বিশ্রামে বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট
উসাইন বোল্ট

চোট ছিল, সেটা জয় করেছেন। চোখ রাঙাচ্ছিল জাস্টিন গ্যাটলিনের ফর্ম, হারিয়েছেন সেটিকেও। সবচেয়ে বড় প্রাপ্তি, তাঁর অজেয় সত্তার বিষয়ে ভক্তদের মনে যদি খানিক সংশয়ও জন্মে থাকে, গত মাসের বেইজিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেই বিশ্বাস ফিরিয়ে দিতে পেরেছেন উসাইন বোল্ট। তবে ক্লান্তি আর চোটের শঙ্কা থেকে এ বছর আর কোনো প্রতিযোগিতায় ট্র্যাকে নামছেন না বিশ্বের দ্রুততম মানব। অংশ নিচ্ছেন না আগামী শুক্রবার ব্রাসেলসে ডায়মন্ড লিগের মৌসুমের শেষ মিটেও। ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে গত কয়েক সপ্তাহের ধকলের পর ২০১৫ সালে আর কোনো দৌড়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি’—নিজের ফেসবুকে জানিয়েছেন বোল্ট। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে পঞ্চমবারের মতো ‘ট্রেবল’ জয়ী এই ২৯ বছর বয়সী স্প্রিন্টার সংখ্যাটাকে নিয়ে যেতে চান ছয়ে। সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত, ‘এখনই আগামী বছরের চিন্তা শুরু করে দিয়েছি আমি। ২০১৬ রিও অলিম্পিকটা নিয়েও ভাবছি, যেখানে ১০০, ২০০ ও ৪*১০০ মিটারের শিরোপা ধরে রাখতে লড়ব। নিজেকে আরও সতেজ করতে ট্রেনিং থেকেও বিরতি নিচ্ছি। আগামী মাসে ট্রেনিংয়ে ফিরব।’ এএফপি।