বিশ্রাম নেবেন 'ক্লান্ত' রোনালদো

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। হাঁটুতে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন খোঁড়াতে খোঁড়াতে। সে সময় ইনজুরির আশঙ্কাই হয়তো ভর করেছিল রোনালদোর সমর্থকদের মনে। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য চোটটা খুব বেশি গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন সবাইকে। তবে রোনালদো যে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন, সেটা স্বীকারই করে নিয়েছেন তিনি। সে জন্যই আজ লা লিগার ম্যাচে পর্তুগিজ তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইতালিয়ান কোচ।
আনচেলত্তির এই সিদ্ধান্তকে অবশ্য বড় ধরনের ঝুঁকি বলেই বিবেচনা করছেন অনেকে। লিগের একেবারে শেষ পর্যায়ে এখন প্রতিটি ম্যাচই রিয়ালের জন্য ফাইনালের মতো। একটি ম্যাচে হোঁচট খেলেই শেষ হয়ে যেতে পারে শিরোপা জয়ের স্বপ্ন। আর লিগের শেষ আটটি ম্যাচের মধ্যে সোসিয়েদাদই রিয়ালের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে সোসিয়েদাদ। তবে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে রোনালদোকে সুস্থ অবস্থায় পাওয়ার জন্য এর কোনো বিকল্পও ছিল না আনচেলত্তির কাছে। রোনালদোর সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিয়ালের এই ইতালিয়ান কোচ, ‘ক্রিস্টিয়ানো বিশ্রাম করবে। সে ক্লান্ত আর তার কিছু সমস্যাও হচ্ছে। আমি তার সঙ্গে কথা বলেছি। আর দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্রাম নেওয়াটাই ভালো হবে। সে সব ম্যাচেই খেলতে চায়। এটাই স্বাভাবিক। কিন্তু এ নিয়ে কোনো সমস্যা নেই। মঙ্গলবার নাগাদ সে অনেক সুস্থ হয়ে যাবে। রোনালদো এর মধ্যে অনেকগুলো ম্যাচ খেলেছে। এ জন্যই আমরা তাকে বিশ্রাম দিতে চাই।’
রোনালদোর অনুপস্থিতিতে দলের রণকৌশল নতুনভাবেই সাজাতে হবে আনচেলত্তিকে। বেশ খানিকটা পরিবর্তিত অবস্থাতেই দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদকে। ইসকো আর গ্যারেথ বেল খেলতে পারেন নতুন পজিশনে। এমন ইঙ্গিতই দিয়েছেন আনচেলত্তি, ‘আলভারো মোরাতা খেলতে পারে। আমরা ইসকোর অবস্থান পরিবর্তন করে তাকে আরও একটু সামনের দিকে খেলাতে পারি। গ্যারেথ বেল ধারাবাহিকভাবে ভালো খেলছে। রোনালদোর অনুপস্থিতিতে তাকে জায়গা পরিবর্তন করেও খেলতে হতে পারে।’
লা লিগায় ৩১ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে রিয়াল। ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আর ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।— গোল ডটকম