বিশ্রামে ক্ষুব্ধ অ্যান্ডারসন!
এ যেন উপকার করতে গিয়ে উল্টো তিরস্কার শোনা। দলের পেস আক্রমণের নেতা তিনি, দায়িত্বের বোঝাটা এমনিতেই ভারী। সামনেই অপেক্ষা করছে ম্যাচের পর ম্যাচ। ছোটখাটো কিছু চোটসমস্যাও আছে। দল সিরিজ জিতে যাওয়ায় তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে জেমস অ্যান্ডারসনকে। কিন্তু তাঁর ‘ভালোর’ জন্য নির্বাচকদের ভাবনাটা মোটেও ভালো লাগেনি অ্যান্ডারসনের। কাল ডেইলি মেইল-এ লেখা নিজের কলামে হতাশা মিশ্রিত ক্ষোভে ইংলিশ পেসার জানিয়ে দিয়েছেন, টেস্ট মিস করাটা ঠিক মানতে পারছেন না তিনি।প্রথম দুই টেস্টে এক নম্বরদের ধারণার চেয়েও বেশি চ্যালেঞ্জ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্ডারসনকেও যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে। বোলিং করতে হয়েছে ১১১ ওভার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পরই আছে ওয়ানডে সিরিজ। এরপর ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ, আছে ভারত সফর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টে ছোটখাটো কিছু চোট নিয়ে খানিকটা শুশ্রূষা নিতে হয়েছে অ্যান্ডারসনকে। ৩০ ছুঁই-ছুঁই পেসারকে তাই বিশ্রাম দেওয়াটাই শ্রেয় মনে হয়েছে প্রধান নির্বাচক জিওফ মিলারের, ‘আমরা জেমস অ্যান্ডারসনকে ব্যবহারে আরেকটু সতর্ক হতে চাইছি। এই গ্রীষ্মে এবং সামনে আরও অনেক ক্রিকেট আছে। দল ও জেমসের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’তবে যাঁর ‘স্বার্থে’ এই সিদ্ধান্ত, তিনি নিজেই এর কোনো প্রয়োজন দেখছেন না। ‘ছোটখাটো চোটসমস্যা আছে’ শুনেও বেশ চটেছেন অ্যান্ডারসন, ‘টেস্টে বাইরে থাকাটা আমার জন্য হবে খুবই হতাশাজনক। ক্লান্তি থাকলে বা চোটসমস্যা থাকলে না হয় একটা কথা ছিল। কিন্তু আমার বিশ্বাস, আমি খেলার মতো ফিট এবং যখন আমি ফিট, ইংল্যান্ডের হয়ে সম্ভব সব ম্যাচ খেলতে চাই।’এই সিরিজে অনেক ঘাম ঝরাতে হয়েছে মেনেও অ্যান্ডারসন বিশ্রামটাকে বাড়াবাড়ি মনে করছেন, ‘এটা ঠিক, এই সিরিজে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু পিঠোপিঠি টেস্টে সব সময়ই কষ্ট করতে হয়। আমরা এতেই অভ্যস্ত, এভাবেই মানিয়ে নিতে শিখেছি। আবার খেলতে প্রস্তুত হওয়ার মতো অবস্থায় আসতে পাঁচ দিন বিশ্রাম যথেষ্টরও বেশি।’ এএফপি।