বিশ্বকাপের ‘অন্ধকার’ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটা সামান্য বৈদ্যুতিক বাতি বদলাতেও আইসিসির অন্তত পাঁচজন কর্মকর্তার একটা কমিটি লাগে। কমিটি কাজ শুরু করার পর নানা রকম আলাপ-আলোচনা, মতবিনিময় শুরু করবে। প্রত্যেকেই নিজের “মহামূল্যবান”, “অভিজ্ঞ” মতামত দিবে। কিন্তু কেউই বাতি বদলানোর নির্দেশিকাটা পড়ে দেখবে না। এবং মজার ব্যাপার হলো শেষ পর্যন্ত সামান্য ওই বাতিটা বদলাতে গিয়ে তারা শর্ট সার্কিট করে পুরো বাড়িতেই অন্ধকার নামিয়ে আনবে।’ আইসিসি কর্মকর্তাদের কাণ্ডজ্ঞান নিয়ে এ রসিকতাটা করেছিলেন ক্রিকইনফোর সম্পাদক অ্যান্ড্রু মিলার। রসিকতাটা শুনতে যতই হালকা লাগুক, ২০০৭ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটায় সত্যিই আইসিসি কর্মকর্তাদের এ ধরনের আচরণের পরিচয় পেয়েছিল সবাই। সত্যি সত্যিই ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল আয়োজকদের চরম অব্যবস্থাপনায়। বিশ্বকাপ ফাইনালের মতো একটা ম্যাচে সেদিন আক্ষরিক অর্থেই অন্ধকার নামিয়ে এনেছিলেন আইসিসি কর্মকর্তারা।২৮ এপ্রিল, ২০০৭। সকাল থেকেই সেদিন বার্বাডোজের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার দুই অধিনায়ক টস করতে নামার আগেই কয়েকবার হানা দিয়েছিল বৃষ্টি। টসটা কোনোমতে করে ফেলা গেলেও আবার শুরু হয় বৃষ্টির উত্পাত। বারবার করে পেছানো হতে থাকল খেলা শুরুর সময়। শেষ পর্যন্ত খেলার দৈর্ঘ্য কমিয়ে ফেলা হয় ১২ ওভার। তা ছাড়া কিছুক্ষণ পর যে আবার বৃষ্টি শুরু হতে পারে, এ ব্যাপারে অনেকটা নিশ্চিতই ছিলেন আবহাওয়াবিদেরা। এত এত বিপত্তি সত্ত্বেও বিশ্বকাপ ফাইনালের মতো একটা ম্যাচ এভাবে বৃষ্টির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে কেন, এ নিয়ে সে সময়ই প্রশ্ন তুলেছিল অনেকে।যা-ই হোক, শেষ পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত ওভারের (৩৮) ফাইনালটা খেলতে মাঠে নামলেন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকলেন দুই অসি ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট আর ম্যাথু হেইডেন। গিলক্রিস্ট খেললেন তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি। ১৩টি চার আর আটটি ছয়ে সাজানো ১৪৯ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন মাত্র ১০৪ বলে। গিলক্রিস্টের এই ঝোড়ো ইনিংসটির ওপর ভর করে নির্ধারিত ৩৮ ওভারে ২৮১ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।২৮২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই ব্রাকেনের শিকারে পরিণত হয়ে ফিরে যান উপুল থারাঙ্গা। কিন্তু দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলে ভালো অবস্থান তৈরি করেন জয়সুরিয়া আর সাঙ্গাকারা। