বিশ্ব্বকাপের আয়োজক হতে ধুন্ধুমার
আর মাত্র এক সপ্তাহের মধ্যেই জানা যাবে ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ কোন মহাদেশে হবে, কোন দেশই বা পাবে আয়োজনভার। অবসান হবে বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে থাকা আটটি দেশের প্রচার-প্রচারণা ও প্রতীক্ষার। ২ ডিসেম্বর ফিফা সদর দপ্তর জুরিখে গোপন ব্যালটে ভোট দেবেন ফিফা নির্বাহী কমিটির ২২ জন সদস্য।গোপন এই ভোট নিয়ে অবশ্য কেলেঙ্কারি কম হয়নি এ পর্যন্ত। অভিযোগ উঠেছে ভোট বেচাকেনার। ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমস অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচন করেছে ভোট বেচাকেনার ব্যাপারটির। সেই সূত্র ধরে তদন্তের পর ফিফা নাইজেরিয়া ও তাহিতির দুই কর্মকর্তাকে নিষিদ্ধও করেছে।তবে ওই কেলেঙ্কারি চাপা পড়ে গেছে শেষ মুহূর্তের উত্তেজনায়। এখন আলোচনা কেবল কোন দেশের গলায় উঠবে আয়োজকের মালা। ২০১৮ বিশ্বকাপের আয়োজনের ব্যাপারে এগিয়ে আছে ইংল্যান্ডই। তাদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে স্পেন-পর্তুগালের যৌথ প্রার্থিতার। ফিফার টেকনিক্যাল কমিটির রিপোর্টে রাশিয়ার চেয়ে ইংল্যান্ড অথবা স্পেন-পর্তুগালে বিশ্বকাপ আয়োজনের ঝুঁকিটা কম। স্পেন-পর্তুগালের চেয়ে ইংল্যান্ড যে একটু এগিয়ে আছে, এটা আবার ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারই সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। ইংল্যান্ডের আধুনিক স্টেডিয়াম ও অবকাঠামো দেখে খুশি হয়ে তিনি বলেছিলেন, ইংল্যান্ডে তো চাইলে ‘আগামীকাল’ই বিশ্বকাপ আয়োজন করা যায়।২০২২ বিশ্বকাপ আয়োজক কোন দেশ হবে, সেই ভবিষ্যদ্বাণী করা একটু কঠিন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কাতার, জাপান ও দক্ষিণ কোরিয়া এখানে প্রার্থী। অনেকেরই ধারণা, প্রার্থিতায় কোরিয়া ও জাপান হয়তো আগে থেকেই একটু পিছিয়ে থাকবে। কারণ ২০০২ সালে যৌথভাবে এই দুই দেশের বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা প্রায় সাম্প্রতিক। সব হিসাব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে অগ্রগামী ধরা হচ্ছে। তবে কাতারকে কিন্তু দেখা হচ্ছে ‘কালো ঘোড়া’। মরুভূমির প্রচণ্ড তাপ কাতারের প্রতিবন্ধক। কিন্তু কাতারের দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনা—তাপ কমাতে জলবায়ু-নিয়ন্ত্রিত ৯টি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান এবং বার্সেলোনার কোচ পেপ গার্দিওলার মতো ব্যক্তিদেরও প্রশংসা কুড়োচ্ছে। এএফপি।