বিশ্রাম চেয়েছেন শেবাগ নিজেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্রাম’কে ‘বাদ’ ধরে নিয়েছিল অনেকেই। এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে জোর আলোচনা, ‘বাদ’ শব্দটি উচ্চারণের সাহস নেই বলেই বলা হচ্ছে শেবাগকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। সংশয় দূর করতে এগিয়ে এলেন শেবাগ নিজেই, জানিয়ে দিলেন তিনিই বিশ্রাম চেয়েছিলেন।শ্রীকান্ত বলেছিলেন, ফিজিওর পরামর্শে বিশ্রাম দেওয়া হয়েছে শেবাগকে। ভারতীয় সহ-অধিনায়কও মিড ডে পত্রিকাকে বলেছেন এমনটাই, ‘আমি পিঠের খিঁচুনিতে ভুগছি, আমার বিশ্রাম দরকার। ফিটনেস নিয়ে আমি কখনোই টিম ম্যানেজমেন্টকে অন্ধকারে রাখিনি।’ বিসিসিআইয়ের এক কর্মকর্তার অবশ্য দাবি, ‘নির্বাচকেরা শেবাগকে বাদ দিতে হবে মনে করলে অবশ্যই দিতেন। বিশ্বকাপের চার মাস আগে তাঁরা যুবরাজ সিংকে বাদ দিয়েছিলেন। গত বছর ইংল্যান্ড সফরের পর হরভজন সিংকেও বাদ দিয়েছেন। চাইলে শেবাগের সঙ্গেও তাঁরা এমনটা করতে পারতেন।’ তবে কি ভারত সিবি সিরিজের ফাইনালে উঠলে শেবাগ খেলবেন না? বিসিসিআইয়ের ওই কর্মকর্তার উত্তর কিন্তু আবারও সংশয় জাগাল, ‘সে যদি ফাইনাল খেলে এবং একটি সেঞ্চুরিও করে, তার মানে এই নয় যে তার শরীর ও মনের বিশ্রাম দরকার নেই।’ ওয়েবসাইট।