বিশ্বকাপের ‘হলুদ’ ফাইনাল
আন্দ্রেস ইনিয়েস্তার গোলে হল্যান্ডকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপের শিরোপার মালিকানা এখন স্পেনের। যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ স্পেনের বিশ্বকাপ সাফল্যকে কলঙ্কিত করার স্পর্ধা কারো থাকতে পারে না। কিন্তু বিশ্বকাপের ফাইনালে ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েবের ‘পারফরম্যান্স’ এরই মধ্যে সবকিছুকে ছাপিয়ে হয়ে উঠেছে আলোচনার মূল বিষয়। তাঁর রেফারিং পেছনে ফেলেছে বিজয়ী স্প্যানিশ দলের সব ক্রীড়াশৈলীকে, এমনকি কখনো কখনো ইনিয়েস্তার সেই বিশ্বজয়ী গোলটিকেও। এক ম্যাচে ১৪টি হলুদ কার্ড। এক হল্যান্ডেই আটজন দেখেছেন এই রংটি। জন হেইটিঙ্গা তো দেখে ফেললেন লালকার্ডই। ১০৯ মিনিট স্পেনের বিপক্ষে দুরন্ত লড়াই করা হল্যান্ড হেইটিঙ্গার লালকার্ডেই ছিটকে পড়ল ম্যাচ থেকে। হেইটিঙ্গার বহিষ্কারে ডাচ রক্ষণে যে বিরাট ফাঁক তৈরি হয়ে গেল, সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েই স্পেন এখন ফুটবলের নতুন বিশ্বচ্যাম্পিয়ন।ফাইনালের রেফারি হাওয়ার্ড ওয়েবকে নিয়ে আপত্তিটা প্রথম জানিয়েছিল বিশ্বজয়ী স্পেনই। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রতিযোগিতার প্রথম ম্যাচেই তাদের পরাজয়ের জন্য দলটি দায়ী করে টেকো মাথার এই ইংরেজ রেফারিকেই। স্প্যানিশ খেলোয়াড়েরা, এমনকি কোচ ভিসেন্তে দেল বস্কও ম্যাচের পরে পরাজয়ের কারণ হিসেবে অভিযোগের আঙুল তুলেছিলেন এই ওয়েবের দিকেই। কিন্তু ফাইনালে ওয়েবের ভুল সিদ্ধান্ত খেলাটির সৌন্দর্যকেই ম্লান করে দিয়েছে। রেফারির ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফাইনালে সেই ভাগ্যবরণ করতে হয়েছে হল্যান্ডকে। কেউ যদি আবার মনে করেন, রেফারির ভুল সিদ্ধান্তের বেনিফিশিয়ারি হয়ে স্পেন কাপ জিতেছে, তাতে কিন্তু দলটির প্রতি অবিচারই করা হবে। বিশ্বকাপের প্রথম থেকেই সুন্দর ফুটবলের প্রদর্শনী স্পেনকে বানিয়েছিল বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার।এবারের বিশ্বকাপে মাঠের লড়াইকে পেছনে ফেলে অনেক ক্ষেত্রেই মুখ্য হয়ে উঠেছে রেফারিং নিয়ে আলোচনা। অনেকে বলছেন, এত বাজে রেফারিং নাকি আগে কখনো দেখেনি বিশ্বকাপ। দিনকে রাত করে দেওয়া সব সিদ্ধান্তের কারণে ফুটবলে প্রযুক্তির ব্যবহার শুরু করার দাবি বেশ জোরেশোরেই উঠে গেছে। কিন্তু কাল ওয়েব যেসব ভুলগুলো করলেন, সেগুলো প্রযুক্তির ব্যবহার না থাকার কারণে হয়েছে বললে খুব অন্যায় করা হবে। নিজের পুলিশি অতীতের ‘শিকার’ হয়েই তিনি এই ভুলগুলো করেছেন—এই কথা বলতে খুব বড় ফুটবল বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না।