বিশ্বাসই হচ্ছে না বোল্টের
ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াস এখন পুলিশ হেফাজতে। অলিম্পিকে সোনাজয়ী পা-হীন এই অ্যাথলেটের বিরুদ্ধে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে ব্যাপারটা এখনো বিশ্বাসই হচ্ছে না জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের। জনপ্রিয় একটি বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।‘ব্যাপারটা এখনো বিশ্বাস করতে পারছি না আমি।’ যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার বলেন বোল্ট। জ্যামাইকান এই স্প্রিন্টার জানান, পিস্টোরিয়াস সম্পর্কে খুব বেশি জানেন না তিনি। তবে বিভিন্ন প্রতিযোগিতায় তাঁর সঙ্গে কথা হয়েছে।পিস্টোরিয়াসের পাশে দাঁড়াবেন কি না, এমন প্রশ্নে ২৬ বছর বয়সী বোল্ট বলেন, ‘সত্যি কী ঘটেছে, তা বোঝার চেষ্টা করছি আমি। এরপর সিদ্ধান্ত নেব যে কী করব।’গত বৃহস্পতিবার ভালোবাসা দিবসের ভোরে প্রিটোরিয়ায় পিস্টোরিয়াসের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্টিনক্যাম্প। ৩০ বছর বয়সী স্টিনক্যাম্পের লাশের পাশেই একটি নয় মিলিমিটার পিস্তল পাওয়া যায়। ওই পিস্তলের চারটি গুলি লাগে তাঁর শরীরে। ঘটনার পরপরই বাড়িটি ঘেরাও করে পিস্টোরিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। বিশ্বের কোটি কোটি মানুষের প্রেরণার উত্স দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট এখন খুনের মামলার আসামি।২৬ বছর বয়সী পিস্টোরিয়াসকে গতকাল শুক্রবার প্রিটোরিয়ার আদালতে হাজির করা হয়। হত্যার অভিযোগ পড়ে শোনানোর সময় ম্যাজিস্ট্রেট ডেসমন্ড নাইরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন তিনি। একপর্যায়ে দুই হাতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন পিস্টোরিয়াস। ৪০ মিনিট ধরে চলা শুনানিতে কিছুই বলেননি পিস্টোরিয়াস। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। এ সময় পিস্টোরিয়াসকে পুলিশ হেফাজতে হাজতে রাখার নির্দেশ দেন আদালত।স্টিনক্যাম্প ছিলেন দক্ষিণ আফ্রিকার মডেলিং জগতে পরিচিত এক মুখ। পিস্টোরিয়াসের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হয় গত বছরের নভেম্বরে। আইন বিষয়ে স্নাতক পোর্ট এলিজাবেথের এই মেয়ে সম্প্রতি দেশটির ‘সানডে টাইমস’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে পিস্টোরিয়াসকে ‘নিষ্কলুষ’ বলে অভিহিত করেছিলেন। মৃত্যুর আগের দিন পিস্টোরিয়াসের উদ্দেশে টুইট করে স্টিনক্যাম্প লেখেন, ‘তোমার ভালোবাসার মানুষের জন্য আগামীকাল কী চমক লুকিয়ে রেখেছ?’ দুর্ভাগ্যজনক হলেও সত্য, পিস্টোরিয়াস এমন কিছু করলেন, যাতে চমকে গেছে গোটা বিশ্ব।পিস্টোরিয়াস অ্যাথলেটিকস বিশ্বে অন্যতম পরিচিত মুখ। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সক্ষম ক্রীড়াবিদদের সঙ্গে অংশ নিয়ে ইতিহাস গড়েন দুই পা-হীন এই তারকা।