বিসিবি একাদশের কাছে জাতীয় দলের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার আগে আজ খুলনায় বিসিবি একাদশের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় দল। প্রস্তুতিমূলক এই ম্যাচে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে মুশফিক বাহিনী। চমত্কার দলগত ব্যাটিং-নৈপুণ্যে পাঁচ বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৩ রান সংগ্রহ করে ফেলে আসিফ আহমেদের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেছেন ইমরুল কায়েস।জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বিসিবি একাদশ। উদ্বোধনী জুটিতে ৭১ রান সংগ্রহ করে ভালো সূচনা করেন ইমরুল কায়েস ও জহুরুল ইসলাম। এরপর অল্প সময়ের মধ্যে জহুরুল ও সৌম্য সরকারের উইকেট হারায় বিসিবি। কিন্তু মিডল অর্ডারের চমত্কার দলগত ব্যাটিং-নৈপুণ্যে জয় তুলে নিতে সমস্যা হয়নি তাদের। মমিনুল হকের ৪৫, আসিফ আহমেদের ৩৪, জিয়াউর রহমানের ৫১* ও ফরহাদ রেজার ৩৮* রানের ইনিংসগুলোর সুবাদে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বিসিবি একাদশ। বাংলাদেশ জাতীয় দলের পক্ষে দুটি উইকেট পেয়েছেন মাহমুদুল্লাহ। এর আগে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের (৭২)। এ ছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম ৩৫, নাসির হোসেন ৩২ ও নাঈম ইসলাম ৩১ রান করেন। ইনিংস শেষ হওয়ার সময় ব্যক্তিগত ৩৭ রানে অপরাজিত ছিলেন মার্শাল আইয়ুব।বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন এনামুল হক জুনিয়র। দুটি উইকেট নেন ইলিয়াস সানি। এ ছাড়া আল আমিন হোসেন ও আসিফ আহমেদের শিকার একটি করে উইকেট।আজ মঙ্গলবার সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় বিসিবি একাদশ। দলীয় ৩২ রানে এনামুল হকের (৯) উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে নাঈম ইসলামকে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন তামিম।ব্যাটিংয়ে নাঈম, মুশফিকুর ও নাসির হোসেনের প্রস্তুতি ভালো হয়েছে বলা ঠিক হবে না, মোটামুটি হয়েছে। মার্শাল আইয়ুব দুর্দান্ত খেলেছেন। ৩২ বলে তাঁর ৩৭ রানের হার না-মানা ইনিংসটি না থাকলে বাংলাদেশের সংগ্রহ আরও কম হতে পারত।স্বাগতিকদের প্রস্তুতি ম্যাচ খেলা এমনিতেই বিরল। ওয়ানডে সিরিজের আগে তো আরও বিরল। তবে বাংলাদেশ দল প্রায় ৮ মাস পর ওয়ানডে খেলতে যাচ্ছে বলে বিসিবি একাদশের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচটির আয়োজন করা হয়। কাল বুধবার বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৩০ নভেম্বর। প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে খুলনায়। বাকি ম্যাচগুলো হবে মিরপুরে।