বিশ্বকাপের 'বুড়ো' অধিনায়ক

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৪০ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকবে। আজ থাকবে ‘৪০’ সংখ্যাটি নিয়ে—
১৯৮৬ সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার সেই কুখ্যাত ‘হ্যান্ড অব গড’ কীর্তিটি সবচেয়ে কাছ থেকে দেখেছিলেন পিটার শিলটন। ইংলিশ এই গোলরক্ষককে ফাঁকি দিয়েই হাত ছুঁইয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো শিরোপা না জিতলেও এই একটি ম্যাচের জন্যই বারবার উচ্চারিত হয়েছে শিলটনের নাম। বিশ্বকাপের ইতিহাসে শিলটন অবশ্য স্মরণীয় হয়ে আছেন আরও একটি কারণে। তিনিই যে বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ অধিনায়ক।
১৯৯০ সালের বিশ্বকাপে শিলটন যখন ইংল্যান্ডের শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তখন তাঁর বয়স হয়েছিল ৪০ বছর ২৯২ দিন। শিলটনের নেতৃত্বে সেবারের বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের জার্সি গায়ে সবচেয়ে বেশি ১২৫টি ম্যাচ খেলার রেকর্ডও আছে শিলটনের দখলে।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার কাছে নাস্তানাবুদ হতে হলেও বিশ্বকাপের সর্বোচ্চ ১০টি ম্যাচে গোল হজম না করার রেকর্ডটির পাশেও আছে শিলটনের নাম। ফ্রান্সের গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেজও এই রেকর্ডের ভাগীদার।
বিশ্বকাপের সফল বুড়ো অধিনায়কও ছিলেন একজন গোলরক্ষক। ১৯৮২ সালে ইতালির গোলরক্ষক দিনো জফ যখন বিশ্বকাপ শিরোপা হাতে নিয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ৪০ বছর ১৩৩ দিন।