বিষণ্ন এক জন্মদিনে জয়ের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনটা শেষ পর্যন্ত বিষণ্নই কাটল শচীন টেন্ডুলকারের। সত্য সাঁই বাবার জন্য জন্মদিনের সব আয়োজন বাতিল করেছিলেন। ভারতের সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক গুরু মারা গেছেন। বিষণ্ন টেন্ডুলকার পরশু হোটেলে কক্ষের মধ্যেই আটকে রেখেছিলেন নিজেকে। শোনা যাচ্ছিল, মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ম্যাচটি খেলবেন না। শেষ পর্যন্ত মাঠে নেমেছেন। পিতার মৃত্যুতে ২০০৩ বিশ্বকাপেও এমন করে দেশ থেকে ঘুরে আবারও খেলতে নেমে গিয়েছিলেন মাঠে। সেবার সেঞ্চুরি করে সদ্যপ্রয়াত বাবার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কালও হায়দরাবাদ ডেকান চার্জাসের বিপক্ষে দারুণ শুরু করেছিলেন। কিন্তু ২৪ বলে ৪টি চারে ২৮ রান করার পর আউট হয়ে যান। সাঁই বাবার জন্য শ্রদ্ধার্ঘ্যটা অন্তত তাঁর মনমতো হলো না।তবে সেই মানসিক অবস্থা থেকে যে খেলতে নেমেছেন, এতেই টেন্ডুলকারের পিঠ চাপড়ে দেওয়া উচিত। হায়দরাবাদে যে হোটেলে উঠেছেন, সেই গ্র্যান্ড কাকাতিয়ার ম্যানেজার জানিয়েছেন, কাল সকালে নাশতা পর্যন্ত করেননি টেন্ডুলকার। সকালে সাঁই বাবার মৃত্যুসংবাদ এতটাই শোকগ্রস্ত করেছিল তাঁকে। আগের দিনও সাঁই বাবার সুস্থতা কামনা করে টুইট করেছিলেন। নিজের রুমের দরজায় ‘ডু নট ডিস্টার্ব’ ঝুলিয়ে রেখেছিলেন। দলের সতীর্থ-কর্মকর্তাদের সঙ্গেও নাকি কথা বলেননি। টেন্ডুলকারকে সান্ত্বনা জানাতে এগিয়ে আসেন মুম্বাই ইন্ডিয়ানসের মালিক নীতা আম্বানি। শেষ পর্যন্ত হয়তো সাঁই বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই মাঠে নামার সিদ্ধান্ত নেন। তাঁর দল মুম্বাইও ৩৭ রানের জয় নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭২ রান তুলেছিল মুম্বাই। রোহিত শর্মা ৫৬ আর অ্যান্ড্রু সাইমন্ডস ৪৪ রানের অপরাজিত দুটো ইনিংস খেলেছেন। জবাবে স্বাগতিক ডেকান ৮ উইকেটে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি। এদিনের আরেক ম্যাচে কোচি টাস্কার্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ওয়েবসাইট।