বিশ্বজুড়ে স্পেন-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জিতেছে স্পেন। বিশ্ব তো তাদের কুর্নিশ করবেই! বিশ্বজুড়ে সংবাদমাধ্যম তাই প্রশংসায় ভাসাচ্ছে স্পেনকে।বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছে ইংল্যান্ড। এরপর একে একে ছিটকে পড়েছে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দল। স্পেনের দুর্দান্ত পাসিং ফুটবলের কাছে অসহায় হয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে জার্মানি। ফাইনালে হল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরার মুকুটও পরল স্পেন। প্রশংসা তো তাদেরই হবে!স্পেনই যে এখন ফুটবলের রাজা, ইংল্যান্ডের দ্য টাইমস অব লন্ডন মনে করিয়ে দিয়েছে সেটাই। পত্রিকাটির প্রথম পাতার মূল খবরে স্পেনের বিশ্বজয়ের সংবাদ। স্পেনের লাল-সোনালি পতাকার রঙের নিচে তারা শিরোনাম দিয়েছে, ‘ফুটবলে স্পেন-রাজত্বের শুরু’। দ্য টাইমস লিখেছে, ‘যুগের সেরা ফুটবল-জাতি হিসেবে নিজেদের জায়গাটা পাকা করে নিয়েছে স্পেন’।ইংল্যান্ড তবু দ্বিতীয় রাউন্ড পর্যন্ত উঠতে পেরেছিল; বিশ্বকাপজয়ী আরেক দেশ ফ্রান্স বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকেই। ইংল্যান্ডের মতো সেই ফ্রান্সেও চলছে স্পেন-বন্দনা। ফ্রান্সের অন্যতম সেরা ক্রীড়াপত্রিকা লেকিপ-এর শিরোনাম, ‘চ্যাম্পেয়ন দেল মুন্ডো’।নিউইয়র্ক টাইমস আর চীনের বিভিন্ন পত্রপত্রিকায়ও বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নকে নিয়ে মাতামাতি। ‘হল্যান্ড স্পেনকে সুন্দর পাসিং ফুটবল থেকে বিরত রাখতে চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে বিশ্ব জয় করেছে স্পেন’—লিখেছে চীনের একটি সংবাদ ওয়েবসাইট। নিউইয়র্ক টাইমস-এর সুরটাও ছিল প্রায় একই রকম।স্পেন-বন্দনার পাশাপাশি সুন্দর একটি ফাইনাল দেখতে না পারার হতাশাও ফুটে উঠেছে বিভিন্ন দেশের পত্রপত্রিকায়। আর এটা যে হল্যান্ডের বাজে, কুৎসিত ও নেতিবাচক ফুটবল খেলার কারণেই হয়েছে, পত্রিকাগুলো লিখেছে তা-ও। অস্ট্রেলিয়ার পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘শারীরিক শক্তির ডাচ দল, যারা পুরোটা সময় লাথালাথি করেছে, এর পরও কত দারুণভাবেই না মনোযোগ ধরে রেখেছে স্পেন!’ এএফপি, ওয়েবসাইট।