বিশ্বসেরার স্বীকৃতিটা স্পেনের প্রাপ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন দেখাল মাঠে কীভাবে একটা দল ছন্দ বদলে ফেলতে পারে। যখন যা প্রয়োজন, সেটি তারা দারুণভাবে করেছে। আক্রমণাত্মক খেলার ছক বাস্তবায়ন করে গেছে পরিকল্পনা অনুযায়ী। আবার খেলার গতি কমিয়ে দিয়েছে প্রয়োজনে। এভাবেই তো আসলে আপনি প্রতিপক্ষকে দমিয়ে রাখতে পারবেন মাঠে। স্পেন তাই করেছে। বিশ্বসেরার স্বীকৃতিটা তাদের প্রাপ্য।ফাইনালে জেতার জন্য যে ফুটবলটা খেলার প্রয়োজন ছিল, সেটিই খেলেছে স্পেন। এভাবেই ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল দলটি। ২০০৬ সালে স্প্যানিশ ফুটবলে উন্নতির যে নতুন যুগ শুরু হয়েছিল, এটা তারই ধারাবাহিকতা মনে হচ্ছে আমার।আমরা দেখলাম ৪-২-৩-১ ফর্মেশনের কার্যকরতা। এই পদ্ধতির দাপট ছিল ধারাবাহিক। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে দলগুলো ধাবাবাহিকভাবে খুব রক্ষণাত্মক খেলেছে। অবাক ব্যাপার, জিততেই হবে এমন পরিস্থিতিতে দলগুলো আক্রমণাত্মক হয়েছে কেবল। এটা শুধু শেষ গ্রুপ ম্যাচ এবং নকআউট পর্বে।৪-২-৩-১ ছকে দুই ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো, দুই আক্রমণাত্মক মিডফিল্ডারও খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেমন ধরুন লুকাস পোডলস্কি আর টমাস মুলারের কথা। জার্মানি দলে এরা দুজন দুই পাশে খেলেছে। যাই হোক, দলগুলো খুবই সতর্ক হয়ে খেলেছে। তারা ছিল জমাট এবং বল ধরে রেখেছে বেশি।এই বিশ্বকাপ আরও দেখিয়েছে, শুধু দ্রুতগতির ফুটবলই পর্যাপ্ত নয়, দ্রুতলয়ের ফুটবল তখনই কাজ করে, যখন তা পরিকল্পনা অনুযায়ী খেলা যায়।আমি জানি, সাংবাদিকেরা সব সময় কিছু না-কিছু খোঁজার চেষ্টা করেন, যেটাকে তাঁরা বর্ণনা করে আধুনিক ফুটবল বলেন। এটা একদমই বাজে ব্যাপার। প্রেসিং ফুটবল যেমন, এটা আপনার শক্তি শুষে নেয়। আপনি তা কিছু সময় খেলতে পারেন। কিন্তু তৃতীয় বা চতুর্থ ম্যাচে গিয়ে এটা করলে আপনি একদম ‘শূন্য’ হয়ে যাবেন।একটা পদ্ধতিতে খেলার প্রয়োজন এখনো অবশ্যই আছে। তার অর্থ এই নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত স্কিলের দরকার নেই। অবশ্যই ব্যক্তিগত স্কিল চাই। এটা এখনো খুব গুরুত্বপূর্ণ। দলে কোনো খেলোয়াড়কে জায়গা পাকা করতে হলে অবশ্যই তাকে সব ধরনের স্কিল দেখাতে হবে।একটা প্রশ্ন আসছে। কিছু নির্দিষ্ট খেলোয়াড় কেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি? মেসির কথাই বলি, কেন সে প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারেনি? এর কারণ কী? অনেক মানুষ কল্পনাই করতে পারবে না, ওর ওপর কতটা চাপ ছিল। বয়স মাত্র ২২। এখনো সে অনেক তরুণ। এমন প্রত্যাশার চাপ সামলানো ওকে শিখতে হবে। এই বিষয়গুলো মানুষ ভেবে দেখে না।