বিশ্বসেরা যোদ্ধা!
বিশ্বের সেরা সাঁতারু কিংবা বিশ্বসেরা অ্যাথলেট কে? উত্তর দুটি জানাই ছিল, মাইকেল ফেল্প্স ও উসাইন বোল্ট। কারও মনে কোনো সন্দেহ থাকলে সেটিও এবার ধুয়েমুছে গেল। রিও অলিম্পিক পরশু জানিয়ে দিল বিশ্বসেরা ‘যোদ্ধা’র নামটিও—আলেক্সান্দার লেসুন। আধুনিক পেন্টাথলনে সোনা জিতেছেন এই রাশিয়ান।
আধুনিক পেন্টাথলনের অ্যাথলেটদের অংশ নিতে হয় পাঁচটি ইভেন্টে। এমন পাঁচটি ইভেন্টে তাঁদের নৈপুণ্য দেখাতে হয় যা একজন সৈনিকের অবশ্যথাকা জরুরি। ভাবনাটি ছিল এমন, উনিশ শতকে শত্রুসীমায় ঢুকে পড়া অশ্বারোহী একজন সৈনিককে জানতে হবে কীভাবে অচেনা একটি ঘোড়ায় চড়তে হয়, পিস্তল ও তরবারি দিয়ে লড়াই করতে হয়, প্রয়োজনে সাঁতার কেটে ও দৌড়ে নিজের ক্যাম্পে ফিরে আসতে হয়। এই পাঁচটি বিষয় নিয়েই আধুনিক পেন্টাথলন।
রিওতে এই আধুনিক ‘যোদ্ধা’দের লড়াইয়ে ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী পাভলো তিমোসচেঙ্কোকে হারিয়ে দিয়েছেন লেসুন। নিজের প্রথম অলিম্পিক সোনা জয়ের পরও বেশ নির্লিপ্ত এই রুশ, ‘আমি শুধু নিজের কাজটি করেছি।’ শুধু নিজের কাজ করেই অলিম্পিক রেকর্ড করে ফেলেছেন এই ২৮ বছর বয়সী অ্যাথলেট। রাউন্ড রবিন ফেন্সিং, ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার ও শো জাম্পিং শেষে এগিয়ে ছিলেন লেসুন। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটেনের জোসেফ চুংয়ের চেয়ে ৯ সেকেন্ড এগিয়ে থেকে শেষ ইভেন্ট শুরু করেন তিনি। শুটিং ও দৌড়ের যৌথ এই ইভেন্টেও সবার শীর্ষে (১৪৭৯ পয়েন্ট) থেকে শেষ করেছেন লেসুন। আর ব্রিটেনের চুং শুটিংয়ে দেরি করায় শেষ পর্যন্ত দশম স্থান পেয়েছেন।
এই রাউন্ডে এগিয়ে গিয়েও ইউক্রেনের তিমোসচেঙ্কো সোনা পাননি, তাঁর দুঃখটা মাত্র ৭ পয়েন্টের, ‘আমার বিশ্বাস ছিল, লেসুনকে প্রায় ধরেই ফেলব। কিন্তু ওর শুটিং আর দৌড়ের ওপরই সব নির্ভর করছিল। আমি বেশ কাছাকাছি গিয়েছিলাম।’ আধুনিক ‘যোদ্ধা’দের মধ্যে তৃতীয় হয়েছেন মেক্সিকোর ইসমায়েল হার্নান্দেজ (১৪৬৮ পয়েন্ট)। এএফপি।