বিশ্রামে চনমনে পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সম্প্রতি নতুন এক অভিজ্ঞতার স্বাদ পেলেন রিকি পন্টিং। ক্রিকেট-বিশ্বের নানা প্রান্তে ব্যস্ত সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়া, আর তিনি বসে আছেন দেশে। অফুরান বিশ্রাম! এটাই হওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়ার ব্যস্ততা ছিল শুধু রঙিন পোশাকে। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পন্টিং তো এখন শুধুই সাদা পোশাকের। এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের পর তাই পাঁচ মাসের বিরতি। আবার মাঠে নামলেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন ৯ ও ৩৪। অ্যাডিলেডে কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচটি চলছে। একমাত্র ইনিংসে অপরাজিত ৮৫ করেছেন ৭ ছক্কায়!বিরতিতে মরচে তো ধরেইনি বরং পন্টিং জানাচ্ছেন, নিজেকে আরও শাণিয়ে নিয়েছেন এই সময়টায়, ‘বিরতিটা একটু অদ্ভুতুড়ে ও অস্বাভাবিক লেগেছে। এত লম্বা বিরতিতে থাকার অভ্যাস নেই তো! তবে আগে থেকেই জানতাম এমন একটা বিরতি পড়ছে, আমাকে কী করতে হবে। গত গ্রীষ্মে নিজের ওপর যে অত্যাচার করেছি, শরীর ও মনের একটু বিশ্রাম প্রয়োজন ছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রথম দুই মাস শুধু বিশ্রাম নিয়েছি, কিছু করিনি। এরপর ১২ সপ্তাহ ধরে আবার কঠোর পরিশ্রম করেছি। কয়েক কেজি ওজন কমেছে। শারীরিকভাবে খুব ভালো অবস্থায় আছি ও ভালো বোধ করছি।’পন্টিংয়ের এই প্রস্তুতি সামনের ব্যস্ত মৌসুমের জন্য। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপরই তিন টেস্টের সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী বছরের মাঝামাঝি অ্যাশেজ, এরপর ভারত সফর। আপাতত ভাবনা দক্ষিণ আফ্রিকা সিরিজটা নিয়েই। টেস্টে ইংল্যান্ডের শীর্ষস্থান কেড়ে নিয়ে অস্ট্রেলিয়ায় আসছে প্রোটিয়ারা। স্মিথদের প্রাপ্য সম্মানটা দিচ্ছেন পন্টিং, তবে জানিয়ে দিলেন অস্ট্রেলিয়াও প্রস্তুত, ‘ওরা বিশ্বের এক নম্বর দল এবং সেটা এমনি এমনিই নয়। দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল ওরা। বিশ্বের সেরা ফাস্ট বোলিং আক্রমণ সম্ভবত এখন ওদের। ডি ভিলিয়ার্স কিপিং করায় ব্যাটিং গভীরতাও অনেক বেড়েছে। তবে এসব মাথায় রেখেও বলছি, ওরা আসলে কখনোই আমাদের ওপর সেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। দারুণ কিছু লড়াই অবশ্য হয়েছে। আমরা জানি, আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, ওদের পক্ষে আমাদের হারানো কঠিন হবে।’ ওয়েবসাইট।অস্ট্রেলিয়া সিরিজের দক্ষিণ আফ্রিকা দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, জ্যাক ক্যালিস, ররি ক্লেইনভেল্ড, মরনে মরকেল, আলভিরো পিটারসেন, রবিন পিটারসন, ভারনন ফিল্যান্ডার, জ্যাক রুডলফ, ডেল স্টেইন, থামি সোলেকিলে।