বিষণ্ন জিয়া প্রো-কাবাডিতে মুগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া
জিয়া

চারপাশে আলোর রোশনাই। সামনে বসা স্বপ্নের সব তারকা। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় তো আছেনই; আছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও। কিন্তু কিছুতেই মন জুড়াচ্ছে না তাঁর। পেশাদার কাবাডি লিগ, প্রো-কাবাডির প্রথম আসরে খেলতে ভারতে গেছেন জিয়াউর রহমান। কিন্তু অভিষেক-ঐশ্বরিয়াদের মতো বাংলাদেশের অধিনায়কও যে দর্শকের সারিতে! চোটের কাছে অসহায় আত্মসমর্পণ করে মনটা ভারি বিষণ্ন। শুধুই দলের সঙ্গে শহর থেকে শহরে ঘুরছেন একসময়ের এশিয়া-সেরা রেইডার।
২৬ জুলাই মুম্বাইয়ে শুরু হয়েছে প্রো-কাবাডি লিগ। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আট দলের লিগে মুম্বাইয়ের হয়ে নাম লিখিয়েছেন বাংলাদেশের দুই খেলোয়াড় জিয়াউর রহমান ও আরদুজ্জামান। মুম্বাই এ পর্যন্ত ১৩টি ম্যাচ খেললেও এক দিনও কোর্টে নামা হয়নি জিয়ার। উদ্বোধনী ম্যাচের আগের দিন প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন। সেটিরই জের হিসেবে কোচ রবি শেঠির চূড়ান্ত দলে আর জায়গা মিলছে না। তবে আরদুজ্জামান দুটি ম্যাচে খেলেছেন। ২১ আগস্ট জয়পুরে গিয়ে ৩১-৩১ পয়েন্টে ড্র করেছে মুম্বাই। অভিষেক বচ্চনের দল জয়পুরকে হারাতে না পেরে মনটা একটু খারাপই জিয়ার। এর চেয়েও বেশি খারাপ, এখনো কোর্টেই নামতে পারেননি বলে। জয়পুর থেকে টেলিফোনে ভেসে আসা জিয়ার কণ্ঠস্বরেও তাই বিষণ্নতার ছোঁয়া, ‘আমার দুর্ভাগ্য, একটি ম্যাচও খেলতে পারিনি। অথচ অনেক আশা নিয়ে এসেছিলাম। তবে সবার সঙ্গে মাঠে যাচ্ছি। খেলা দেখছি, অনুশীলনও করছি।’
আশার কথা, ধীরে ধীরে ফিট হয়ে উঠেছেন জিয়া। কোচ তাঁকে আশ্বস্ত করেছেন, পরের ম্যাচেই হয়তো খেলাবেন। ক্রিকেটের আইপিএলের আদলে অনেক আগেই ভারতে চালু হয়েছে হকি লিগ। চালু হচ্ছে ফুটবল লিগও। মাঝখানে স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটকে যেন ভালোমতোই চ্যালেঞ্জ জানিয়ে বসেছে প্রো-কাবাডি। টেলিভিশনের প্রাইমটাইমটা এখন বলতে গেলে তাদেরই দখলে। অনেক দিন থেকেই ভারত এশিয়ান কাবাডিতে সেরা। আর কাবাডিতে এশিয়ান শ্রেষ্ঠত্ব মানেই বিশ্বশ্রেষ্ঠত্ব। তার পরও খেলাটিতে ঝলমলে ব্যাপারটা ছিল না। শিল্পপতি আর বলিউড তারকারা মিলে সেটিই নিয়ে এসেছেন কাবাডিতে। টেলিভিশনে এমনভাবে দেখানো হচ্ছে, কাবাডিতে আগ্রহ নেই, এমন দর্শকও আগ্রহভরে তা দেখছেন। জিয়াউরের চোখ ধাঁধিয়ে গেছে এই আয়োজনে, ‘প্রথম দিন মুম্বাইয়ে এসেই আমি অবাক। কী জমকালো উদ্বোধনী অনুষ্ঠান! শাহরুখ খান, অভিষেক বচ্চনদের সঙ্গে ছবি তুলেছি। বাংলাদেশ থেকে এসেছি শুনে খুব খুশি হয়েছেন শাহরুখ।’ শুধু প্রো-কাবাডি নয়, ভারতে এখন বিশ্ব কাবাডি লিগেরও জোয়ার। অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা পেশাদার কাবাডির বিশ্ব সংস্করণের অংশীদার। প্রো-কাবাডির পাশাপাশি ভারতে এখন বিশ্ব কাবাডি লিগের ম্যাচও চলছে। কাবাডি নিয়ে ভারতীয়দের এই উন্মাদনা দেখে শুধুই অবাক হন জিয়া, ‘কাবাডি লিগকে যে এতটা আকর্ষণীয় করা যায়, এখানে না এলে আমি বুঝতামই না।’ জানালেন, ভারতে নিবন্ধিত কাবাডি ক্লাবের সংখ্যা তিন হাজার ৯০০। এর মধ্যে শুধু মুম্বাইয়েই ৭০০ ক্লাব। প্রতিটি রাজ্যের ইনডোর স্টেডিয়ামগুলো দর্শকে কানায় কানায় ভর্তি থাকছে। জিয়া জানালেন, ‘এখানে প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে দর্শকভর্তি থাকে। এমনকি ব্ল্যাকেও টিকিট বিক্রি হয়।’ লিগে অংশ নেওয়া আটটি শহরে খেলতে গেলেও জিয়াদের ভালোভাবে ঘোরার সুযোগ হয় না সব সময়। তবে জানালেন, জয়পুরের বিখ্যাত বিড়লা মন্দিরে গিয়েছিলেন, ‘জয়পুরের ম্যাচের পরদিন দলের সবাই মন্দিরে পূজা দিতে গিয়েছিল। আমি আর আরদুজ্জামান বাইরে দাঁড়িয়ে মন্দির দেখলাম।’
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি আর জিয়াউর সেই খেলার জাতীয় দলের অধিনায়ক। অথচ বাংলাদেশে যে সম্মানটা পান না, সেটিই পাচ্ছেন ভারতে গিয়ে। তাতে আপ্লুত জিয়াউরের বুক থেকে প্রো-কাবাডির পেশাদারি আয়োজন দেখে দীর্ঘশ্বাস পড়ে—‘বাংলাদেশেও কি কাবাডির এমন একটা টুর্নামেন্ট আয়োজন করা যায় না?’