প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নায়ুচাপটা আর নিতে পারছিলেন না জন প্রাইক। প্রিয় দলের পক্ষে বাজি ধরেই তুলকালাম ফেলে দিয়েছিলেন। লেস্টার সিটি চ্যাম্পিয়ন হতে পারে, সেটা মৌসুম শুরুর আগে নিশ্চয়ই কেউ ভাবেননি। কিন্তু প্রাইক প্রিয় দলের পক্ষে ২০ পাউন্ড বাজি ধরে ফেলেছিলেন। লেস্টার চ্যাম্পিয়ন হলে পেয়ে যেতেন ১ লাখ পাউন্ড। ‘পেয়ে’ যেতেন বলতে হচ্ছে, কারণ প্রাইক শেষ পর্যন্ত ২৯ হাজার পাউন্ডেই সন্তুষ্ট থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বাজিকর প্রতিষ্ঠানই তাঁকে প্রস্তাব দিয়েছিল, শেষ পর্যন্ত অপেক্ষা না করতে চাইলে প্রাইক এখন ২৯ হাজার পাউন্ড নিয়ে সরে যেতে পারেন। অনেক চিন্তাভাবনা করেই প্রাইক সেই সিদ্ধান্তই নিয়েছেন। এ মুহূর্তে লেস্টারই শীর্ষে, কিন্তু প্রিমিয়ার লিগে যেভাবে নাটক হচ্ছে, তাতে মৌসুম শেষে কী হয় বলা কঠিন। চাপটা তাই আর নিতে পারেননি। কিন্তু মৌসুম শেষে আফসোস করবেন না তো? ইএসপিএন।