বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিদায়, দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ে ও স্লোভাকিয়া
বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। আজ জোহানেসবার্গে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইতালিকে ৩-২ গোলে পরাজিত করে স্লোভাকিয়া। এই চমত্কার বিজয়ে স্লোভাকিয়া ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে। এই গ্রুপের শীর্ষস্থান প্যারাগুয়ের। আজ অন্য ম্যাচে প্যারাগুয়ে নিউজিল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে।খেলার ২৫ মিনিটের সময় রবার্ট ভিতেকের গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। ৭৩ মিনিটের সময় ভিতেক নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন। ৮১ মিনিটের সময় ইতালির আন্তোনিও ডি নাতালে ব্যবধান কমিয়ে নিয়ে আসেন। ৮৯ মিনিটে স্লোভাকিয়ার বদলি খেলোয়াড় কামিল কোপুনেকের গোলে ৩-১ গোলে এগিয়ে যায়। উত্তেজনার মাত্রা বাড়িয়ে খেলার শেষ মিনিটে ফাবিও কুয়াগলিয়ারেল্লা গোল করে ব্যবধান কমিয়ে নিয়ে আসেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের ঘণ্টা বেজে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির।এবারের বিশ্বকাপ ফুটবলের সেরা ম্যাচটিই হয়েছে আজ। সব মিলিয়ে যোগ্যতার বিচারেই ইতালিকে টপকে দ্বিতীয় রাউন্ডে স্থান করে নিয়েছে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা স্লোভাকিয়া। খেলার শেষ ১০-১২ মিনিট বাদে ইতালির খেলা দেখে কখনই মনে হয়নি মাঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা খেলছে। তবে শেষ ১০ মিনিট ইতালি আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচটির উত্তেজনার মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়।এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে গতবারের রানার্সআপ ফ্রান্সের। আজ চ্যাম্পিয়ন ইতালির বিদায়ে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো আগের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট প্রথম রাউন্ড থেকে বিদায় নিল।ইতালির বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে কার্যত বিদায়ের ঘণ্টা বেজে গেছে অনেকেরই। কোচ মার্সেলো লিপ্পিকে বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে গতবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও ক্যানাভারোরও। খুব সম্ভবত তিনি ইতালির পক্ষে খেললেন তাঁর শেষ ম্যাচটি। জেনারো গাত্তুসোও খেলেছেন শেষ ম্যাচ।