বিশ্রাম পেলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটানা খেলতে খেলতে আসলেই একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। কিছুদিনের বিশ্রাম চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠিও দিয়েছিলেন ওয়ানডে ও টেস্টের এক নম্বর এই অলরাউন্ডার। আর সেই আবেদন অবশেষে মঞ্জুর করেছে বিসিবি। এই মাসের ১৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সফরে যেতে হচ্ছে না সাকিবকে।আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘সাকিবের আবেদন বিবেচনা করে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গত দুই বছর ধরে তিনি যে রকম একটানা ক্রিকেট খেলছেন, সেটা বিবেচনা করেই তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে।’ ২০০৯ সালের শুরু থেকে সাকিব বাংলাদেশের পক্ষে খেলেছেন ১৫টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি ম্যাচ। এই বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তিনি মাঠে নেমেছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে। আর অল্প কয়েক দিন আগে শেষ হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপাজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ভিক্টোরিয়া এ বছরে লিগ শিরোপাও জিতেছে তাঁরই অধিনায়কত্বে।—ক্রিকইনফো