বিশ্বাসই হচ্ছে না শ্যামলীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফল্যের সোনালি হাসিতে উজ্জ্বল তিরন্দাজ মেয়েরা। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ-১–এ ব্রোঞ্জজয়ী শ্যামলী (সবার বাঁয়ে) এবং দলগত রুপাজয়ী (বাঁ থেকে) সুস্মিতা, বন্যা ও রোকসানা। পরশু ঢাকা ফেরার পর বিমানবন্দরে l সৌজন্য ছবি
সাফল্যের সোনালি হাসিতে উজ্জ্বল তিরন্দাজ মেয়েরা। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ-১–এ ব্রোঞ্জজয়ী শ্যামলী (সবার বাঁয়ে) এবং দলগত রুপাজয়ী (বাঁ থেকে) সুস্মিতা, বন্যা ও রোকসানা। পরশু ঢাকা ফেরার পর বিমানবন্দরে l সৌজন্য ছবি

হাতে একগুচ্ছ রজনীগন্ধা। গলায় গোলাপের মালা। পরশু ভোররাতে ঢাকা বিমানবন্দরে নেমেই উষ্ণ অভ্যর্থনা মিলল শ্যামলী রায়, বন্যা আক্তারদের। ব্যাংককে এশিয়া কাপ আর্চারি ও ওয়ার্ল্ড র্যা ঙ্কিং স্টেজ ১–এর মেয়েদের দলগত কম্পাউন্ড বিভাগে রুপা, রিকার্ভের এককে শ্যামলীর ব্রোঞ্জ। দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে এবার এশিয়ায় পদক জিতেছে মেয়েরা। হাতের মুঠোয় পদক ধরেও যেন বিশ্বাস হচ্ছে না শ্যামলীদের।
বিশ্বাস হবেই বা কী করে! আন্তর্জাতিক আর্চারিতে অভিজ্ঞ ও শক্তিশালী প্রতিপক্ষ ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতকে টপকে এবার রুপা জিতেছে বাংলাদেশ দল। রুপাজয়ী দলের অন্যতম সদস্য বন্যা আক্তারের কণ্ঠে বিস্ময়, ‘আমি আশাই করিনি যে এত ভালো খেলব! দেশে কিছুদিন আগে একটা টুর্নামেন্টে খেলে কিছু অভিজ্ঞতা বেড়েছিল। সেবার এককে রুপা জিতেছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি ব্যাংককে। বিদেশের মাটিতে প্রথমবার খেলতে গিয়ে একটুও স্নায়ুচাপে ভুগিনি।’
শ্যামলীর জন্যও অভিজ্ঞতাটা নতুনই বটে। রিকার্ভের ব্রোঞ্জপদকও শ্যামলীর কাছে মনে হচ্ছে সোনা জয়ের মতো! তিন বছরের ক্যারিয়ারে এর আগে কোনো আন্তর্জাতিক পদক জেতেননি শ্যামলী। গত জানুয়ারিতে ঢাকায় আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হয়েছিলেন। নড়াইলের মেয়ে ভেঙে পড়েছিলেন প্রত্যাশার চাপে। এবার তাই মনে বাড়তি একটা জেদ নিয়ে ব্যাংককে গিয়েছিলেন। কাল নড়াইলগামী বাসে বসে সাফল্যের গল্পটা শোনালেন, ‘আসলে ওখানে কোনো মানসিক চাপে ছিলাম না। ঢাকায় যেভাবে চাপের মধ্যে খেলেছিলাম, সেটা একদমই ছিল না ওখানে। আমার কাছে মনে হয়েছে শুধুই একটা গেমসে খেলতে এসেছি। নিজের মতো করে খেলে যাব, যতদূর যেতে পারব যাব। স্বাভাবিক খেলাটাই খেলেছি সেখানে।’
এর আগে বাংলাদেশের পুরুষ তিরন্দাজেরা দেশের বাইরে একাধিক পদক জিতলেও মেয়েদের পদক জিতে ফেরা এবারই প্রথম। সবার প্রশংসা পাওয়ার কথাও জানালেন শ্যামলী, ‘সবাই খুব ভালো বলেছে আমাদের। ভারতের আর্চাররা একটু অবাকও হয়েছে। আসলে সবারই চোখে পড়েছে আমাদের পারফরম্যান্স। বাংলাদেশের মেয়েরা যে অনেক উন্নতি করছে, সেটা অনেক আর্চারই বলেছে আমাকে।’
আগামী ২০ নভেম্বর ঢাকায় শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আর্চারি। এবার আর্চারদের লক্ষ্য, দেশের মাটিতে আরও ভালো কিছু করার। শ্যামলী তো এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে না!