হল্যান্ডের কোচ বার্ট ফন মারউইক নিখাঁদ একজন ভদ্রলোক। মাঠে অনেকবারই রেফারি হাওয়ার্ডের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করলেও ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে যখন তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করা হলো তিনি সরাসরি ওয়েবকে দোষারোপ না করে ভাগ্যকে দোষারোপ করলেন। তবে রেফারি সম্পর্কে তিনি বলেছেন, ‘ফাইনালের মতো ম্যাচে রেফারি খেলাটিকে ঠিকভাবে পরিচালনা করতে পারেননি।’১০৯ মিনিটের সময় জন হেইটিঙ্গাকে লঘু পাপে গুরু দণ্ড দিলেন রেফারি ওয়েব। হল্যান্ড হয়ে পড়ল ১০ জনের দলে। কিন্তু দ্বিতীয়ার্ধে স্পেনের কার্লোস পুয়োল যখন আরিয়েন রোবেনকে ডি-বক্সের সামনে রীতিমতো টেনে হিঁচড়ে ফেলে দিতে চাইলেন, রেফারি ওয়েব সেটা দেখেও না দেখার ভান করলেন। পুয়োলকে লাল কার্ড দেওয়াতো দূরের কথা ফ্রি-কিক পর্যন্ত পেলো না হল্যান্ড। এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো রোবেনকে দেখিয়ে দিলেন হলুদ কার্ড। হেইটিঙ্গার লাল কার্ড ও পুয়োলের বিপক্ষে ফাউল না ধরা—ওয়েবের এই দুটি সিদ্ধান্ত বিশ্লেষণ করার পর ওয়েবের রেফারিং প্রশ্নে আপনার মনে অনেক কিছুই আসতে পারে।প্রথমার্ধে ডি জংয়ের কুংফু স্টাইলে জাবি আলোনসোর বুকে লাথি দেওয়ার ব্যাপারটিতেই আসা যাক। আন্তর্জাতিক অঙ্গন দূরে থাকুক, যেকোনো পাড়া-মহল্লার ফুটবলেও এ ধরনের ব্যাপার ঘটে না। ডি জং আলোনসোকে এমনভাবে লাথিটা মেরেছিলেন, এতে ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ারও আশঙ্কা ছিল। কিন্তু রেফারি ওয়েব কী করলেন? ডি জংকে কেবল একটা হলুদ কার্ড দেখিয়েই ছেড়ে দিলেন। হেইটিঙ্গারের অমন নিরীহ ফাউলে যদি লাল কার্ড হয়, তাহলে বলতে ডি জংয়ের ব্যাপারে রেফারির সিদ্ধান্তকে আপনি কি স্ববিরোধিতা বলবেন না?বিশ্বকাপের ফাইনালের মতো এত বড় একটা ম্যাচে দুই দলের খেলোয়াড়েরাই চাপে থাকবেন, এটাই স্বাভাবিক। চাপ থেকে অনেক কিছুই হতে পারে। কিন্তু রেফারি ওয়েব প্রথম থেকেই যেভাবে খেলাটিকে পরিচালনা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন, তাতে খেলোয়াড়দের ওপর চাপটাই কেবল বেড়েছে। কেউই নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেননি। বিশ্বকাপের ফাইনাল খেলাটিকে ভুলপথে পরিচালিত করার দায় রেফারিকে কিছুটা নিতেই হবে। এর পরও ফাইনালে আশ্চর্য ব্যতিক্রম ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা ও আরিয়েন রোবেন। এই দুই খেলোয়াড়ের কল্যাণেই ফাইনালটি হয়ে উঠেছিল শ্বাসরূদ্ধকর ও আনন্দময়। খেলাটি আরও উপভোগ্য হতো, মনে রাখার মতো হতো, যদি রেফারি হাওয়ার্ড ওয়েব একটু সদয় হতেন। ‘পুলিশি ব্যাটন’টাকে একটু কম ব্যবহার করতেন। একটু নরম হাতে খেলাটি পরিচালনা করতেন। রয়টার্স।