প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৪ বিশ্বকাপে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছিলেন রজার মিলা। রাশিয়ার বিপক্ষে মাঠে নামার দিন তাঁর বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড এটাই। ওই ম্যাচে গোলও করেছিলেন ক্যামেরুন স্ট্রাইকার। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে গোল করার রেকর্ডটাও তাই তাঁরই। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলেছেন উত্তর আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ বিশ্বকাপে যুগোস্লাভিয়ার বিপক্ষে মাঠে নামার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৪১ দিন। সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটা কিন্তু তাঁর নয়; পেলের। ব্রাজিল কিংবদন্তি ১৯৫৮ বিশ্বকাপে গোল করেন মাত্র ১৭ বছর বয়সে। ওই বিশ্বকাপে জিতেছিল ব্রাজিল। সবচেয়ে কম বয়সে শিরোপা জেতার রেকর্ডটাও পেলের। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জিতেছেন দিনো জফ। ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালির অধিনায়কের বয়স ছিল ৪০ বছর।