বিসিবি আশ্বস্ত, শ্রীলঙ্কা আসছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিসির সভায় সিদ্ধান্ত হয়ে গেছে এশিয়া কাপ বাংলাদেশেই হবে। তার পরও গুঞ্জন-ফিসফাস কমছিল না। সবার দৃষ্টি ছিল গতকাল দুবাইয়ে হওয়া আইসিসির বাণিজ্যিক শাখা আইডিআইয়ের সভার দিকে। এই সভা থেকেও সুখবরই এল। শ্রীলঙ্কা দল যথাসময়ে সিরিজ খেলতে আসবে বাংলাদেশে, বাংলাদেশ থেকে যাচ্ছে না এশিয়া কাপও।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সভা শেষে টেলিফোনে বলেছেন, ‘সবার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি জয়ন্থা ধর্মদাসা নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা দল বাংলাদেশ সফর করবে। পিসিবিপ্রধানও এশিয়া কাপে আসার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।’ এক বিবৃতিতে একই রকম বক্তব্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও, ‘এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট) প্রতিনিধিরা নিশ্চিত করেছেন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা দল বাংলাদেশ সফর করবে। একই সঙ্গে তারা এই সফরের জন্য নিরাপত্তাও পর্যবেক্ষণ করবেন।’ এশিয়া কাপে পাকিস্তান দলের অংশগ্রহণের ব্যাপারেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
দুবাইয়ের সভার পর কাল মিরপুরের বিসিবি কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে একই কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও, ‘আইসিসির মিটিং ও মিটিংয়ের বাইরেও শ্রীলঙ্কার বোর্ড সভাপতি আশ্বস্ত করেছেন শ্রীলঙ্কা দল বাংলাদেশ সফর করবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই তারা বাংলাদেশে আসবে বলে তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।’ বিসিবির মিডিয়া-প্রধানে দাবি, সিলেটে খেলতে যাওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো আপত্তি তোলেনি এসএলসি। যদিও জানা গেছে, মাত্র একটি ম্যাচ খেলতে এতটা পথ ভ্রমণে আপত্তি আছে শ্রীলঙ্কার। দুটির বেশি ভেন্যুতে খেলতে রাজি নয় তারা। ২৪ জানুয়ারি শ্রীলঙ্কা দলের বাংলাদেশে আসার কথা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা ২৭ জানুয়ারি থেকে।
বিসিবি কর্মকর্তারা শ্রীলঙ্কার আসার ব্যাপারটি নিশ্চিত করে বললেও এসএলসি-প্রধানের বক্তব্যে সেটি স্পষ্ট নয়। সভা শেষে এসএলসি সভাপতি জয়ান্থা ধর্মদাসা ক্রিকইনফোকে বলেছেন, ‘এ মুহূর্তে আমরা এটা বলতে পারি না যে আমরা (বাংলাদেশে) যাব না। বিসিবিকে আমি সেটাই বলেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আমাদের দুজন প্রতিনিধি সেখানে যাবেন।’ এসএলসি আগেও বলেছিল, নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।
কালকের সভায় আলোচনা হয়েছে এশিয়া কাপের নিরাপত্তা নিয়েও। ‘সবাই জানতে চেয়েছেন আমরা কী রকম নিরাপত্তা দেব। আমাদের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে মিটিং করে আমরা সবাইকে একটা পরিকল্পনা দিয়েছি। তারা তাতে সন্তুষ্ট’—বলেছেন জালাল ইউনুস। বাংলাদেশে এশিয়া কাপ হওয়া নিয়ে তাই আর কোনো সংশয় দেখছেন না তিনি, ‘এশিয়া কাপ সময়মতো এখানেই হবে। মিটিং ও মিটিংয়ের বাইরে দুই জায়গাতেই তা নিশ্চিত করা হয়েছে।’
শ্রীলঙ্কা সিরিজটা ঠিকঠাকভাবে হয়ে গেলে ২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকায় এশিয়া কাপ হতেই পারে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির ধারাবাহিকতায় পাকিস্তান দল তাতে অংশ নেয় কি না, সেটা একটা প্রশ্ন। প্রশ্নটা কালকের সভায়ও উঠেছিল বলে জানালেন জালাল ইউনুস, ‘যেহেতু এখানে রাজনৈতিক কিছু সমস্যা হয়েছে, তাদের (পাকিস্তান) বিরুদ্ধে কিছু প্রতিবাদ হয়েছিল, সে জন্য সভায় পাকিস্তানের বোর্ড সভাপতি জানতে চেয়েছেন, বাংলাদেশে আসলে তাদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে কি না। আমাদের বোর্ড সভাপতি তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’ বিসিবি সভাপতির দেওয়া বিবৃতিতেও তাই বলা আছে। তবে বিসিবির আশ্বাসে পুরোপুরি আস্থা না রেখে শ্রীলঙ্কার মতো পাকিস্তানও নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবে বাংলাদেশে। আসতে পারে ভারতের প্রতিনিধিদলও।
আইডিআইর সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়নি। তবে ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় আইসিসির বোর্ড সভার আলোচ্যসূচিতে অবধারিতভাবেই থাকবে সেটি। বাংলাদেশের ক্রিকেটকে এখন তাই তাকিয়ে থাকতে হবে ওই সভার দিকেও।