বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বোল্টের
চার বছর আগে বেইজিং অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়ে সবাইকে হতবাক করে দিয়েছিলেন উসাইন বোল্ট। এবারের লন্ডন অলিম্পিকে আবারও সেই রকম কিছু করার প্রতিশ্রুতিই দিলেন বিশ্বের এই দ্রুততম মানব। তবে কি এবার নিজের রেকর্ড নিজেই ভাঙবেন এই জ্যামাইকান অ্যাথলেট?২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার দৌড়ের দুটি প্রতিযোগিতাতেই রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। ১০০ মিটার দৌড় শেষ করতে তাঁর সময় লেগেছিল মাত্র ৯.৬৯ সেকেন্ড। আর ২০০ মিটার দৌড় শেষের সময় ছিল ১৯.৩০ সেকেন্ড। এবার হয়তো নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই লন্ডন অলিম্পিক শুরু করবেন বোল্ট। আর সে জন্য লন্ডনে বসবাসরত জ্যামাইকানদের প্রতি সমর্থন চেয়ে তিনি বলেছেন, ‘আমি জানি জ্যামাইকার অনেক মানুষ এখানে থাকে। তারা আমার দিকে তাকিয়ে আছে। আমিও তাদেরকে একটা ভালো পারফরমেন্স দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। শেষ পর্যন্ত এবারের অলিম্পিকে আমি সবাইকে তাক লাগিয়ে দিতে চাই।’ইউরোপিয়ান মৌসুমে গত বৃহস্পতিবার মাত্র ৯.৭৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে রোম ডায়মন্ড লিগ জিতেছেন বোল্ট। কিন্তু অলিম্পিকে সোনা জেতার জন্য এর চেয়েও দ্রুত দৌড়ানোর প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি সে রকমটাই চেষ্টা করব। এখন কেবল এই মৌসুমের শুরু। সবাই দৌড় শেষ করছেন ৯.৮ সেকেন্ডে। সেই জায়গায় আমার ৯.৭-টা বেশ সন্তোষজনক। আমি এই পারফরমেন্স নিয়ে খুশি। তবে আমাকে এখনো অনেক কাজ করতে হবে। আরও জোরে দৌড়াতে হবে। আর আমি সেটার জন্য প্রস্তুত আছি।’—ওয়েবসাইট