বিষাদের রেণু, হতাশার রোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎ​সবের জন্য প্রস্তুত ছিল সবাই। কিন্তু টিএসসি পরিণত হয়েছে বিষাদের নগরীতে। ছবি: এএফপি
উৎ​সবের জন্য প্রস্তুত ছিল সবাই। কিন্তু টিএসসি পরিণত হয়েছে বিষাদের নগরীতে। ছবি: এএফপি

বাংলাদেশ জিতলে উৎসবের আবির ছড়িয়ে পড়ে গোটা দেশেই। আর সেই উৎসবের কেন্দ্র বরাবর ঢাকা। হারলেও একই ছবি। হতাশা ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে এটি সবচেয়ে বেশি অনুভূত হয় রাজধানীতেই। কাল ভারতের সঙ্গে ১ রানে হারের বাংলাদেশ দলের ড্রেসিংরুমের কী অবস্থা, জানার উপায় নেই। তবে সেটি যে শোক-বাড়িতে রূপ নিয়েছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আর ঢাকা যেন পরিণত হয়েছে ‘শোকের নগরী’তে।

আগের রাতে পরাজয়ের ধাক্কা সামলে সকালে এই শহরের কাঁচাবাজারের চিত্রও গেছে বদলে। নিত্যদিনের ভিড়-ভাট্টা হঠাৎ কীভাবে যেন উধাও! ধাক্কা-ধাক্কি, হল্লা-হাটির জায়গায় কেমন অদ্ভুত নীরবতায় ঢাকা চারদিক। জীবিকার তাগিদে দোকানিরা এলেও ক্রেতার আসেননি আগের রাতের পরাজয়ের যন্ত্রণায়। মনটা ভালো নেই, কোথাও বেরোতে ইচ্ছে করছে না তাদের। ক্রেতা কম থাকায় নিজেদের আর্থিক ক্ষতি হয়েছে। তবুও মেনে নিয়েছেন। বাংলাদেশের হারটা যে তাদেরও স্পর্শ করছে।
চায়ের দোকান, রাস্তা-ঘাট, পাবলিক বাস, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস পাড়া—সবখানেই জেঁকে বসেছে বিষণ্নতা, হাহাকার। এমন হারে রাতে অনেকের ঘুম হয়নি ঠিকমতো। বারবার চোখে ভেসে উঠছে হার্দিক পান্ডিয়ার ওভারের শেষ তিন বলটা। জয় হাতের মুঠোয় এসেও কীভাবে ফসকে গেল পর পর তিন আউটে। ক্রিকেটই আজ নগরীর আলোচনার বিষয়বস্তু। ‘মাহমুদউল্লাহ-মুশফিকের ওভাবে খেলার কী দরকার ছিল?’, ‘মুস্তাফিজুর রহমানের শেষ দৌড়ে কেন অমন জড়তা?’—সব প্রশ্ন মিলছে এক মোহনায়, ‘এমনভাবে কেউ হারে!’
বাংলাদেশের কাছে পরাজয় নতুন কিছু নয়। ভারতের কাছেও এই প্রথম হার, তাও নয়। কিংবা ক্রিকেট এই প্রথম ১ রানের হার দেখা গেল, সেটিও নয়। শুধু টি-টোয়েন্টিতে ১ রানে পরাজয় দেখা গেছে ৯ বার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের ১ রানে জেতার অভিজ্ঞতাও রয়েছে। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের সঙ্গে যে ম্যাচটি বাংলাদেশ ১ রানে জিতল সেটিতে প্রথম ব্যাটিং করে মাশরাফিরা করেছিল ১৪৬ রান। কাল ধোনিরা কিন্তু তা-ই করল। আইরিশরা থেমেছিল ১৪৫ রানে। কাল বাংলাদেশও তা-ই।
২০১২ এশিয়া কাপের সেই কান্নাভেজা ফাইনালের সঙ্গেও এই ম্যাচের তুলনা হয় না। কিন্তু উপলক্ষ, পরিস্থিতি, মাঠ আর প্রতিপক্ষ বিবেচনায় পরাজয়টা বহুদিন আক্ষেপের সুর হয়ে বাজবে বাংলাদেশের ক্রিকেটে। ভারতের মাটিতে ভারতকে হারানোর এমন সুযোগ কি রোজ রোজ মিলবে?
প্রশ্ন হতে পারে, এমন পরাজয়ে কেন ভেঙে পড়ে ঢাকা কিংবা গোটা দেশ? স্পষ্টতই বাংলাদেশের ক্রিকেট জাতীয় পরিচয়ের একটা উপাদান হয়ে উঠেছে এখন। ফুটবল কিংবা অন্যান্য খেলায় কাঙ্ক্ষিত সাফল্য না আসায় ক্রিকেটকে এখন পুরো জাতির আশা-আকাঙ্ক্ষার ভার বহনের দায়িত্ব নিতে হচ্ছে। এই খেলাটায় যখন বাংলাদেশ সাফল্য পায় তখন আনন্দে ভাসে সারা দেশ আর ব্যর্থ হলে ভেঙে পড়ে ১৬ কোটি মানুষ। এখন যেমনটা হচ্ছে।