বিশ্বচ্যাম্পিয়ন ওজনিয়াকি ও নাদাল
এখনো কোন গ্র্যান্ডস্লাম অর্জন করতে পারেননি। তার পরও টেনিসে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। আর আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) পুরুষ এককে এই পুরস্কার দিয়েছে স্পেনের রাফায়েল নাদালকে।দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জেতা নাদালের কাছে প্রত্যাশিতই ছিল। বছরের চারটি গ্র্যান্ডস্লামের মধ্যেই তিনটিই ঘরে তুলেছেন তিনি। ২৪ বছর বয়সেই পঞ্চমবারের মতো জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। তাঁর চেয়ে যোগ্য আর কে আছেন! ওজনিয়াকির পুরস্কার জেতাটা অপ্রত্যাশিতই ছিল। অনেকটা হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো।বিশ্বচ্যাম্পিয়নের পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত ওজনিয়াকি বলেন, ‘সাবেক আইটিএফ বিশ্বচ্যাম্পিয়নদের তালিকায় যুক্ত হতে পেরে আমি গর্বিত।’ ২০১০ সালটা অবশ্য দুর্দান্ত কেটেছে ওজনিয়াকির। ডেনমার্কের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গত অক্টোবরে মেয়েদের এককে শীর্ষে ওঠেন তিনি। আর এই কৃতিত্ব অর্জন করতে গিয়ে ২০ বছর বয়সী ওজনিয়াকি পেছনে ফেলেন ১৩টি গ্র্যান্ডস্লামজয়ী সেরেনা উইলিয়ামসকে। ওজনিয়াকি বলছেন, ‘২০১০ সালটা দারুণ কেটেছে আমার। আগামী বছর আরও ভালো করতে কঠোর অনুশীলন করছি আমি।’ —রয়টার্স