বিষাদ-হতাশা-হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দাহোয়াম’, ‘দাহোয়াম’। গত দুই বছরে মিউনিখে সম্ভবত সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ। বাভারিয়ার এই আঞ্চলিক শব্দটির মানে ‘ঘরে (অ্যাট হোম)।’ দুই বছর ধরে এ রাতটার অপেক্ষায় ছিল বাভারিয়ানরা। যেদিন ঘোষিত হলো ২০১২ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে মিউনিখে, সেদিন থেকেই স্বপ্ন দেখার শুরু। পরশু ছিল সেই স্বপ্নপূরণের রাত। উৎসব-উচ্ছ্বাসের আয়োজন ছিল প্রস্তুত। এই রাতটাই কি না এনে দিল এমন হতাশা। আলিয়াঞ্জ অ্যারেনা আর মিউনিখের অলিগলিতে আনন্দ-ঝংকারের বদলে বেজে উঠল বিষাদের রাগিণী।ম্যাচ শেষে চেলসির ফুটবলাররা যখন আনন্দে দিগ্বিদিকশূন্য হয়ে দৌড়াচ্ছে, আনন্দে লুটোপুটি খাচ্ছে সব নীল জার্সি, পাশেই তখন হতাশায় নুয়ে পড়ছে একেকটি লাল জার্সি। ওলিচ-শোয়েনস্টাইগাররা যেন মুখ তুলতেও লজ্জা পাচ্ছিলেন! ম্যানুয়েল নয়্যার পরে জানালেন, ড্রেসিংরুমেও ছিল কবরের নিস্তব্ধতা, ‘এ হতাশার কোনো শেষ নেই। ড্রেসিংরুমেও সবাই মাথা নিচু করে বসেছিল। কেউই খুব একটা মুখ খুলছিল না।’ আগের শনিবার জার্মান কাপে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে (৫-২) উড়ে গিয়েছিল বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ছিল বলে তবু ওই হতাশা সেভাবে ছোঁয়নি। কিন্তু আরেকটা শনিবারের রাতও মিউনিখকে ঢেকে দিল হতাশার চাদরে। এই নিয়ে সর্বশেষ চারটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালের তিনটিতেই হারল বায়ার্ন মিউনিখ। দুই বছর আগে বার্নাব্যুতে হেরেছিল হোসে মরিনহোর ইন্টার মিলানের কাছে। ইন্টারের এক কীর্তি ছোঁয়ার সুযোগও হাতছাড়া হলো। সর্বশেষ নিজের মাঠে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট জিতেছে ইন্টারই, ১৯৬৫ সালে। ব্যর্থতার খতিয়ান শেষ নয় এখানেই, ১৯৯৫-৯৬ মৌসুমের পর এই প্রথম টানা দুই মৌসুম ট্রফিহীন কাটাতে হচ্ছে জার্মান ‘দৈত্য’দের। লিগ, কাপ—কিছুই জেতা হয়নি!টাইব্রেকার মানে ভাগ্যের খেলা, ভাগ্যদেবীকে দায় দিতে পারে বাভারিয়ানরা। তবে কোচ ইয়ুপ হেইঙ্কস কিন্তু দায় দিচ্ছেন নিজেদের ব্যর্থতাকেই, ‘পেনাল্টি লটারির মতো, ইতিহাস তাই বলে। ভাগ্য আজ চেলসির পক্ষে ছিল। ওরা যেটা সবচেয়ে ভালো পারে, সেভাবেই খেলেছে। দারুণ প্রতিরোধ গড়েছে ওরা, রক্ষণ ছিল সুসংগঠিত। নিজেদের ধরনে খেলার জন্য চেলসিকে আমরা দায় দিতে পারি না। গোলের এতগুলো সুযোগ পেলে কাজে লাগানো উচিত। আমরা সেটা পারিনি, ফলটাও ভোগ করতে হচ্ছে।’যাঁর গোল দলকে শিরোপার খুব কাছে নিয়ে গিয়েছিল, সেই টমাস মুলার আবার আশ্রয় খুঁজলেন দর্শনে, ‘এটাই ফুটবল। আগেও যেমন আমরা অনেকবার দেখেছি যোগ্য দল শিরোপা জেতে না। হতাশা প্রকাশের ভাষা নেই। তবে ফুটবলই তো আর সবকিছু নয়! এএফপি, রয়টার্স।