বিশ্বনাথন আনন্দ ভারতীয় নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে কত শত সম্মান এনে দিয়েছেন, তার ইয়ত্তা নেই। ভারতের দাবাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। ভারতের তো বটেই, দাবার জন্যই তিনি একটা গর্ব। তাঁকেও ভারত দিয়েছে যোগ্য সম্মান। প্রথম খেলোয়াড় হিসেবে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণ পেয়েছেন। পেয়েছেন ভারতের সর্বোচ্চ খেলোয়াড়ি খেতাব রাজীব গান্ধী খেলরত্নও। কিন্তু সেই বিশ্বনাথন আনন্দকে এবার তাঁর ভারতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন শুনতে হলো। সে দেশের মানবসম্পদ মন্ত্রণালয় থেকে প্রশ্ন তোলা হলো, আনন্দ আদৌ ভারতীয় নাগরিক তো!বিস্ময়কর এই প্রশ্নটা উঠেছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় আনন্দকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে চাওয়ায়। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভারতের মানবসম্পদ মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল। এ সময়ই মানবসম্পদ মন্ত্রণালয় দাবি করে, আনন্দ এখন স্পেনের নাগরিক, এ ব্যাপারে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে তাদের কাছে। ভারতীয় নিয়ম অনুযায়ী ভিন দেশের কোনো নাগরিককে কোনো সম্মানসূচক ডিগ্রি দিতে হলে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে।কয়েক বছর ধরেই পরিবার নিয়ে স্পেনে বসবাস করছেন আনন্দ। কিন্তু তিনি আর ভারতীয় কি না, খোদ সরকারের ভেতর থেকে এ ধরনের প্রশ্ন তোলা তাঁর জন্য বিব্রতকর বৈকি। মন্ত্রণালয়ের এই সন্দেহে হতভম্ব আনন্দ তাৎক্ষণিকভাবে ডক্টরেট ডিগ্রি নিতে অসম্মতির কথা জানিয়ে দিয়েছেন। তবে গতকাল ঠিকই অংশ নিয়েছেন হায়দরাবাদের আন্তর্জাতিক গণিতবিদদের সম্মেলনে। আনন্দ সংবাদমাধ্যমে কিছু না বললেও তাঁর স্ত্রী অরুণা আনন্দ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক আনন্দের ভারতীয় পাসপোর্টের অনুলিপি পাঠানো হয়েছে। তবে পুরো বিতর্কটিকে ভুল বোঝাবুঝি দাবি করে আনন্দের কাছে নাকি গতকালই ক্ষমা চেয়েছেন মানবসম্পদমন্ত্রী কপিল সিবাল। সিবাল বলেছেন, আনন্দ তাঁর ব্যাখ্যা বুঝতে পেরেছেন এবং ডিগ্রি গ্রহণ করতে রাজি হয়েছেন। বিশ্বচ্যাম্পিয়ন আনন্দের কাছে দুঃখ প্রকাশ করেছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ও। পিটিআই।