বিশ্বচ্যাম্পিয়নদের কাঁপিয়ে কেনিয়ার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ম্যাচের হার চারটিতেই। গ্রুপের তলানিতে থাকা দলকে করতে হবে ৩২৫ রান। তা-ও আবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। কেনিয়ার আরেকটি লজ্জাজনক হারই ভেসে উঠেছিল কল্পনায়। কিন্তু সেই কল্পনা এতক্ষণে মিথ্যে প্রমাণিত হয়েছে।কেনিয়া হেরেছে। তবে সহজে নয়, বিশ্বচ্যাম্পিয়নদের কাঁপিয়ে দিয়ে। কলিন্স ওবুইয়া আর তন্ময় মিশ্র তো টান দিলেন অস্ট্রেলিয়ার সাম্রাজ্য ধরেই! ব্রেট লি, শেন ওয়াটসনদের পর্যুদস্ত করে ওবুইয়া খেললেন ৯৮ রানের চোখ-ধাঁধানো ইনিংস। ক্যারিয়ার-সর্বোচ্চ এই ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছয়ের মার! ৮ চার ও ১ ছয়ে মিশ্র করলেন ৭২ রান। পুরো ৫০ ওভার খেলে সব মিলিয়ে ৬ উইকেটে ২৬৪। একদিক থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা তো কেনিয়ার জয়ই জানান দেয়!৬০ রানে জয় অস্ট্রেলিয়ার। পন্টিংদের ধন্যবাদ দিতে হবে মাইকেল ক্লার্ক, ব্রাড হাডিনদের। ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে না দিলে ম্যাচের ভাগ্যটা অন্যভাবেও লেখা হতে পারত।বলতে গেলে রান পেয়েছেন অসি ব্যাটসম্যানদের সবাই। শেন ওয়াটসন ফেরেন ২১ রানে। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ব্রাড হাডিন খেলেন ৬৫ রানের ইনিংস। সেঞ্চুরির স্বপ্ন উঁকি দিলেও ধরা দেয়নি ক্লার্ককে, আউট হন ব্যক্তিগত ৯৩ রানে। মাইক হাসি ৫৪ ও অধিনায়ক রিকি পন্টিং ৩৬ রান করেন। কেনিয়ার হয়ে ওদিয়াম্বো ৩টি ও জিমি কামান্ডে ২টি উইকেট তুলে নেন।