বিষণ্ন'জন্মদিন' গেল টি-টোয়েন্টির!

দেখতে দেখতেই ১০টি বছর পেরিয়ে গেল। ২০০৩ সালের ১৩ জুন ইংল্যান্ডে যখন প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছিল, কল্পনাও করা যায়নি এত দ্রুত জনপ্রিয়তা অর্জন করে ফেলতে পারবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণটি। কিন্তু বাস্তবে তা-ই ঘটেছে। অনেক সংশয়-সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনপ্রিয়তার শীর্ষে টি-টোয়েন্টি ক্রিকেট। তবে ১০ বছর পূর্তির সময় টি-টোয়েন্টি ক্রিকেটে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে বিতর্ক আর কেলেঙ্কারি। যে টি-টোয়েন্টিকে বিবেচনা করা হয়েছিল ক্রিকেটকে জনপ্রিয় করার উপায় হিসেবে, সেটি এখন খোদ খেলাটির ভাবমূর্তির জন্যই একরকম হুমকি!
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বেশি সুফল ঘরে তুলছে ভারতই। যদিও ক্রিকেটের আবিষ্কর্তা ইংল্যান্ডই এই খেলারও জন্ম দিয়েছিল। মাঠে এবং টিভিতেও ক্রিকেটের দর্শকসংখ্যা ভীষণভাবে কমে আসার পরিপ্রেক্ষিতে আবির্ভাব হয়েছিল এই সোনার ডিমপাড়া হাঁসটির। ইংলিশ ক্রিকেট বোর্ডের বিপণন ব্যবস্থাপক স্টুয়ার্ট রবার্টসন এই ‘আলাদিনের চেরাগ’ নিয়ে হাজির হয়েছিলেন। দৈর্ঘ্যে অর্ধেক কিন্তু উত্তেজনায় দ্বিগুণ—এই ছিল টি-টোয়েন্টির শুরুর দিককার স্লোগান।
টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয়তার শিখরে উঠেছে ভারতের ঘরোয়া লিগ আইপিএলের বদৌলতে। আইপিএলের আগেই অবশ্য ভারতে শুরু হয়ে গিয়েছিল বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল। তাতে যোগ দিয়েছিলেন বাংলাদেশের শীর্ষ অনেক ক্রিকেটারও। শেষ পর্যন্ত আইসিএলকে হটিয়ে দেয় আইপিএল। কোটি কোটি ডলারের বাণিজ্য-সম্ভাবনা নিয়ে তরতর করে এগিয়ে যায় আইপিএল।
অথচ এই ভারতই প্রথমে নাক সিটকিয়েছিল ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণটি নিয়ে। ২০০৭ সালে আইসিসি যখন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিয়েছিল, শুরুতে অংশই নিতে চায়নি ভারত। কিন্তু পরে তারাই জিতে নেয় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।
আর এ ঘটনাটিই অনেকাংশে বদলে দেয় ক্রিকেট দুনিয়ার চালচিত্র। পরের বছরই ভারত আয়োজন করে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএল। প্রথম আসরেই বাজিমাত করে ভারতীয় প্রিমিয়ার লিগ। বলিউডের গ্ল্যামার আর সারা দুনিয়ার তারকা ক্রিকেটারের উপস্থিতি দিয়ে বিশ্বক্রিকেটের মনোযোগ আকর্ষণ করে নেয় আইপিএল।
কিন্তু ষষ্ঠ আসরে এসে ক্রিকেটপ্রেমীদের বড় একটা ধাক্কা দিয়েছে আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি। প্রশ্ন উঠেছে উত্তাপ-উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও। শুধু আইপিএলই নয়, ম্যাচ পাতানো কেলেঙ্কারি আলোড়ন তুলেছে বাংলাদেশের ক্রিকেটেও। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা নিজেই স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম বড় তারকা মোহাম্মদ আশরাফুল।
ক্রিকেটের শুদ্ধবাদীরা আগে থেকেই মারকাটারি এই খেলাটি নিয়ে নাখোশ ছিলেন। এর ওপর আইপিএলের সুবাদে ক্রিকেটে ঢুকে পড়েছে প্রেরণাবালিকাদের নাচন-কুর্দন। আগে থেকে নাক সিটকাচ্ছিলেন যাঁরা, সর্বশেষ কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তাঁরা আরও সোচ্চার।
শুরু থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটের বড় সমালোচক ছিলেন অর্জুনা রানাতুঙ্গা। কুড়ি-কুড়ি ওভারের এ খেলাটি নাকি তাঁর কাছে ‘দুই মিনিটের ম্যাগি নুডলস’। টি-টোয়েন্টি ক্রিকেটের আর অর্থকড়ির ঝনঝনানির কাছে ক্রিকেটের চিরাচরিত সৌন্দর্য রূপ হারাচ্ছে বলে স্পষ্ট মত দিয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের সবকিছুই পরিচালিত হয় টাকা-পয়সা ঘিরে। কীভাবে দ্রুত অর্থ উপার্জন করা যায়, এটাই এখানে মুখ্য ব্যাপার। টি-টোয়েন্টির পথে হেঁটে আমরা ক্রিকেটটাকেই ধ্বংস করে দিচ্ছি। যখন একজন দর্শকের কাছে খেলাটির বিশ্বাসযোগ্যতা হারায়, তখন আমরা পড়ে যাই খাদের মুখে।’
টি-টোয়েন্টির আবির্ভাব টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ও হুমকির মুখে ফেলে দিয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। এই ক্রিকেট ব্যাটসম্যানদের ‘বেসবল হিটারে’ পরিণত করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘এখন ক্রিকেট খেলুড়ে দেশগুলো বেশি বেশি টি-টোয়েন্টিই খেলতে চায়। আর এ জন্য তারা টেস্ট সিরিজগুলোকে অগ্রাহ্য করছে। যদি বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলো চলতে থাকে, আমার ভয় হয়, টেস্ট ক্রিকেট আদৌ বেঁচে থাকবে কি না।’
তবে যতই সমালোচনা হোক, টি-টোয়েন্টি ক্রিকেটের প্রসার থেমে থাকবে না। এ বছর আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর প্রতিযোগিতাটি বন্ধ করে দেওয়ার দাবি উঠেছিল ভারতের একটা বড় অংশ থেকে। কিন্তু তেমন সম্ভাবনা নাকচ করে এখন খেলাটিকে সাফসুতরো করার দিকেই মনোযোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের কর্তাব্যক্তিরা। সে উদ্যোগে কতটা সফলতা আসবে, তা সময়ই বলে দেবে। তবে টি-টোয়েন্টির জাঁকজমকের নিচে খেলাটির চিরাচরিত সৌন্দর্য যেন হারিয়ে না যায়, সেই চাওয়াটা আজীবনই থাকবে ক্রিকেটপ্রেমীদের।