বিশ্বাসই হচ্ছে না স্যামির
দিবারাত্রির ম্যাচের পরদিন সকাল সাড়ে নয়টায় পূর্ণোদ্যমে অনুশীলন—ওয়েস্ট ইন্ডিজ বোধ হয় একটা রেকর্ডই গড়ে ফেলল। তবে ডে-নাইট ম্যাচ যখন ‘ডে’তেই শেষ হয়ে যায়, খবরটা খুব একটা বিস্ময় বোধ হয় জাগায় না। ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন যতই পরশুর ব্যর্থতাকে ‘স্রেফ একটা বাজে দিন বলে’ উড়িয়ে দিতে চান, অনুশীলনের এই ঐকান্তিকতার পেছনে ‘৬১’ প্রভাব না থেকে পারেই না।পরশুর ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের জন্য কতটা বিস্ময় হয়ে এসেছে, ড্যারেন স্যামির কাছ থেকেই জানা গেল। পরশু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেছিলেন, ক্রিকেটে এমন অনেক কিছুই হতে পারে। পেশাদারির ওই মুখোশটা খুলে কাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বরাবরের মতোই হাসিমুখে বলছিলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা যেভাবে জিতেছি, ব্যাটসম্যানরা যেমন খেলেছে, সেটা বিবেচনায় নিলে কালকের (পরশু) ম্যাচটা ছিল রীতিমতো বিস্ময়কর। সত্যি বলতে, আমাদের বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’টেস্টের আগে ক্যারিবীয়দের জন্য বড় একটা স্বস্তি হয়ে এসেছে অবশ্য আদ্রিয়ান বারাথের ইনজুরি। ভাবছেন ইনজুরি কীভাবে স্বস্তি হয়? প্রথম ওয়ানডেতে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট বারাথকে ছিটকে দিয়েছে টেস্ট সিরিজ থেকে। দলের সঙ্গে অবশ্য থাকছেন ত্রিনিদাদের ওপেনার, তবে সেটা শুধুই চোট পরিচর্যার জন্য। তাঁর জায়গায় টেস্ট দলে ঢুকেছেন লেন্ডল সিমন্স। দুজনের ফর্মের তুলনামূলক যা অবস্থা, তাতে বারাথের চোটকে আশীর্বাদই মানতে পারে ওয়েস্ট ইন্ডিজ।এই সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল এক দিনই। ৭ টেস্টে একটিও ফিফটি না পাওয়া সিমন্স জায়গা হারিয়েছিলেন টেস্ট দলে। কিন্তু বাংলাদেশ সিরিজে তাঁর যে ফর্ম, বিশেষ করে স্পিনারদের যেভাবে খেলেছেন, তাতে সিমন্সকে দলে রেখে দেওয়ার একটা উপায় নিশ্চয়ই খুঁজছিল টিম ম্যানেজমেন্ট। সেই সুযোগটা করে দিল বারাথের চোট।টেস্ট সিরিজের জন্য আসা বাকিরাও কাল ঘাম ঝরিয়েছেন যথেষ্ট। ইনডোরের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন শিবনারায়ণ চন্দরপল। কার্ক এডওয়ার্ডকে হাতছানি দিচ্ছে টানা দ্বিতীয় সেঞ্চুরি। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের সেঞ্চুরির পর কালই আবার ব্যাট হাতে নামবেন বার্বাডিয়ান ব্যাটসম্যান। ওয়ানডে সিরিজে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি দিনেশ রামদিন, উইকেটের পেছনে কার্লটন বাফের জায়গা ধরে রাখার সম্ভাবনাই তাই বেশি। বোলিং অ্যাকশনের বৈধতা পেয়ে এই সিরিজেই দলে ফিরেছেন শেন শিলিংফোর্ড। চট্টগ্রামে খেলা বলেই দ্বিতীয় স্পিনার হিসেবে একাদশে থাকার আশা করতে পারেন এই অফ স্পিনার।পরশুর উইকেটে খেলা হচ্ছে না, এটা অবশ্য মানসিকভাবে কিছুটা স্বস্তি দেবে ক্যারিবীয়দের। তবে একই মাঠেরই তো উইকেট, কতটাই বা পার্থক্য হবে। এটা জানেন বলেই ওটিস গিবসন বললেন টেস্টে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজ কোচের শঙ্কাকে সত্যি প্রমাণ করতে পারবে মুশফিকুর রহিমের বাংলাদেশ?