বিসিবি-এনএসসিকে কারণ দর্শানো নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির নির্বাচনপ্রক্রিয়া কেন বাতিল করা হবে না—জানতে চেয়ে গতকাল বিসিবি, এনএসসি ও প্রধান নির্বাচন কমিশনারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালত। জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ২৪ ঘণ্টা।

এর আগে বিসিবির নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রণয়নে অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে আদালতে অভিযোগ দায়ের করেন দ্বিতীয় বিভাগ ক্রিকেটের দল নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি ও তৃতীয় বিভাগের তিন দল সোনার বাংলা ক্লাব, মিরপুর বয়েজ এবং হিল্লোল যুব সংঘের প্রতিনিধিরা। তাঁদের হয়ে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. জিয়াউল হক।

মামলার আরজিতে বলা হয়, খসড়া ভোটার তালিকা প্রণয়ন করতে গিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগের ক্রমতালিকা মানা হলেও মানা হয়নি দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্রমতালিকা। গঠনতন্ত্র অনুযায়ী ক্লাবের সর্বশেষ লিগের ক্রমতালিকা অনুসারে কাউন্সিলর হওয়ার কথা থাকলেও দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ২০১২-১৩ মৌসুম বাদ দিয়ে ২০১১-১২-এর ক্রমতালিকা অনুসরণ করা হয়েছে।

বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কারণ দর্শানো নোটিশ পাওয়ার কথা স্বীকার করে কাল রাতে টেলিফোনে বলেছেন, ‘আমরা নোটিশ পেয়েছি। আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করছে।’