বিসিএলে খেলছেন মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

চোট কাটিয়ে ফেরার পর থেকে গত কয়েক মাসে ওজন কমিয়েছেন প্রায় ১৬ কেজি। এই ছিপছিপে শরীরের মাশরাফি মুর্তজা মনে করিয়ে দেন এক যুগ আগের সেই টগবগে মাশরাফিকে। সহজাত হালকা গড়নের নাসির হোসেন ও শফিউল ইসলামকে বাদ দিলে জাতীয় সতীর্থদের মধ্যে তাঁর শরীরটাই সবচেয়ে বেশি নির্মেদ। এই ফিটনেসটাই মাশরাফিকে ভরসা দিচ্ছে একটু সাহসী হতে। মাঠে নামতে যাচ্ছেন দীর্ঘ পরিসরের ক্রিকেটে, খেলবেন ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিসিএলের দ্বিতীয় আসরে।
দীর্ঘ চোট কাটিয়ে গত সেপ্টেম্বরে মাশরাফি মাঠে ফেরেন দীর্ঘ পরিসরের ক্রিকেট দিয়েই। তবে স্বীকৃত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, নিউজিল্যান্ড সিরিজের আগে সেটি ছিল বাংলাদেশ লাল ও সবুজ দলের প্রস্তুতি ম্যাচ। ২০০৯ সালের জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলার পর গত সাড়ে চার বছরে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন মাত্র দুটি। দুটিই জাতীয় লিগে, ২০১০ সালের জানুয়ারিতে ও ২০১২ সালের নভেম্বরে।
এবার বিসিএলে খেলার ইচ্ছেটা নিজেই জানিয়ে রেখেছিলেন নির্বাচকদের। কেন এই তাগিদ অনুভব করলেন, কাল সেটি ব্যাখ্যা করলেন ৩০ বছর বয়সী পেসার, ‘সামনে অনেক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আছে। আমি যেহেতু এখন টেস্ট খেলছি না, তাই প্রস্তুতির জন্য আর নিজেকে খেলার মধ্যে রাখার জন্যই বিসিএল খেলতে চেয়েছি। আর ভাবলাম খেলে দেখি লঙ্গার ভার্সন, কেমন বোধ করি!’ এই ‘কেমন বোধ’ করার সঙ্গে কি তবে নিকট ভবিষ্যতের কোনো ভাবনা জড়িয়ে আছে? ইঙ্গিতটা বুঝতে পেরে মাশরাফির উত্তর, ‘নাহ্, এখনই টেস্ট নিয়ে ভাবছি না। খেলতে তো ইচ্ছে করেই, কিন্তু শরীর নিয়ে আপাতত কোনো ঝুঁকি নেওয়ার সুযোগ নেই।’
প্রধান নির্বাচক ফারুক আহমেদও বললেন একই কথা, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার মাশরাফি। এই দুই ফরম্যাটে আগে আমরা ওকে নিশ্চিত করে পেতে চাই। এ জন্যই ওর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নিয়েছি যে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেললে ধকল সইতে পারবে কি না। তবে এখন যেহেতু ওকে বেশ ফিট মনে হচ্ছে, ওরও খেলার আগ্রহ অনেক, কাজেই দেখা যাক। তবে টেস্টে এখনই ওকে ভাবছি না।’
নড়াইলের ছেলে মাশরাফি ক্যারিয়ারজুড়ে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেললেও বিসিএলে খেলবেন চট্টগ্রাম-সিলেটের প্রতিনিধিত্বকারী পূর্বাঞ্চলের হয়ে। দলগুলোর শক্তির সমন্বয়ের স্বার্থেই মূলত এই সিদ্ধান্ত, জানালেন ফারুক আহমেদ। তা ছাড়া পূর্বাঞ্চল দলে আছেন আরেক চোটপ্রবণ পেসার শফিউল ইসলাম, দুজনকে একসঙ্গে না খেলানোর ব্যাপারটিও আছে।

মাশরাফির অন্তর্ভুক্তি আর টুকটাক একটু এদিক-সেদিক ব্যতীত খুব বেশি বদলানো হয়নি গত বছরের দল। ‘স্কোয়াড দেখেই যেহেতু গত বছর দল পছন্দ করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, তাই খুব বেশি নড়চড় করা হয়নি’—জানালেন প্রধান নির্বাচক। ২০ জনের দল বাছাই করে দিয়েছেন নির্বাচকেরা, এখান থেকে ১৫ জনের স্কোয়াড গড়বে ফ্র্যাঞ্চাইজিরা। ১২ জানুয়ারি প্রথম রাউন্ডে বিকেএসপি-২ মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চলের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বিকেএসপি-৩ মাঠে বিসিবি উত্তরাঞ্চলের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। দ্বিতীয় রাউন্ড ১৮ জানুয়ারি থেকে। আর শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের রিপোর্টিং হওয়ার কথা ২২ জানুয়ারি।