বিশ্বজয়ী জাপানের ঘরে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন প্রাণখুলে হাসেনি ভূমিকম্প-বিধ্বস্ত জাপানের মানুষ, এবার হাসল। অনেক দিন উল্লাস করেনি সুনামিতে ভেসে যাওয়া জাপান, এবার জমিয়ে রাখা উল্লাসটাও হলো। অনেক দিন কোনো উৎসবে মাতেনি পারমাণবিক বিপর্যয়ে বিপর্যস্ত জাপান, এবার উৎসব হলো। যাদের উপলক্ষ করে এই উৎসব, এই উল্লাস, এই হাসি—সেই বিশ্বজয়ী মহিলা ফুটবলাররা দেশে ফিরলেন কাল। ফিরেই পেলেন কল্পনাতীত সংবর্ধনা। বীরোচিত সম্মান। ভেসে গেলেন সমর্থকদের উচ্ছ্বাসে, সিক্ত হলেন ভালোবাসায়।জাপানি মহিলা ফুটবলাররা যখন কাল টোকিওতে বিমান থেকে নেমে সারিবদ্ধভাবে চুপচাপ লবি দিয়ে যাচ্ছিলেন, আর আড় চোখে শত শত সমর্থকের ছবি তুলতে দেখছিলেন, একটু বিস্মিতই যেন দেখাচ্ছিল। এ ধরনের পরিস্থিতির সঙ্গে পরিচয় না থাকাটাই বোধ হয় কারণ। বিশ্বকাপের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া জাপানি অধিনায়ক হোমারে সাওয়া যেমন বললেন, ‘নারিতা বিমানবন্দরে নামার আগে মনেই হয়নি আমরা বিশ্বকাপ জিতেছি। আমি এর আগে কখনো এত লোককে আমাদের সংবর্ধনা দিতে আসতে দেখিনি। এটা অবিশ্বাস্য।’এরপর বিশ্বজয়ীরা প্রায় ৩০০ সাংবাদিকের মুখোমুখি হন। সামনে রাখা হয় বিশ্বকাপ ট্রফি, সাওয়ার জেতা গোল্ডেন বল, গোল্ডেন বুট। ছিল ফিফার ফেয়ার প্লে ট্রফিটাও। কোচ নারিও সাসাকি বলেন, ‘আমরা শুনেছিলাম অনেক লোক আসবে। কিন্তু এ ধরনের সংবর্ধনা তো শুধু ছেলেদের দলের ক্ষেত্রেই হতো। এটা মেয়েদের দলটার জন্য নতুন ইতিহাস।’ফ্রাঙ্কফুর্ট থেকে দীর্ঘ বিমানযাত্রায় দেশে ফিরলেও কোনো ক্লান্তির ছায়া খুঁজে পাওয়া যায়নি দলের মধ্যে। এই উৎসবের ভিড়ে তাঁরা ভুলে যাননি পুরো টুর্নামেন্টে তাঁদের জন্য প্রেরণার কেন্দ্রে থাকা সুনামির হতাহত ব্যক্তিদের কথা। ‘প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কিছুটা হলেও সাহস জোগাতে পেরেছি। কিন্তু এখানেই থামলে চলবে না, আগামী লন্ডন অলিম্পিকে কোয়ালিফাই করাটাই এখন প্রথম কাজ’—বলেছেন কোচ।এখনো অলিম্পিকে কোনো পদক না পাওয়া জাপানি দলকে এরপর নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী নাওতো কানের বাসভবনে। মহিলা দলের বিশ্বজয়ে উদ্দীপ্ত প্রধানমন্ত্রীও। দুর্যোগ ব্যবস্থাপনায় ঠিকমতো কাজ করতে পারেনি বলে সমালোচনার মুখে তাঁর সরকার। প্রধানমন্ত্রী পরে পার্লামেন্টে বলেন, তিনিও এই দলের কাছ থেকে খুঁজে নিচ্ছেন অনুপ্রেরণা, ‘নাদেশিকো জাপানের খেলা দেখে আমি বুঝেছি আমার হাল ছেড়ে দেওয়া উচিত নয়। সব কাজ শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে।’ এএফপি, রয়টার্স।