বিসিবি সভাপতির বিরুদ্ধে লুৎফরের অভিযোগ
বিসিবির নির্বাচন নিয়ে কথা বলতেই সংবাদ সম্মেলন ডেকেছিলেন গাজী ট্যাংকের কাউন্সিলর লুৎফর রহমান। নির্বাচন এবং নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করা নিয়ে কিছু কথাও বললেন। তবে কাল দুপুরে পূর্বাণী হোটেলের সংবাদ সম্মেলনের মূল উপজীব্য বিষয় হয়ে দাঁড়াল প্রিমিয়ার ক্রিকেট লিগের বিতর্কিত আম্পায়ারিং। বিসিবির সভাপতি নাজমুল হাসানের বিরুদ্ধে লুৎফর রহমানের সরাসরি অভিযোগ, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, বোর্ডের সভাপতি আম্পায়ারদের প্রভাবিত করার কাজে জড়িত।’
পরশু ফতুল্লায় আবাহনীর বিপক্ষে ম্যাচে গাজী ট্যাংকের ছয় ব্যাটসম্যান এলবিডব্লু হয়েছেন। এর মধ্যে নিউজিল্যান্ডের ক্রিকেটার জ্যাকব ওরামেরটিসহ চারটি সিদ্ধান্ত নিয়ে মাঠেই আপত্তি তুলেছিলেন গাজী ট্যাংকের মালিক লুৎফর রহমান। পরে অবশ্য ম্যাচ জিতেছে গাজী ট্যাংকই। তার পরও সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই ক্ষোভে ফেটে পড়লেন তিনি, ‘যে আম্পায়ার এবারের লিগে এর আগে একটা ম্যাচও পরিচালনা করেননি সেই ওয়াহিদ চৌহানকে এ ম্যাচে নিয়ে এসেছে আবাহনী। বিদেশি ক্রিকেটারদের সামনে এ ধরনের আম্পায়ারিং আমাদের লজ্জায় ফেলেছে।’ সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে আসা গাজী ট্যাংকের তিন বিদেশি ক্রিকেটার ওরাম এবং পাকিস্তান বংশোদ্ভূত উসমান তারিক ও আরশাদ জায়েদিও বললেন, পরশুর ম্যাচে আম্পায়ারদের বেশ কয়েকটি সিদ্ধান্তই ছিল প্রশ্নবিদ্ধ।
নিম্নমানের আম্পায়ারিংয়ের জন্য বোর্ডের সভাপতিকে দায়ী করে লুৎফর রহমানের অভিযোগ, ‘উনি (বিসিবি সভাপতি) ওনার নিজের অফিসের লোককে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান করেছেন। সেখান থেকেই এসব হচ্ছে। কোনো অফিসের লোক ক্রিকেট বোর্ডের সদস্য হয়, এই প্রথম দেখলাম।’ আম্পায়ার্স কমিটির প্রধান ইসমাইল হায়দার বর্তমানে ব্রাদার্সের কাউন্সিলর হলেও একসময় তিনি ছিলেন আবাহনীতে। আর নাজমুল হাসান তো আবাহনীরই কাউন্সিলর। এ ছাড়া এবারের নির্বাচনে ঠিকানা বদলে বিভিন্ন ক্লাবের কাউন্সিলর হওয়া অনেকেরই মূল আশ্রয় আবাহনী। সেদিকে ইঙ্গিত করে লুৎফর রহমান তুলেছেন যৌক্তিক প্রশ্ন, ‘আবাহনীর আট-দশজন এবার বিভিন্ন জায়গা থেকে কাউন্সিলর হয়েছেন। দেশে কি আর লোকজন নেই? তাদের দল তো লিগে ৭ ম্যাচের ছয়টাতেই হেরেছে। যারা একটা দলই সংগঠিত করতে পারে না, তারা কীভাবে বোর্ড চালাবে?’
মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁকে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ লুৎফর রহমানের। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘আত্মবিশ্বাস ছিল, নানা প্রতিকূলতার মধ্যেও আমি জয়ী হব। কিন্তু জয়ের পর এই মহলের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে নিজেকে ব্যবহূত হতে দিতে চাইনি।’
এ ছাড়া বিপিএল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বিসিবির বিরুদ্ধে অনেক অনিয়ম আর দুর্নীতির অভিযোগও তুলেছেন লুৎফর রহমান।