথা। তবে যেসব শর্ত পূরণ না করলেই নয়, সেগুলোর কাজ আইসিসি প্রতিনিধিদল আসার আগেই শেষ হবে আশা করি।’আবশ্যকীয় শর্তের মধ্যে যে মাঠ-উইকেটও আছে! বিশ্বকাপ পর্যন্ত হয়তো অবস্থার উন্নতি হবে, কিন্তু চলতি জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে এই মাঠ-উইকেট নিয়েই আলোচনাটা বেশি। বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলই বলছে, এই উইকেটে ২০০ রান করাও কঠিন। আর আউটফিল্ডের অবস্থা বুঝতে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। বড় বড় ঘাসে ঢাকা মাঠটিতে পা দিলেই বোঝা যায় এতে বলের গতি খুব মন্থর হবে। কিউরেটর অবশ্য দাবি করলেন, ‘ছয় বছর ধরেই তো এখানকার আউটফিল্ড এ রকম...!’ কিন্তু মাঠের সেই সবুজ রংটা উধাও কেন? জানা গেছে, স্টেডিয়ামে এত দিন পানির সংযোগ না থাকায় যে বিকল্প পানি দিয়ে মাঠ ভেজানোর কাজ হয়েছে, সেটা ছিল লবণাক্ত। আর ওই লবণের তেজেই মাঠের ঘাস গেছে মরে। ‘সবুজ’ মাঠের জায়গায় জায়গায় তাই ধূসর ক্ষতচিহ্ন।এই হলো ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বর্তমান চেহারা। আশার কথা একটাই—এটা বাংলাদেশ। এখানে শেষ মুহূর্তেও অনেক কাজ হয়ে যায়, বিশ্বকাপের তো বাকি ৭২ দিন!