গোলরক্ষকদের নিয়ে আমাকে ঘন ঘনই প্রশ্ন শুনতে হয়। আমি কিছুটা হতাশই গোলরক্ষকদের পারফরম্যান্সে। ফাইনালের আগে আমি আমাকেই জিজ্ঞেস করেছি, এই টুর্নামেন্টে কোন গোলরক্ষক দাপট দেখিয়েছে?সময় সময় গোলরক্ষকদের ভালো পারফরম্যান্স ছিল, যা দেখে আমি ভাবতাম, এই গোলকিপারটি বিশেষ একজন হবে। কিন্তু তারপর দেখলাম, সব সময়ই ভুল হচ্ছে। উরুগুয়ের বিপক্ষে হল্যান্ডের মার্টিন স্টেকেনবার্গের কথা বলব। হাস্যকর গোল খেয়েছে সে।শুরুতে আমি ইকার ক্যাসিয়াসকে দেখে খুশি হতে পারিনি। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, সে তত আস্থা ফিরে পেয়েছে। যখন সবকিছু ঠিকঠাক চলছিল, আমার বিশ্বাস ছিল, সে গুরুত্বপূর্ণ সেভ ঠিকই করবে। উদাহরণ—প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি ঠেকানো। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সে খুবই ভালো খেলেছে। টুর্নামেন্টে মাত্র দুটি গোল খেয়েছে ক্যাসিয়াস। শেষ চার ম্যাচে সে গোল খায়নি। ফাইনালে ছিল অসাধারণ। গোলরক্ষকদের মধ্যে টুর্নামেন্টের সেরা সে-ই।বিশ্বকাপ আয়োজন নিয়ে কিছু কথা বলছি। দক্ষিণ আফ্রিকা কীভাবে এই বিশ্বকাপ আয়োজন করে, সেটা দেখতে অনেকেই কড়া নজর রেখেছিল। আমি মনে করি, এ ব্যাপারে আপনার সন্দেহপ্রবণ চোখ থাকা ঠিক নয়। যেসব ক্ষেত্রে শতভাগ সাফল্য আসেনি, সেই বিষয়গুলোই বরং খুঁজে বের করা উচিত।দক্ষিণ আফ্রিকায় ধনী-গরিবের মধ্যে বিরাট এক দেয়াল দাঁড়িয়ে আছে, আমি জানি। কিন্তু দক্ষিণ আফ্রিকা দারুণ এক দেশ এবং সংস্কৃতির দিকটিও বেশ আকর্ষণীয়। লোকজন খুবই বন্ধুত্বপূর্ণ। কিছু ছোটখাটো সমস্যা হয়তো ছিল, তবে বিশ্বকাপ সফল করতে সম্ভব সবই তারা করেছে।নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে। জার্মানিও খুব ভয় নিয়েই দক্ষিণ আফ্রিকা এসেছে। সততার সঙ্গে বললে অবশ্যই আমার বলা উচিত, নিরাপত্তার জুজুর ভয় নিয়ে জার্মান মিডিয়াই প্রচারটা চালিয়েছে। যা বিশ্বকাপের জন্য ক্ষতিকরই হয়েছে। আমি বলতে পারি, নিরাপত্তা নিয়ে বড় কোনো হুমকি আমার অন্তত নজরে পড়েনি।আমি কেপটাউন, জোহানেসবার্গ, পোর্ট এলিজাবেথ, পোলকওয়ানে এবং ডারবানে গেছি। সব জায়গাতেই আমি স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করেছি। নিরাপত্তা নিয়ে অমন জুজুর ভয় ছড়ানো কিছুটা দুঃখজনক ছিল। বাস্তবতার সঙ্গে ব্যাপারটি যখন মেলাবেন আপনি, পার্থক্যটা তখন পরিষ্কারই হয়ে যাবে।অবশ্যই এর মধ্যেও কিছু ব্যতিক্রম আমার চোখে পড়েছে। সত্যি কথা বলতে, কেপটাউন বা জোহানেসবার্গে বিলাসবহুল হোটেল বা পাহাড়ের ওপরে সুন্দর সুন্দর বাড়ি ছেড়ে শহরতলিতে গিয়ে অনেক সমস্যায় পড়েছি আমি। এটা ধনী আর গরিবের মধ্যে দুস্তর ব্যবধানেরই ফল। বিষয়টা আমাকে অনেক ভাবিয়েছে।