বিশ্বের সেরা ১০ ধনী ক্লাবমালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান
শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান

তাঁরাই আসলে ক্লাব ফুটবলের আসল আলাদিনের প্রদীপ। যে প্রদীপ ঘষে মনপছন্দের খেলোয়াড়কে দলে টানেন ক্লাবের কোচরা। আগে থেকে রোমান আব্রামোভিচের মতো ধনকুবের ছিলেন। এর পর যুক্ত হয়েছেন বেশ কয়েকজন আরব শেখও। ক্লাব ফুটবলে মাঠে চলে ফুটবলের খেলা, আর মাঠের বাইরে টাকার খেলা। ধনী একজন ক্লাবমালিক পাওয়া যে কতটা সৌভাগ্যের, সেটা বোধ হয় সবচেয়ে ভালো টের পেয়েছেন ম্যানচেস্টার সিটির সমর্থকেরা। দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাওয়া ইংলিশ ক্লাবটির চেহারাই বদলে দিয়েছেন আরব আমিরাতের এক ধনকুবের। বিপুল পরিমাণ অর্থ খরচ করে যিনি দলে ভিড়িয়েছিলেন একগাদা তারকা খেলোয়াড়। যাঁরা ২০১১-১২ মৌসুমে দীর্ঘ ৪৪ বছর পর দলকে এনে দিয়েছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা। টাকায় কী না হয়!
আসুন জেনে পরিচিত হই ক্লাব ফুটবলে টাকার বস্তা নিয়ে হাজির সেই ধনকুবের মালিকদের সঙ্গে—

১. শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান
সংযুক্ত আরব আমিরাতের সহকারী প্রধানমন্ত্রী শেখ মনসুর ২০০৮ সালে এসেছিলেন ম্যানচেস্টার সিটির মালিক হিসেবে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩১ বিলিয়ন মার্কিন ডলার। ম্যান সিটি যে এখন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, তার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে শেখ মনসুরের অর্থবিত্ত। ২০০৯ সালে ইংল্যান্ডের ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে (৪৭ মিলিয়ন ইউরো) তিনি দলে ভিড়িয়েছিলেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজকে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ছায়ায় যে আর পড়ে থাকতে হবে না, সেই ইঙ্গিতটা হয়তো তখনই পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির সমর্থকেরা।

রোমান আব্রামোভিচ
রোমান আব্রামোভিচ

২. রোমান আব্রামোভিচ
ধনী ক্লাবমালিকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোমান আব্রাহিমোভিচ। ২০০৩ সালে চেলসির মালিকানা গ্রহণের পর প্রতিটি দলবদলের মৌসুমে প্রায় ৫০ মিলিয়ন ডলার খরচ করাটাকে যেন নিয়মই বানিয়ে ফেলেছেন এই রাশিয়ান। টাকাগুলো যে জলে যায়নি সেটার প্রমাণও চেলসি দিয়েছে ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৯-১০ মৌসুমের প্রিমিয়ার লিগ ও ২০১১-১২ মৌসুমের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে। বর্তমানে সবচেয়ে বেশি বেতনের কোচ হোসে মরিনহোকেও দেখা যাচ্ছে চেলসির ডাগআউটে। ফোর্বসের তথ্য অনুযায়ী আব্রামোভিচের মোট সম্পদের পরিমাণ ১০.২ বিলিয়ন মার্কিন ডলার।

৩. সুলতান কেরিমোভ
মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে একটি ক্লাবের ভাগ্যও পরিবর্তন হতে পারে সেটার আরেকটা বড় উদাহরণ আনঝি মাখাচকালা। ২০১১ সালে কিনে নেওয়ার পর রাশিয়ার ছোট এই ক্লাবটির চেহারাই বদলে দিয়েছেন সুলতান কেরিমোভ। দলে ভিড়িয়েছিলেন স্যামুয়েল ইতো, রবার্তো কার্লোস, ক্রিস্টোফার সামবার মতো তারকা ফুটবলারদের। ক্লাবটির অবকাঠামোগত উন্নয়নেও বিপুল অর্থ বিনিয়োগ করেছেন রাশিয়ান এই ধনকুবের। এভাবেই যদি চালিয়ে যান, তাহলে খুব দ্রুতই রাশিয়ার সবচেয়ে বড় ক্লাব হিসেবে হয়তো দেখা যাবে আনঝি মাখাচকালাকেই। কেরিমোভের মোট সম্পদের পরিমাণ ৭.১ বিলিয়ন ডলার।

সিলভিও বেরলুসকোনি
সিলভিও বেরলুসকোনি


৪. শেখ আবদুল্লাহ আল-থানি
অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য মালাগার পক্ষ থেকেই যোগাযোগ করা হয়েছিল শেখ আবদুল্লাহ আল-থানির সঙ্গে। প্রাথমিকভাবে সেই সংকট কাটিয়েও উঠেছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু ধনী মালিক সব সময়ই ক্লাবের জন্য ভালো ফল বয়ে না-ও আনতে পারেন, মালাগা সেটারই যথার্থ উদাহরণ। ২০১০ সালে মালাগা কিনে নেওয়ার পর আকস্মিকভাবেই যেন কঞ্জুস বনে গেছেন আল-থানি। মনে হয় যেন ক্লাবটি থেকে মনই উঠে গেছে কাতারের এই ধনকুবেরের। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মালাগা আবারও ডুবে যেতে বসেছে দেনায়। এবারের মৌসুমে বেচেও দিতে হয়েছে ক্লাবের উদীয়মান তারকা ইসকোকে।

