বিশ্বচ্যাম্পিয়নদের ৪ গোলের লজ্জা দিল পর্তুগাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার ফুটবলবিশ্বকে চমকে দিল বিশ্বকাপজয়ী স্পেন। গত সেপ্টেম্বরে তারা আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারার পর অনেকেই অবাক হয়ে গিয়েছিল। তবু সেবার একটা অজুহাত ছিল, স্পেনের প্রথম একাদশের অনেকেই ছিলেন না সেই ম্যাচে। কিন্তু এবার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেও পর্তুগালের কাছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরে সত্যিই সবাইকে চমকে দিয়েছে বিশ্বকাপজয়ীরা। আর স্পেনকে ৪ গোলের লজ্জা দিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ১-০ গোলে হারের ক্ষোভ কিছুটা হলেও মিটিয়েছে পর্তুগাল।পর্তুগালের গোল উত্সবের শুরুটা করেছিলেন মিডফিল্ডার কার্লোস মার্টিনস। পর্তুগালের নতুন কোচের দায়িত্ব নিয়ে দীর্ঘদিন পর মার্টিনসকে দলে জায়গা দিয়েছিলেন পাউলো বেন্টো। আর কোচের এই আস্থার প্রতিদান বেশ ভালোমতোই দিয়েছেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে রোনালদোর একটা জোরালো শট ফিরিয়ে দেন স্পেন গোলরক্ষক ক্যাসিয়াস। ফিরতি বলেই নিঁখুত ফিনিশিংয়ে তা জালে জড়িয়ে দেন মার্টিনস।দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটের মাথায় নানির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন হেলডার পোসটিগা। ৬৮ মিনিটে পর্তুগালকে আরও একটা গোল উপহার দেন এই পর্তুগিজ স্ট্রাইকার। পোসটিগার বদলি হিসেবে নামা হুগো আলমেইদা অতিরিক্ত সময়ে স্পেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। দ্বিতীয়ার্ধে গোল শোধ করার দুর্লভ কিছু সুযোগ নষ্ট করেছেন জাবি আলোনসো, ফ্যাব্রিগাস ও লরেন্তে।৪৭ বছর পর এত বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা বরণ করতে হলো স্পেনকে। ১৯৬৩ সালে স্কটল্যান্ডের বিপক্ষে স্পেন হেরেছিল ৬-২ গোলে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এত বড় ব্যবধানে জিততে পারবেন, এটা ভাবতে পারেননি খোদ পর্তুগিজ কোচ পাউলো বেন্টোও। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নেমেছিলাম। কিন্তু স্পেনের মতো একট দলের বিপক্ষে এত বড় ব্যবধানে জয় পাব, এটা ভাবিনি। এই জয়ের ফলে আমরা কোনো পয়েন্ট পাব না ঠিকই, কিন্তু এটা আমাদের জন্য অনেক গৌরবের।’ রয়টার্স।