বিশ্বকে মুগ্ধ করল লন্ডন
পুরো বিশ্ব তারা একবার জয় করেছিল। তবে সেটা ছিল বন্দুক-কামানের মুখে। জবরদখল জয়। এবার ব্রিটেন বিশ্ব জয় করল। হূদয় দিয়ে! পরশু লন্ডনের চার ঘণ্টার মন মাতানো উৎসব দিয়ে লন্ডন মন জিতে নিয়েছে সবার।বিশ্বজোড়া সংবাদমাধ্যমে তাই চলছে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বন্দনা। চার বছর আগে বেইজিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে চোখ ধাঁধিয়ে গিয়েছিল পুরো বিশ্বের। বিশ্বকে দেখিয়ে দেওয়ার একটা তাদিগ ছিল চীনাদের। পরশুর অনুষ্ঠানে সেই দেখনদারি ছিল না। অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েলের পরিচালনা ও পরিকল্পনায় নির্মিত অনুষ্ঠানটি চোখ ধাঁধিয়ে দিতে চায়নি, চেয়েছে হূদয় স্পর্শ করতে। ইতালির গাজেত্তা দেল্লো স্পোর্ত লিখেছে, ‘ব্যয় বহুল আর দর্শণীয় উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যাশা পূরণ করে সম্ভবত প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।’ নিন্দুকরা বলছিল, ব্রিটিশদের ঐতিহ্য তুলে ধরতে গিয়ে এই অনুষ্ঠান হয়তো বিরক্তিকর হয়ে উঠবে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান দেখার পর ফ্রান্সের লেকিপ লিখেছে, ‘ আড়ম্বরের সঙ্গে রসবোধ মিশিয়ে ড্যানি বয়েল অ্যাথলেটদের চিরাচরিত ঐতিহ্যবাদী মাঠ প্রদক্ষিণকে আধুনিক করে তুলেছেন।’ জার্মানির বিল্ড লিখেছে, ‘ বিশাল জাঁকাল এক অনুষ্ঠান। দুর্দান্ত!’ অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল ‘অবিস্মরণীয় শুরু’, ‘হূৎস্পন্দন কেড়ে নেওয়া’। যুক্তরাষ্ট্রের স্পোর্টস ইলাস্ট্রেটেড লিখেছে, এই অনুষ্ঠান ছিল, ‘লাউড অ্যান্ড প্রাউড’। পুরো বিশ্ব যখন প্রশংসায় পঞ্চমুখ, সেখানে ব্রিটিশ সংবাদমাধ্যমের আবেগ সহজে বোধগম্য। দ্য টাইমস লিখেছে ‘দ্য গ্রেটেস্ট শো আ ফ্লাইং স্টার্ট।’ উদ্বোধনী অনুষ্ঠানে ছোট একটি অংশে অভিনয় করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেই অভিনয় আবার জেমস বন্ডের সঙ্গে! নাটকটি এমনভাবে বানানো হয়েছিল, বন্ড রানিকে হেলিকপ্টারে করে নিয়ে আসবেন অলিম্পিক স্টেডিয়ামে। এর পর স্টেডিয়ামের ওপর থেকে লাফ দিয়ে নামতে হবে। বন্ড নামতে ভয়ই পাচ্ছিলেন। কিন্তু তাঁকে চমকে দিয়ে লাফ দিয়ে নামেন রানি নিজেই! বড় পর্দায় নাটিকাটি দেখানোর পর দেখা যায় সত্যিকারের রানি আসন গ্রহণ করছেন। রানির অভিনয় দেখার পর টাইমস মুগ্ধ ও বিস্মিত। ডেইলি মিরর পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি বোঝাতে লিখেছে ‘ম্যাজ-ইকাল’। ‘জি’-এর বদলে ‘ব্যবহার করেছে ‘জে’। ‘হার ম্যাজেসটি’র সম্মানে। অনুষ্ঠানটির নাম ‘আইলস অব ওয়ান্ডার’ অনুকরণে দ্য গার্ডিয়ান লিখেছে ‘নাইট অব ওয়ান্ডার’। সান একটু ঘুরিয়ে লিখেছে ‘গোল্ডেন ওয়ান্ডার’। রানির অভিনয় প্রসঙ্গে ব্রিটিশ ট্যাবলয়েডটি শিরোনাম দিয়েছে, ‘মহামান্য রানির সিক্রেট সার্ভিস।’ নিচে উপশিরোনাম দিয়ে লিখেছে, ‘বন্ডের সঙ্গে রানির চমকে দেওয়া অভিনয় অভিষেক শুরু করল ২০১২ লন্ডন অলিম্পিক’। রানির অভিনয় প্রসঙ্গে সবচেয়ে ভালো শিরোনাম অবশ্য দিয়েছে জার্মানির ডাই ওয়েল্ট, ‘নতুন বন্ডকন্যার বয়স এখন ৮৬ বছর।’কোনো বিখ্যাত কারো বদলে সাত তরুণ অ্যাথলেটকে দিয়ে অলিম্পিক মশাল প্রজ্জ্বালন করাটাও চমকে দিয়েছে অনেককে। ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ‘লন্ডন পুরো বিশ্বকেই আলোকিত করল।’ এএফপি, রয়টার্স।