৫. সিলভিও বেরলুসকোনি
ইতালির সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই তিনি বেশি পরিচিত। সিলভিও বেরলুসকোনির মালিকানায় আছে ইতালির অন্যতম সেরা ক্লাব এসি মিলানও। বেরলুসকোনির মোট সম্পদের পরিমাণ ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। অর্থবিত্তের অভাব নেই ইতালির এই রাজনীতিবিদের। কিন্তু অনেকেরই অভিমত, বেরলুসকোনির অর্থ খুব একটা কাজে লাগেনি ক্লাবটির অগ্রগতিতে।

লক্ষ্মী মিত্তাল
লক্ষ্মী মিত্তাল

৬. লক্ষ্মী মিত্তাল
ইউরোপিয়ান ফুটবলে এখনো খুব একটা নামডাক শোনা যায়নি কুইন্স পার্ক রেঞ্জার্সের। এবারের মৌসুমে অবনমনের ফাঁদে পড়ে তারা চলে গেছে দ্বিতীয় সারির লিগে। কিন্তু ক্লাবটির মালিক লক্ষ্মী মিত্তাল বিশ্বেরই অন্যতম ধনী ব্যক্তিদের একজন। ২০১১ সালে সেরা ধনীদের তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্যবসায়ী। বর্তমানে অবশ্য সেটা অনেকই কমে গেছে। কিন্তু কুইন্স পার্ক রেঞ্জার্সের টাকার অভাব কখনোই হয়নি। ২০১২ সালে তারা চার বছরের চুক্তি করেছে ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজারের সঙ্গে। মিত্তালের মোট সম্পত্তির পরিমাণ ১৬.৫ বিলিয়ন ডলার।

৭. ফ্রাঙ্কোইস-অঁরি পিঁনো
মাঠের লড়াইয়ে এখন পর্যন্ত ভালো কিছু করতে না পারলেও একটা দিক দিয়ে সবার থেকে এগিয়ে আছে ফরাসি ক্লাব স্তাদ রেনেঁ। তাদের মালিক পিঁনো ফ্রান্সের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবমালিকের তালিকায় আছেন সবার ওপরে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫ বিলিয়ন ডলার। তবে এই বিপুল পরিমাণ অর্থের প্রভাব অবশ্য খুব বেশি পড়তে দেয়া যাচ্ছে না ক্লাবের অগ্রগতিতে।

৮. আলিসার উসমানোভ
আলিসার উসমানোভের দখলে অবশ্য পুরোপুরি নেই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব আর্সেনালের মালিকানা। ২০০৭ সালে ক্লাবটির ১৪.৫৮ শতাংশ শেয়ার কিনেছেন এই রাশিয়ান ধনকুবের। তাঁর এই সম্পৃক্ততা অবশ্য ক্লাবের পারফরম্যান্সেও খুব একটা প্রভাব ফেলেনি। তার পরও যাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৭.৬ বিলিয়ন ডলার, তাঁকে তো ধনী ফুটবল ক্লাবমালিকদের তালিকায় জায়গা দিতেই হয়।

৯. ফিলিপ আনসকাটস
যুক্তরাষ্ট্রে ফুটবল খেলাটি জনপ্রিয় করে তোলার দায়িত্বই যেন নিয়েছেন ফিলিপ আনসকাটস। তিনি আমেরিকার মেজর লিগ সকারের সহ-প্রতিষ্ঠাতা। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিসহ এই লিগের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেও আছে তাঁর সম্পৃক্ততা। এই এলএ গ্যালাক্সিতেই খেলে গেছেন ডেভিড বেকহাম, দিদিয়ের দ্রগবার মতো তারকারা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ সাত বিলিয়ন ডলার।

১০. জন ফ্রেরিকসেন
ইউরোপিয়ান ফুটবলে নরওয়েজিয়ান লিগটা এখনো খুব একটা জনপ্রিয় জায়গায় যেতে পারেনি। তবে এখানকার অন্যতম শীর্ষ ক্লাব ভালেরানগার মালিক জন ফ্রেরিকসেন জায়গা করে নিয়েছেন ধনী ক্লাবমালিকদের তালিকায়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১.৩ বিলিয়ন ডলার। দীর্ঘদিন ধরেই তিনি আছেন এই ক্লাবটির মালিক হিসেবে। এখনো হয়তো ক্লাবের পেছনে খুব বেশি অর্থ খরচ করতে হয় না ফ্রেরিকসেনকে। তবে প্রয়োজন পড়লে যে সেটার অভাব হবে না, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।