তামিম ইকবালকে এখনো এক টাকাও না দেওয়ার কথা স্বীকার করেছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তবে দায়টা তিনি নিজের কাঁধে নিতে রাজি নন। আইকন খেলোয়াড়দের কত টাকা দিতে হবে, বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছ থেকে এখনো সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা পাননি বলেই নাকি দিতে পারছেন না তামিমের টাকা।কাল টেলিফোনে সামির কাদের চৌধুরী বলেছেন, ‘তামিমকে কত টাকা দেব, তা জানতে চেয়ে আমরা বোর্ডকে চিঠি দিয়েছি। প্রায় প্রতিদিনই ফোন করছি। বোর্ড না বললে আমি কীভাবে টাকা দেব? তামিম বিপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। আমরা বলেছি, বোর্ড যেন সেটা বিবেচনা করে জানায় তাঁকে কত দিতে হবে।’ বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও স্বীকার করেছেন সামিরের দাবি, ‘চিটাগং কিংস অনেক আগেই চিঠি দিয়ে এটা জানতে চেয়েছে। এর মধ্যে তামিমও আমাদের জানিয়েছেন, তিনি কোনো টাকা পাননি। আমরা দ্রুতই বসে এটা ঠিক করে ফেলব।’তামিমকে দেওয়া এক কোটি টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে সামির বলেছেন, ‘চেকটা অনেক আগে দিয়েছিলাম। পরে সেটা আমরাই আটকে দিই। তামিমকে চেক দেওয়ার পর জানতে পারি, আইকনদের টাকা কমে এক লাখ ডলার হতে পারে। এক লাখ ডলারে আসে ৮০ লাখ টাকার মতো। ১০ শতাংশ ট্যাক্স বাদ দিলে থাকে ৭২ লাখের মতো। তা হলে আমরা কেন ১ কোটি টাকা দেব?’ সামির দাবি করেছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দেশি-বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক তাঁরাই সবচেয়ে বেশি শোধ করেছেন। রাজস্ব বোর্ডকে দেওয়া করের পরিমাণও তাঁদেরই সবচেয়ে বেশি।বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে তামিমকে মিথ্যা বলার প্ররোচনা দেওয়ার কথাও অস্বীকার করেছেন তিনি, ‘এটাই যদি হবে, তা হলে গভর্নিং কাউন্সিলের কাছে আমি নিজে কেন জানতে চাইব তামিমকে কত টাকা দিতে হবে?’তামিম বিপিএলে দুই ম্যাচ খেলেছেন ধরেই টাকাটা দিতে চান সামির। তাঁর দাবি, ‘দল নির্বাচন করেছে টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারবে। তবে আমার জানামতে, তামিম আট ম্যাচে অ্যাভেইলেবল ছিলেন না। ফিজিও খেলতে পারবে বললেও তামিম খেলেননি।’ বিপিএলের নিয়ম অনুযায়ী চোট বা ব্যক্তিগত সিদ্ধান্তে না খেললে সংশ্লিষ্ট ম্যাচের টাকা পাবেন না খেলোয়াড়েরা। খেলার মতো অবস্থায় থাকার পরও একাদশে সুযোগ না পেলে খেলোয়াড়কে ম্যাচের পুরো টাকাই দেওয়ার কথা।