বিশ্বজয়ী ‘প্রোটিয়া’ কারস্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিশাল ছক্কাটি যখন মাঠ পেরিয়ে গেছে, ঠিক তখনই ড্রেসিংরুমে বসা সব ভারতীয় ক্রিকেটারের সঙ্গে দুই হাত শূন্যে ছুড়ে আনন্দ প্রকাশ করলেন প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেন। এ আনন্দ যে বিশ্বজয়ের আনন্দ। তিনি এই মুহূর্ত থেকে ঢুকে গেলেন ইতিহাসে। ইতিহাস তাঁকে চিনবে একটি বিশ্বকাপজয়ী দলের কোচ হিসেবে। এই অনাবিল আনন্দ ও গর্বের অনুভূতির মধ্যে গ্যারির কি একবারও নিজের দেশের কথা মনে পড়েনি!দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হয় গ্যারি কারস্টেনকে। দেশের হয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপ। তিনটি বিশ্বকাপই ছিল দক্ষিণ আফ্রিকার জন্য নিদারুণ কষ্টের আখ্যান। ১৯৯৯ আর ২০০৩ সালের বিশ্বকাপ ছিল দেশটির ক্রিকেট ইতিহাসেরই ভয়ংকর দুটি ট্র্যাজেডির নাম। বিশ্বকাপ ক্রিকেট যে জাতির জন্য চিরন্তন দুঃখগাথা, সে জাতিরই একজন আজ বিশ্ব বিজয়ী। তবে পেশাদারির নির্মম নিগড়ে তিনি আজ দূর একটি দেশের কোচ। এটাই তো জীবন!ফাইনাল শেষে সুরেশ রায়না আর বিরাট কোহলি যখন পালাক্রমে তাঁদের প্রোটিয়া গুরুকে কাঁধে তুলে নিলেন, তখন তিনি ছিলেন কিছুটা বিব্রত। বিশ্বকাপ জয়ে অনভ্যস্ততা ফুটে বের হচ্ছিল কারস্টেনের চোখ-মুখ দিয়ে।বিশ্বকাপ শেষ। ভারতকে বিশ্বজয়ের স্বাদ দিয়ে এখন ঘরে ফেরার পালা কারস্টেনের। আগেই জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপ শেষে তিনি ফিরে যাবেন নিজের দেশে। সেখানে তাঁর অপেক্ষায় রয়েছেন স্ত্রী-সন্তানেরা। এখন থেকে একটু নীরবে-নিভৃতে পরিবারকে সময় দেবেন তিনি। কাল উত্সবের বর্ণচ্ছটার মধ্যেও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কি একটু বিরহ-সংগীত বেজে উঠল না? এই বিরহ, কারস্টেনের বিদায়ের। জন রাইট, গ্রেগ চ্যাপেল অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর যে কারস্টেন কাঁধে তুলে নিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্বটি। সেই দায়িত্ব আজ সুচারুরূপে সম্পন্ন। কারস্টেন সফল। ভারত আজ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন দল। টেস্ট ক্রিকেটের শীর্ষ শক্তি। এক কোচ একটি দলকে এর চেয়ে বড় সাফল্য আর কী এনে দিতে পারতেন!দক্ষিণ আফ্রিকানরা দেশে ফেরার পর তাঁর কাছ থেকে জানতে চাইতে পারেন, কী করে বিশ্বকাপ জিততে হয়। সন্দেহাতীতভাবেই, কয়েক দিন সবার কাছ থেকে আলাদা দৃষ্টিই পাবেন গ্যারি কারস্টেন। তিনি জানিয়ে দিতে পারেন, স্মিথ, ডি ভিলিয়ার্স, আমলা, স্টেইনদের কী করে বিশ্বকাপ জিততে হয়। তাঁর মন্ত্রটি ছিল খুবই সাধারণ। খুবই সহজ-সরল। দলে যে সম্পদগুলো আছে, তাঁদের সর্বোচ্চ স্বাধীনতায় খেলতে দেওয়া। চাপের মুখে ভেঙে না পড়া। এই সরল মন্ত্রটি ভারতীয় দলের সবার মধ্যে ছড়িয়ে দিয়েই তো তিনি আজ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্যের অন্যতম নায়ক। শচীন, শেবাগ, গম্ভীর, কোহলি, যুবরাজ, ধোনি, জহির খানদের মধ্য থেকে সেরাটা বের করে নিয়ে এসে সব তারকাকে একসূত্রে গেঁথে ফেলতে পারার মধ্যেই তো নিহিত রয়েছে কারস্টেনের যত সাফল্য।প্রোটিয়ারা ঈর্ষান্বিত হতেই পারেন। তাতে কারস্টেনের কিছু আসে-যায় না। ব্যক্তি কারস্টেন যে আজ বিশ্বজয়ী!