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২৮২ রান পর্যন্ত পৌঁছাতে পারবে কি না, এই হিসাব করা বাদ দিলেন ধারাভাষ্যকারেরা। সবাই হিসাব করতে লাগল এ মুহূর্তেই খেলা বন্ধ হয়ে গেলে জেতার জন্য শ্রীলঙ্কার স্কোর কত থাকা উচিত। কারণ, সেদিন কেনসিংটনের আকাশে সব সময়ই ছিল মেঘের আনাগোনা। সর্বোপরি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। সেই আশঙ্কাটাই সত্যি হয়ে দেখা দিল শ্রীলঙ্কান ইনিংসের ২৫তম ওভারে। লঙ্কানদের সংগ্রহ তখন তিন উইকেটে ১৪৯ রান। বৃষ্টির মধ্যেই দুই-তিন বল খেলা চলার পর আবার মাঠ ছাড়লেন সবাই। বেশ কিছু সময় বন্ধ থাকার পর আবার খেলা গড়ালো মাঠে। ততক্ষণে দর্শকদের দুয়োধ্বনিতে প্রকম্পিত হতে শুরু করেছে কেনসিংটন স্টেডিয়াম। কেউই কোনো ধারণা করতে পারছিল না, শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে ম্যাচের পরিণতি। খেলা কি এখানেই শেষ করে দেওয়া হবে, নাকি ওভার কমিয়ে নতুন টার্গেট নির্ধারণ করা হবে। অনেক ধরনের বিভ্রান্তি ছড়ানোর পর অবশেষে নতুন টার্গেট নির্ধারিত হলো ৩৬ ওভারে ২৬৯ রান। আবারও ‘অসম্ভবের’ পেছনে ছুটতে লাগলেন লঙ্কান ব্যাটসম্যানরা। মূল বিপত্তিটা বাধল ৩৩তম ওভার শেষে। এমন অন্ধকার ঘনিয়ে এল যে ঠিকমতো বল দেখতে পাওয়াও কঠিন হয়ে গেল। সাধারণত এমন পরিবেশকে আমরা রাত বলেই চিহ্নিত করি। খেলা চালানো হবে, নাকি এখানেই বন্ধ করে দিয়ে পরের দিন রিজার্ভ ডেতে নতুন করে শুরু হবে, এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলেন আম্পায়াররা। লজ্জিত-বিব্রত স্টিভ বাকনার সব সিদ্ধান্ত ছেড়ে দিলেন আলিম দারের ওপর। ওদিকে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় নিশ্চিত জেনে টানা তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনও শুরু করে দিয়েছেন রিকি পন্টিংরা। বেশ কিছুক্ষণ পর আবারও বাকি তিন ওভার খেলা চালানোর সিদ্ধান্ত নিলেন ম্যাচ রেফারি ও আইসিসি কর্তৃপক্ষ। আলো-আঁধারির এক বিভীষিকাময় পরিস্থিতিতে আন্দাজের ওপর ব্যাট করতে লাগলেন লঙ্কান ব্যাটসম্যানরা। আয়োজকেরা যেকোনো উপায়ে আজকেই খেলার ফল নির্ধারণ করবে, এটা জানার পর কোনোমতে শেষ তিন ওভার ব্যাট করে আনুষ্ঠানিকতা রক্ষা করতে হলো শ্রীলঙ্কাকে। অস্ট্রেলিয়া পেল ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৩ রানের জয়। পন্টিং বাহিনী নিল টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ।২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। নিঃসন্দেহে তারা ছিল সেবারের প্রধান ফেভারিট এবং শিরোপার যোগ্য দাবিদার। কিন্তু বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা যেভাবে শেষ হলো, এটা বোধহয় কারোরই কাঙ্ক্ষিত ছিল না। আইসিসিও পরে তাদের এই লজ্জাজনক অধ্যায়টার কথা স্বীকার করে নিয়েছিল। নিষিদ্ধ করেছিল সেদিনের ম্যাচ পরিচালনাকারী পাঁচ কর্মকর্তাকে। এ তালিকায় ছিলেন মাঠের দুই আম্পায়ার আলিম দার ও স্টিভ বাকনার, রিজার্ভ আম্পায়ার রুডি কোয়ার্টজেন ও বিলি বাউডেন। এবং অবশ্যই ম্যাচ রেফারি জেফ ক্রো।