পারফেক্ট টেন! গতবার বাছাইপর্বের একমাত্র দল হিসেবে ১০ ম্যাচ জিতে বিশ্বকাপে গিয়েছিল স্পেন। এবার বাছাইপর্বের ঠিক মাঝপথে। আট ম্যাচের চারটি খেলেছে। কিন্তু এরই মধ্যে দুবার হোঁচট খাওয়া সারা। আগের ম্যাচে রুখে দিয়েছিল ফ্রান্স, গত শুক্রবার ফিনল্যান্ডের সঙ্গে ড্র। দুটি ম্যাচই ছিল স্পেনের নিজেদেরই মাঠে! গ্রুপের শীর্ষস্থান এরই মধ্যে হারিয়ে ফেলা ভিসেন্তে দেল বস্কের জন্য অপেক্ষা করছে আরও শক্ত পরীক্ষা। আজ তারা আবার মুখোমুখি ফ্রান্সের। স্পেনের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থাকা ফ্রান্স ম্যাচটি খেলবে নিজেদের মাঠে। ব্যবধানটি আরও বাড়িয়ে নিতেই চাইবে দিদিয়ের দেশমের দল।১৯৯৮ বিশ্বকাপের শিরোপা হাতে তোলা সাবেক ফরাসি অধিনায়ক দেশমই এবার কোচ। দেশম তারুণ্যনির্ভর দলটাকে ভালোই পথ দেখাচ্ছেন। এ ম্যাচে স্পেন হারলে তাদের জন্য সমীকরণ আসলেই কঠিন হয়ে যাবে। হাতে আরও তিন ম্যাচ থাকবে বটে, তবে ফ্রান্সের সঙ্গে ব্যবধান হয়ে যাবে ৫ পয়েন্টের। সে ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা এক রকম ছেড়েই দিতে হবে ইউরো-বিশ্বকাপ-ইউরো—ত্রয়ী শিরোপা জেতা স্পেনকে! প্রতিটি গ্রুপের শীর্ষ দলই শুধু পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। তাই গ্রুপ রানার্সআপ হলে স্পেনকে পড়তে হবে প্লে-অফ নামের যন্ত্রণায়।ভিসেন্তে দেল বস্কের কপালের ভাঁজটা আরও বড় হচ্ছে চোটের অযাচিত ছোবলে। ক্যাসিয়াস, পুয়োল, জাভি ও জাবি আলোনসোরা কেউই খেলেননি গত ম্যাচে। আজ শেষের দুজন চোট কাটিয়ে ফিরতে পারেন কি না, তা নিয়েও জমেছে সংশয়ের মেঘ।ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলছেন, তাঁর দল জয়ের জন্যই নামবে, ‘তারা (স্পেন) বলের দখল নিজেদের কাছে রেখে ম্যাচটা জিততে চাইবে। আমার দলকে আমি শুধু ঘর সামলাতে বলছি না। স্পেন অবশ্য আপনাকে সেটা করতে বাধ্য করবে। তার পরও একটা জয় খুব ভালো ফল, এমনকি ড্র হলেও খারাপ হবে না।’ তবে আসল কথাটা বলে দিয়েছেন স্পেনের স্ট্রাইকার আলভারো নেগ্রেদোই, ‘এটা দুই দলের জন্যই ফাইনাল। আমাদের বিশ্বের যেকোনো স্টেডিয়ামেই জেতার ক্ষমতা আছে।’ ওদিকে দেশমের দুশ্চিন্তা একটাই, আক্রমণের মূল ভরসা করিম বেনজেমার ফর্মহীনতা। গত জুনের পর থেকেই লা ব্লুজদের হয়ে গোলের দেখা পাননি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার! স্যান মেরিনোর চড়ুইভাতির পর ইংল্যান্ডকে এবার গা ঝাড়া দিতেই হবে। নিজেদের গ্রুপে মন্টেনেগ্রোর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে ইংল্যান্ড। আজ সেই মন্টেনেগ্রোর মাঠে তাদের কাছেই হেরে গেলে ব্যবধানটা বেড়ে দাঁড়াবে পাঁচে। এর আগে দুদলের দুবারের সাক্ষাতে ইংল্যান্ড জয় পায়নি। কোচ রয় হজসন আর যাই হোক, হারটা ঠেকাতেই চাইবেন, ‘আমরা সেখানে হারতে যাচ্ছি না। আমরা আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছি সেখানে।’ সর্বশেষ মন্টেনেগ্রো সফরটা ওয়েইন রুনি ভুলেই যেতে চাইবেন। মাথা গরম করে সেবার লাল কার্ড দেখেছিলেন এই স্ট্রাইকার। আজ সেই দুঃস্বপ্নকে কবরচাপাই তো দিতে চাইবেন ! এএফপি।আজ মুখোমুখিফ্রান্স-স্পেন ডেনমার্ক-বুলগেরিয়ামাল্টা-ইতালি জার্মানি-কাজাখস্তান তুরস্ক-হাঙ্গেরি হল্যান্ড-রোমানিয়াআজারবাইজান-পর্তুগাল মন্টেনেগ্রো-ইংল্যান্ড* আগে স্বাগতিক দল