বিসিবি অ্যাডহক কমিটিতে দুর্জয়-সুজন
মেয়াদ শেষের পরবর্তী তিন মাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা করার জন্য ১৩ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। এই তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন পরিচালনা কমিটি গঠন করবে নাজমুল হাসানের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। চলতি মাসেই ক্রিকেট বোর্ডের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ার পর সংশোধিত বিধান অনুযায়ী কীভাবে পরবর্তী কমিটি নির্বাচন করা হবে, তা নিয়ে সংশয় ছিল। অ্যাডহক কমিটি ঘোষণা করায় সেই সংশয়ের অবসান হয়েছে বলে মনে করছেন ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসানকে প্রধান করে ১৩ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত স্থায়ী বর্তমান কমিটির আরও পাঁচ সদস্যকে রাখা হয়েছে অ্যাডহক কমিটিতে। তাঁরা হলেন, আহমেদ সাজ্জাদুল আলম, মাহবুবুল আনাম, এনায়েত হোসেন সিরাজ, গাজী আশরাফ হোসেন লিপু ও জালাল ইউনুস। কমিটির অন্য সদস্যরা হলেন, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়, লোকমান হোসেন ভূঁইয়া, ইসমাইল হায়দার মল্লিক, গাজী গোলাম মোর্তজা, আফজালুর রহমান সিনহা ও এ জে এম নাসিরুদ্দিন। ক্রিকইনফো।