বিশ্বাস হচ্ছে না সুয়ারেজেরও
একটা জায়গায় লিওনেল মেসির সঙ্গে তাঁর দারুণ মিল। আন্তর্জাতিক অভিষেকেই লাল কার্ড দেখেছিলেন তিনি। কিন্তু শুধু এটুকু মিল দিয়ে তো আর ‘মেসি’ হওয়া যায় না!‘মেসি’ হওয়ার জন্যই কিনা, ইউরোপিয়ান পর্যায়ে গত মৌসুমে মেসির চেয়ে এক গোল বেশি করলেন। কিন্তু ডাচ লিগে খেলার কারণে ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ জেতা হলো না। আর কী করতে পারেন তিনি? যা পারেন, তা শুরু করে দিয়েছেন। ইউরোপে গোল করার দুর্দান্ত ক্ষমতাটাকে টেনে এনেছেন বিশ্বকাপে। উরুগুয়ের হয়ে চার ম্যাচে তিন গোল করে প্রমাণ করে দিয়েছেন, কারও চেয়ে কম নন লুইস আলবার্তো সুয়ারেজ। ওয়েবসাইট।গত পরশু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত দুই গোল করে বুঝিয়ে দিলেন, তাঁকে বড় তারকা বলতেই হবে। বিশেষত ম্যাচ জেতানো দ্বিতীয় যে গোল করলেন, তাতে খোদ ডিয়েগো ফোরলানকেও অবাক হয়ে বলতে হচ্ছে ‘অবিশ্বাস্য’। ফোরলান কী বলবেন? বক্সের সীমানা থেকে বাঁক খাইয়ে বলকে দূরের পোস্টে ঢোকানো সুয়ারেজের নিজেরই যে গোলটা এখনো বিশ্বাস হচ্ছে না, ‘সত্যি কথা হলো, আমি নিজেই বিশ্বাস করিনি, বলটা ঢুকতে যাচ্ছে। ওই সময় আমি স্রেফ খেলাটা উপভোগ করছিলাম। এটাই আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল।’সুয়ারেজ এমনিতে উরুগুয়েরও এক নম্বর তারকা নন। উরুগুয়ের ফুটবলার বললে সবাই আগে চেনে স্প্যানিশ লিগ মাতানো ডিয়েগো ফোরলানকে। ফোরলানের একটু আড়ালেই পড়ে যান তাঁর পার্টনার সুয়ারেজ। অথচ ডাচ লিগে যে দুর্দান্ত সময় কাটাচ্ছেন, তাতে তাঁকে নিয়ে আলোচনা না করা অন্যায়।আয়াক্সে নিজের প্রথম ২০০৭-০৮ মৌসুমে ৩৩ ম্যাচে ১৭ গোল করেছিলেন। পরের বছর ৩১ ম্যাচে ২২ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আর সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৩ ম্যাচে করেছেন ৩৫ গোল। এ মৌসুমে সব ধরনের খেলা মিলিয়ে ইউরোপে ৪৮ ম্যাচে ৪৯ গোল করেছেন সুয়ারেজ।দুর্দান্ত এই ফর্মটাকে বিশ্বকাপে নিয়ে এসেছেন দারুণভাবে। প্রথম তিন ম্যাচে একটিমাত্র গোল পেলেও দ্বিতীয় রাউন্ডে তাঁর জোড়া গোলে উরুগুয়ে ৪০ বছর পর উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। আর কতদূর নিয়ে যেতে পারবেন তিনি দলকে। এ ব্যাপারে সুয়ারেজ একেবারে ফোরলানের অনুসারী। তিনিও ফাইনালের স্বপ্ন নিয়ে পথ চলছেন, ‘আমরা আসলে টুর্নামেন্টের শুরু থেকেই এই স্বপ্নটা দেখছি। বিশ্বকাপ তো বিশ্বকাপই। এখানে সবাই একই উচ্চতায় দাঁড়িয়ে পরস্পরের মুখোমুখি হয়। হ্যাঁ, কেউ কেউ ফেবারিট হিসেবে শুরু করে। আর আমরা শেষ পর্যন্ত কঠোর লড়াই করার জন্য শুরু করেছি।’