বিশ্বাসই হচ্ছিল না মিলারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাপ্তিরেখার কাছাকাছি এসে মরিয়া ডাইভ দিলেন। বাহামার শনে মিলার তখনো জানতেন না, এই ডাইভেই ৪০০ মিটারের সোনা পেয়ে যাবেন! l এএফপি
সমাপ্তিরেখার কাছাকাছি এসে মরিয়া ডাইভ দিলেন। বাহামার শনে মিলার তখনো জানতেন না, এই ডাইভেই ৪০০ মিটারের সোনা পেয়ে যাবেন! l এএফপি

ডুবে যাওয়া মানুষ নাকি খড়কুটো পেলেও আঁকড়ে ধরে। শনে মিলারের অবস্থাও হয়েছে সে রকম। সমাপ্তিরেখার আগে মরণপণ ডাইভ দিলেন। সেই ডাইভেই সেকেন্ডের চুল পরিমাণ ব্যবধানে জিতে গেলেন সোনা। মেয়েদের ৪০০ মিটার দৌড়ে পরশু যা হলো, ট্র্যাকে এমন নাটকীয়তা সব সময় দেখা যায় না।
মিলার নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। জোয়াও হ্যাভেলাঞ্জ স্টেডিয়ামের দর্শকদের অনেকেই এক মুহূর্তের জন্য ভেবেছিলেন, যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্সই বোধ হয় জিতে গেছেন। কিন্তু বড় পর্দায় ভেসে উঠেছে মিলারের নাম। বাহামার ২২ বছর বয়সী অ্যাথলেট তখন অবিশ্বাসে চোখ ঢেকে ফেলেছেন। তাঁর কথায়ও ছিল বিস্ময়, ‘আমি তখনো জানতাম না কী হয়েছে। মাটিতে পড়ে থাকার সময়ও বুঝতে পারিনি। এর পরই মায়ের চিৎকার শুনে বুঝতে পারলাম জিতে গেছি।’
ওদিকে অ্যালিসন ফেলিক্স তখন বিহ্বল হয়ে বসে পড়েছেন ট্র্যাকে। ৪৯.৫১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন, মাত্র ০.০৭ সেকেন্ড সময় কম নিয়ে প্রথম হয়ে গেছেন মিলার। এই একটা সোনার জন্য তৃষিত অপেক্ষা ছিল ফেলিক্সের। বছরের শুরুতে চোট থেকে ফেরার পর নিজেকে ফিরে পেতে অনেকটা সময় লেগে গেছে। ২০০ মিটারে অংশ নেওয়ার ছাড়পত্র পাননি। ব্যক্তিগত সোনা জেতার জন্য ৪০০ মিটারই ছিল একমাত্র আশা। শেষ পর্যন্ত রুপা জিতে ৩০ বছর বয়সী ফেলিক্সের অলিম্পিক পদক হলো সাতটি, যুক্তরাষ্ট্রের সর্বকালের সফলতম মহিলা দৌড়বিদও এখন তিনি। কিন্তু সেটাও ফেলিক্সের কাছে সান্ত্বনা হতে পারছে না, ‘আমি নিজের সবটুকুই দিয়েছিলাম, তারপরও হলো না। শারীরিক ও মানসিকভাবে আমি এখন বিধ্বস্ত। অনেক কঠিন সময় পার করেছিলাম, আশা করেছিলাম আজ (গতকাল) সবকিছু ঠিকমতো হবে। এখন মনে হচ্ছে, সব শেষ হয়ে গেল।’
ফেলিক্স যখন বিস্ময়ে বিমূঢ়, মিলারও তখন ট্র্যাক ছেড়ে ওঠেননি। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে হেরে গিয়েছিলেন ফেলিক্সের কাছে। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই ভুলে যাননি। শুরুটা ভালো ছিল, ফেলিক্সকে ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়েও গিয়েছিলেন। কিন্তু শেষ ১০০ মিটারে ফেলিক্স ব্যবধান কমিয়ে আনেন এবং পেছনে ফেলে দেন মিলারকে। কিন্তু মিলারের মরণপণ চেষ্টায় ওলটপালট হয়ে গেল সবকিছু। পরে মিলার বলেছেন, ‘শেষ ২০ মিটারের আগে আমি কাউকেই দেখিনি। শুধু ভাবছিলাম সোনা আমাকে পেতেই হবে। ডাইভটা দিয়েছি মুহূর্তের ভাবনায়। আমার মাথা শূন্য হয়ে গিয়েছিল। এর পরেই আবিষ্কার করলাম আমি ট্র্যাকে শুয়ে আছি।’
শেষ মুহূর্তের ডাইভে অলিম্পিকে পদক জয়ের উদাহরণ ছিল আগেই। ২০০৮ বেইজিং অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ডেভিড নেভিল অন্তিম সময়ের ডাইভে ব্রোঞ্জ জিতেছিলেন। সেটিও ৪০০ মিটারেই!
তবে অলিম্পিক শেষে মিলার যখন বাহামার বিমানে উঠবেন, সোনাজয়ের তাজা স্মৃতির সঙ্গে হাত-পায়ের কিছু ক্ষতচিহ্নও হয়তো নিয়ে যাবেন। ওই ডাইভে যে শরীরে আঘাত লেগেছে! মিলার পরে আবেগে কাঁপতে কাঁপতে বলছিলেন, ‘বেশ কয়েক জায়গায় কেটে গেছে, জ্বালা-পোড়াও হচ্ছে, তবে এখন আমি ঠিক আছি।’
এমন একটা অর্জনের পর ‘সামান্য’ কাটাছেঁড়ার আঘাত তো তুচ্ছই মনে হওয়ার কথা তাঁর কাছে! এএফপি, রয়টার্স।