বিসিবি অধিকার চায়, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে আগামীকাল থেকে শুরু আইসিসির নির্বাহী বোর্ডের সভায় নিজেদের ‘অধিকার’ আদায় করতে চায় বাংলাদেশ। প্রতিশ্রুতিটা দিলেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। যদিও এই উদ্যোগ শুধুই আনুষ্ঠানিকতা। বাস্তবতা হলো আইসিসির সভাপতি পদের জন্য বর্তমান আবর্তন-প্রক্রিয়াটি হংকং সভাতেই বিলুপ্ত হয়ে যাবে। ২০১৪ সালের পর বাংলাদেশ থেকে আইসিসি সভাপতি হওয়ার কথা থাকলেও সেটি তাই আর হচ্ছে না।দুই দিনব্যাপী সভায় যোগ দিতে আজ হংকংয়ে যাবেন বোর্ড সভাপতি মুস্তফা কামাল। তার আগে কাল বিসিবি অফিসে তিনি বলেছেন, ‘আমরা চাচ্ছি, একটি রোটেশন (আবর্তন) অন্তত শেষ হোক। তাহলে সবাই সমান সুযোগ পাবে। নতুন আইন এরপর বাস্তবায়ন হোক। আইসিসির সভায় আমরা এটাই বলব।’ তবে ওটা বলাই যে সার হবে সে আভাস দিয়েছেন পরের বাক্যেই, ‘...কতটা সফল হব জানি না।’আবর্তন-প্রক্রিয়া অনুযায়ী ২০১২ সালে আইসিসির সভাপতি হওয়ার কথা বর্তমান সহসভাপতি অ্যালান আইজাকের। তাঁর সঙ্গে সহসভাপতি হওয়ার কথা বাংলাদেশ অথবা পাকিস্তানের প্রতিনিধির। যিনি সহসভাপতি হবেন, ২০১৪ সালের পর তিনিই হবেন আইসিসির সভাপতি। পাকিস্তান থেকে এর মধ্যেই এহসান মানি বোর্ড সভাপতি হওয়ায় বিসিবি মনে করে, পরবর্তী সুযোগে পদটা বাংলাদেশেরই প্রাপ্য। হংকংয়ের সভায় আইসিসির গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনী অনুমোদন হয়ে গেলে সেই সুযোগ আর থাকবে না। সভাপতি কে হবেন বা কোন প্রক্রিয়ায় হবেন, সেটা তখন ঠিক করবে নির্বাহী বোর্ড।প্রস্তাবিত সংশোধনীর বিরুদ্ধে পিসিবি শুরু থেকেই সোচ্চার। হংকংয়ের উদ্দেশে পাকিস্তান ছাড়ার আগেও পিসিবি সভাপতি ইজাজ বাট জোর গলায় অধিকার আদায়ের কথা বলেছেন। বিসিবি সভাপতি অবশ্য অতটা কঠোর নন। আবর্তনের পদ্ধতি শেষ করার দাবি জানালেও প্রস্তাবিত সংশোধনীতে ক্রিকেটের একটা শুভ দিকও দেখেন, ‘এটা ভালো। রোটেশন পদ্ধতির সুযোগ নিয়ে যদি কখনো সভাপতি হিসেবে এমন কারও নাম চলে আসে যিনি গ্রহণযোগ্য নন, তখন কী হবে?’ওদিকে ভারতীয় মিডিয়া কয়েক দিন ধরেই বলছে, আবর্তন পদ্ধতি থেকে বাংলাদেশ অধিকার প্রত্যাহার করে নিয়েছে। বিসিবি নাকি প্রস্তাবিত সংশোধনীকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছে বিসিসিআইকে। দ্য টেলিগ্রাফ এই সমর্থনের পেছনে খুঁজে পেয়েছে দেওয়া-নেওয়ার গন্ধ। একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘বিসিসিআই চায় আবর্তন পদ্ধতি আর না থাকুক এবং বিসিবি স্পষ্টই তাদের সে ইচ্ছার কাছে সমর্পিত হয়েছে। বিনিময়ে বিসিবিকেও কিছু দেওয়ার প্রতিশ্রুতি হয়তো থাকবে। তবে ঘটনা যা-ই হোক, এটা কেলেঙ্কারি ছাড়া আর কিছুই না।’ বিসিবি সভাপতি এ ব্যাপারে কিছু বলেননি, তবে বিষয়টা নিয়ে বিসিসিআইর সঙ্গে আলাপ করার কথা স্বীকার করেছেন।অধিকার আদায়ে বাংলাদেশ ‘সোচ্চার’ হলেও জানা গেছে, বিসিবির ওপর আস্থা রাখতে পারছে না বিসিসিআই। তাদের আশঙ্কা, বিসিবি-পিসিবির হাতে সুযোগ চলে গেলে আইসিসি সভাপতি মনোনীত হবেন পাকিস্তান থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে সেই সুযোগ দিতে চায় না বলেই আবর্তন-প্রক্রিয়ার বিলুপ্তি চাইছে ভারতীয় বোর্ড।ক্রিকেটকে সরকারি হস্তক্ষেপমুক্ত করতে ২০১২ সালের এপ্রিল থেকে সদস্যদেশগুলোর বোর্ড সভাপতি হবে নির্বাচিত—আইসিসির সভায় হওয়ার কথা এমন সিদ্ধান্তও। বিসিবি সভাপতি সমর্থন করছেন এই সংশোধনীটিও, ‘আমরাও নির্বাচন চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ভীষণ জরুরি। ধরুন এখন যদি তত্ত্বাবধায়ক সরকার আসে বোর্ড সভাপতি পদেও পরিবর্তন আসবে। সভাপতি নির্বাচিত হলে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে মেয়াদ শেষ হওয়ার আগে সরানো যাবে না।’বাংলাদেশ দলের নতুন কোচ প্রসঙ্গেও কথা বলেছেন বিসিবির সভাপতি। তবে তাতে নতুন কিছু নেই, ‘আমরা কোচ পেয়ে গেছি। তবে এখনই তাঁর নাম বলা যাবে না। আমাদের সঙ্গে সবকিছু চূড়ান্ত করলেও তিনি এখন যেখানে আছেন, সেখান থেকে অনুমতি নেননি। এর জন্য তাঁকে একটু সময় দিতে হবে।’