বিসিবি সভাপতিকে প্রধান নির্বাচকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে থাকা ২৫ ক্রিকেটার তো আছেনই, আছেন জাতীয় দলে সর্বশেষ ডাক পাওয়া মোহাম্মদ আশরাফুলও। সঙ্গে বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও পেসার তাসকিন আহমেদকে নিয়ে সংখ্যাটা কাল পর্যন্ত ২৮। আজ যোগ হতে পারেন আরও দুজন। এই ক্রিকেটারদের আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্বের বাইরে রাখার অনুরোধ করে কাল বিসিবি সভাপতিকে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান।বিপিএল শেষে ক্রিকেটারদের অনেকেই শরীরে বইছেন ছোটখাটো চোট। তা ছাড়া মার্চের শ্রীলঙ্কা সফরের পর পর এপ্রিলে বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়েতে। সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কা সফরের ১৫ জনের টেস্ট দল থেকে চোট নিয়ে এর মধ্যেই তিনজনের বাইরে চলে যাওয়াটা শঙ্কিত করে তুলছে আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের নির্বাচক কমিটিকে। দুই সফরেই টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্যও দলে কিছু পরিবর্তনের চিন্তা আছে। এ সময়টায় সম্ভাব্য কোনো ক্রিকেটারকেই তাই চোখের আড়াল করতে চায় না নির্বাচক কমিটি। বিসিবির সভাপতি নাজমুল হাসানের কাছে তাঁদের লিগের বাইরে রাখার অনুরোধ সে কারণেই করেছে নির্বাচক কমিটি।এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলামের টেস্ট দল থেকে ছিটকে যাওয়াই বুঝিয়ে দিয়েছে বিপিএলে খেলোয়াড়েরা চোট-আঘাত থেকে কতটা মুক্ত রাখতে পেরেছেন। উল্টো অভিযোগ আছে, অনেক খেলোয়াড়ই খেলা চালিয়ে গেছেন চোট নিয়ে। বিসিবির ফিজিও-চিকিৎসকদের পরামর্শ মানেননি কোনো খেলোয়াড় বা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির ফিজিওরা। বোর্ড সভাপতিকে দেওয়া চিঠিতে এসব নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচকের পরামর্শ, প্রিমিয়ার লিগে খেলার পরিবর্তে এই ২৮-৩০ ক্রিকেটারকে যেন একাডেমির আওতায় রেখে ফিটনেস ট্রেনিং করানো হয়। তাতে নতুন করে চোট পাওয়ার শঙ্কা কমবে, পুরোনো চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়াও হবে মসৃণ। তবে প্রথম সারির ২৮-৩০ ক্রিকেটার না খেললে অনিশ্চয়তায় পড়ে যেতে পারে প্রিমিয়ার লিগই। সভাপতিকে দেওয়া প্রধান নির্বাচকের চিঠির অনুলিপি পেয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেনও, ‘আমি চিঠিটা পেয়েছি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। তার আগে ক্রিকেট অপারেশনসের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে।’