বিশ্বসেরা হতে চান এডওয়ার্ডস
পেশাদারির এই যুগে মনের কথাগুলো যেন মুখে আনতে মানা। ‘একটা একটা ম্যাচ নিয়ে ভাবছি’, ‘বেশি দূরে দৃষ্টি দিচ্ছি না’—এসব ধরাবাঁধা বুলি। এখানেই নিজেকে আলাদা প্রমাণ করলেন ফিদেল এডওয়ার্ডস। মনের ইচ্ছাটা কোনো রকম সংকোচ ছাড়াই জানিয়ে দিলেন ক্যারিবিয়ান পেসার। ঘোষণা করলেন, তিনি হতে চান বিশ্বসেরা বোলার।ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে আত্মবিশ্বাসও এখন উঁচুতে। সেই আত্মবিশ্বাস ভাষা পেল কণ্ঠে, ‘কয়েক বছর দলের বাইরে ছিলাম, ফিরতে পেরে দারুণ লাগছে। সব সময়ই আমার লক্ষ্য ছিল শীর্ষে ওঠা। আবার দলে ফিরেছি, এখন লক্ষ্য একটাই—বিশ্বের এক নম্বর বোলার হওয়া।’ ক্যারিয়ারের শুরুটা এই স্বপ্ন পূরণের প্রতিশ্রুতিই দিয়েছিল। বারবাডোজের হয়ে মাত্র এক ম্যাচ খেলার পরই ২০০৩ সালে টেস্ট অভিষেক হয়ে যায় নেটে ব্রায়ান লারাকে কাঁপিয়ে দেওয়ার পর। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ইনিংসে ৫ উইকেট। পরে বিদেশের মাটিতে অভিষেকেও ৫ উইকেট। ওই বছরই ওয়ানডে অভিষেকে ৬ উইকেট। টেস্ট ও ওয়ানডে দুটির অভিষেকেই ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে আর একজনেরই—অস্ট্রেলিয়ার টনি ডোডেমেইডের। তবে স্বপ্নের এই শুরুর পর পথ হারিয়ে ফেলেছিলেন এডওয়ার্ডস। সবচেয়ে বড় কারণ চোট। রাউন্ড আর্ম অ্যাকশনে ৯০ কিলোমিটার গতিতে বোলিং করায় চোটের সঙ্গে সখ্য গড়ে উঠল দ্রুতই। ৮ বছরের ক্যারিয়ারের বেশির ভাগই তাই কাটাতে হয়েছে মাঠের বাইরে।দুই বছর বাইরে থাকার পর নতুন শুরু। আপাতত কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলারও। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সবার ওপরে আছেন। তবে বিশ্বে তো ১৮ নম্বর! বয়স হয়ে গেছে ২৯, বিশ্বসেরা হওয়ার জন্য খুব বেশি সময় নেই হাতে। তূণে তাই যোগ করেছেন পরীক্ষিত এক অস্ত্র, ‘ফেরার পর বোলিংটা খুব ভালো হচ্ছে, রিভার্স সুুইং করাতে পারছি। বাইরে থাকার সময়টুকুতে আমি অনেক কষ্ট করেছি, রিভার্স সুইং নিয়ে কাজ করেছি। সেটার ফলই এখন পাচ্ছি।’এখনো নিজের সেরা রূপে দেখা দিতে পারেননি বলেই দাবি এডওয়ার্ডস। চোট-টোট বাধা হয়ে না দাঁড়ালে খুব তাড়াতাড়িই সেটি সবাইকে দেখাতে চান, ‘এখনো নিজের সেরা অবস্থায় নেই, তবে তার পরও উইকেট পাচ্ছি। প্রতিনিয়তই উন্নতি হচ্ছে। আমার বিশ্বাস, খুব দ্রুতই নিজের সেরা অবস্থায় যেতে পারব।’নিজের সেরা আর বিশ্বসেরার মধ্যে খুব বেশি তফাৎ নেই বলে বিশ্বাসটা তো এডওয়ার্ডসের কথাবার্তাতেই প্রকাশিত। ওয়েবসাইট।